পোশাক শ্রমিকদের প্রকৃত মজুরি ১৯ হাজার টাকা
ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা বলায় বায়ারদের কাছে ভুল বার্তা যাচ্ছে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একজন পোশাক শ্রমিক মাসে আসলে কত টাকা বেতন-ভাতা পান-তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। কিন্তু বাস্তবতা কি তাই? সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে-কারখানাভেদে ও দক্ষতা অনুযায়ী একজন পোশাক শ্রমিক মাস শেষে ‘টেক হোম’ বা বাসায় মজুরি নিয়ে যান সর্বনিম্ন ১৬ হাজার থেকে ১৯ হাজার টাকা। কিন্তু প্রচারের ক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম মজুরির নামে সংখ্যাটা ১২ হাজারের ঘরে আটকে দেওয়ায় বিদেশি বায়ারদের কাছে ভুল বার্তা যাচ্ছে।
বর্তমান প্রেক্ষাপটে এ বিষয়ে পোশাক মালিকদের কেউ মন্তব্য করতে রাজি হননি। তাদের অনেকে যুগান্তরকে বলেন, বাস্তবতা বিবেচনায় তারা শ্রমিকদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। তবে এ খাতের সমস্যা নিয়ে আলাপ করতে হলে সব পক্ষের বাস্তব অবস্থাকে সামনে আনতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান যুগান্তরকে বলেন, কাজের কোনো ধরনের অভিজ্ঞতা না সত্ত্বেও যেই ছেলে বা মেয়েটি আজ গার্মেন্ট হেলপার হিসাবে চাকরি নিয়েছে, মাস শেষে ওভারটাইম, হাজিরা বোনাসসহ সেই মানুষটা ১৬-১৮ হাজার টাকা বেতন নিয়ে বাসায় ফিরছে। কারখানার ধরন ও শ্রমিকের দক্ষতাভেদে এর সামান্য তারতম্য হতে পারে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে- শ্রমিকদের বেতন নিয়ে যখন সরকার, সুশীল সমাজ বা বিভিন্ন দেশি-বিদেশি মহলে আলোচনা হয়, তখন কেবল ন্যূনতম মুজরি সামনে আনা হয়। প্রকৃত মজুরি নিয়ে কেউ কথা বলে না। পাশাপাশি তিনি এও বলেন, জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। সঙ্গতকারণে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিও যৌক্তিক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গার্মেন্ট মালিক যুগান্তরকে বলেন, বর্তমানে সব কারখানাতেই চতুর্থ গ্রেডের শ্রমিকরা ১২ হাজার ৫০০ টাকার বেশি বেতন পাচ্ছেন। ওভারটাইম ও অন্যান্য সুযোগ-সুবিধা যোগ হলে একজন সাধারণ শ্রমিকের মাসিক আয় ১৬ থেকে ১৯ হাজার টাকায় দাঁড়াচ্ছে। তবে এই হিসাব সব শ্রমিকের ক্ষেত্রে সমান নয়। কারখানায় কাজের সুযোগ, ওভারটাইমের পরিমাণ, উপস্থিতি এবং শ্রমিকের দক্ষতার ওপর প্রকৃত আয় নির্ভর করে।
২০২৩ সালের মজুরি কাঠামো পর্যালোচনায় দেখা যায়, পোশাকশিল্পে শ্রমিকদের কাজের ধরন ও দক্ষতার ভিত্তিতে ৪টি গ্রেডের মধ্যে প্রথম থেকে চতুর্থ গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চতুর্থ গ্রেডের হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিসট্যান্টদের সর্বসাকুল্যে মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা। দ্বিতীয় গ্রেডের সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর এবং বিশেষায়িত কাজে নিয়োজিত সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা। অন্যদিকে প্রথম গ্রেডের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের সর্বসাকুল্যে মাসিক মজুরি ১৫ হাজার ৩৫ টাকা।
কারখানা মালিকদের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত এই মজুরির বাইরে ওভারটাইম ও উপস্থিতি বোনাসসহ বিভিন্ন ভাতা যুক্ত হওয়ায় শ্রমিকদের হাতে পাওয়া অর্থের পরিমাণ বেড়ে যায়। বিশেষ করে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের ক্ষেত্রেই মূল মজুরির সঙ্গে অতিরিক্ত কাজের পারিশ্রমিক যোগ হয়ে মাসিক আয় ১৬ থেকে ১৯ হাজার টাকায় পৌঁছায়। শ্রমিকদের মজুরি নিয়ে আলোচনা বা দাবি-দাওয়ার ক্ষেত্রে শুধু নির্ধারিত নিম্নতম মজুরির হিসাব বিবেচনায় নেওয়া যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ কাগজে-কলমে ঘোষিত মজুরি এবং একজন শ্রমিক মাস শেষে বাস্তবে কত টাকা পাচ্ছেন, এই দুই হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে।
এদিকে এমপ্লায়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান যুগান্তরকে আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়েছে। যার ফলশ্রুতিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এটাও সত্য-বিশ্ব বাজারে তৈরি পোশাকের দাম ও চাহিদা দুটোই কমছে। পক্ষান্তরে দেশে ব্যাংক ঋণের উচ্চসুদ, কাস্টমস-বন্দর সংক্রান্ত জটিলতা, পরিবহণ ব্যয় বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন খরচ বাড়ছে। অর্থাৎ একদিকে গার্মেন্টের আয় কমছে, অন্যদিকে শ্রমিকদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক খরচ বাড়ছে। তার ওপর চলমান আন্দোলনের কারণে অনেক অর্ডার পার্শ্ববর্তী দেশে চলে যেতে শুরু করেছে। এ অবস্থায় গার্মেন্ট শিল্প টিকিয়ে রাখাই দুঃসাধ্য হয়ে পড়ছে।
তার মতে, শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি যৌক্তিক হলেও কত টাকা নির্ধারণ করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের উৎপাদন ব্যয়, রপ্তানি বাজার, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং ক্রেতাদের মূল্য দেওয়ার সক্ষমতা বিবেচনায় নিতে হবে।
