মজুরি বোর্ড গঠনের পরও জ্বালাও-পোড়াও
গার্মেন্টে সহিংসতার পেছনে কারা
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে মজুরি বোর্ড গঠন করেছে সরকার। ইতোমধ্যে বোর্ডের দুটি সভাও হয়েছে। ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকরের আশ্বাসও দেওয়া হয়েছে। অর্থাৎ শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রক্রিয়া চলছে। এরপরও থামছে না সহিংসতা। রোববারও কোথাও ভাঙচুর, কোথাও অগ্নিসংযোগ, আবার কোথাও কারখানায় হামলা হয়েছে। উৎপাদন বন্ধের ঘটনাও ঘটছে। শ্রমিক নেতারাও বলছেন, এই আন্দোলনে তাদের সহযোগিতা কিংবা সমর্থন কোনোটাই নেই। ফলে সব মহল থেকে একই প্রশ্ন-তাহলে আন্দোলনের নামে এসব সহিংসতায় কারা জড়িত? শ্রমিকদের দাবি সামনে রেখে পেছন থেকে কারা পরিস্থিতি উসকে দিচ্ছে?
সরকারের একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আন্দোলনের নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ জন নেতা ও ব্যবসায়ীকে তারা চিহ্নিত করেছে। এর মধ্যে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক এমপি আবদুস সালাম মুর্শেদী, খসরু চৌধুরী, ইকবাল হোসেন সবুজ এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম অন্যতম। তবে অন্য একটি সূত্র বলছে, আন্দোলনে রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি আরও দুটি গ্রুপ থাকতে পারে। যেসব শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হয়েছে, তারা সামনে রয়েছে। এছাড়া ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের একটি গ্রুপ সম্পৃক্ত হয়েছে। আর ব্যবসায়ীরা বলছেন, এটি মজুরি দাবি না; অন্য খেলা। তাদের আশঙ্কা এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের অর্থনীতি মারাত্মক সমস্যায় পড়বে।
বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৬ দিন ধরে আন্দোলন করছে পোশাক শ্রমিকদের একটি অংশ। তারা ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি করছেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধির জন্য ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডে শ্রমিক, মালিক এবং সরকারসহ সবপক্ষের প্রতিনিধি রয়েছেন। বোর্ড ইতোমধ্যে দুই দফা বৈঠক করেছে। তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী মাস অর্থাৎ ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন স্কেলে বেতন পাবেন। এরপর শ্রমিক নামধারী একটি পক্ষ আন্দোলন, জ্বালাও-পোড়াও এবং ভাঙচুর করছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ১৪৭টি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এছাড়াও আন্দোলন অব্যাহত থাকলে অন্যান্য কারখানাও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন এ খাতের মালিকদের সংগঠন গার্মেন্টস মেনুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতারা। শনিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির সভাপতি মাহমুদ হাসান খান।
এদিকে শ্রমিক আন্দোলনে নেপথ্যে ৯ নেতার সম্পৃক্তা পেয়েছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। এর মধ্যে রয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ, ঢাকা-১৮ আসনের সাবেক এমপি ঢাকা উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং নিপা গ্রুপের মালিক খসরু চৌধুরী, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক, খুলনা-৪ আসনের সাবেক এমপি ও অলিও অ্যাপারেলসের মালিক আব্দুস সালাম মুর্শেদী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাত্তাব মোল্লা, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি ইকবাল হোসেন সবুজ। শেখ হাসিনার ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা বাস্তবায়ন করতে তারা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।
জানতে চাইলে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার রোববার যুগান্তরকে বলেন, ‘আমরা এ ধরনের কর্মকাণ্ডের পক্ষে নই। এতে (আন্দোলনের নামে ভাঙচুর জ্বালাও পোড়াও) আমাদের সমর্থন নেই। সব সময় শ্রমিক ভাইবোনদের বলে আসছি এটা বন্ধ করতে হবে। তোমরা যৌক্তিক আন্দোলন করো। দ্রুত কাজে ফিরে যাও। কাজমুখী হও। কিন্তু তারা শুনছে না। তাদের নানাভাবে বলছি, বুঝানোর চেষ্টা করছি।’ আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা তৃতীয় কোনো পক্ষের উসকানি আছে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছুটা তো আছেই।’ পরিস্থিতির উন্নয়নে শ্রমিক নেতাদের কী করণীয় আছে, জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে গার্মেন্টস শিল্প এমন একটি বাজে পরিস্থিতিতে পড়েছে, যা আমাদের কাম্য নয়। এজন্য নেতৃবৃন্দের পক্ষ থেকে শ্রমিকদের দায়িত্বশীল আচরণ করতে বলা হচ্ছে।’
জানতে চাইলে স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ‘এই আন্দোলন বিদেশে ভুল বার্তা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিকায় শ্রমিক নেতাদেরও আরও দায়িত্বশীল হতে হবে। তাদের কাছে যে পরিমাণ দায়িত্বশীলতা প্রত্যাশা করি, তা দেখতে পাচ্ছি না। একদিকে মজুরি কমিশন নিয়ে বৈঠক ও আলোচনা চলবে, অন্যদিকে সহিংসতা ও অস্থিরতাও চলবে-এভাবে কোনো শিল্প পরিচালিত হতে পারে না। ক্রেতারাও বুঝতে পারছেন না, এই পরিস্থিতির শেষ কোথায়।’
এ অবস্থায় করণীয় কী জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথম কাজ হচ্ছে, দেশে দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা। নিজেদের পক্ষ থেকে বাজার ধরে রাখতে ও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তবে এ ক্ষেত্রে সরকারের সহযোগিতাও প্রয়োজন। নতুন সরকারকে শ্রমিকবান্ধব ও শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে ইতিবাচক বার্তা দিতে হবে। আমাদের দূতাবাসগুলোর মাধ্যমেও ক্রেতাদের জানাতে হবে, বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং এই স্থিতিশীলতা বজায় থাকবে। কারণ, ক্রেতারা এখন শুধু বর্তমান পরিস্থিতি দেখছেন না, ভবিষ্যতে আবারও একই ধরনের অস্থিরতা তৈরি হবে কি না, সেটিও বিবেচনা করছেন।’
জানতে চাইলে জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি নুরুল আমিন রোববার যুগান্তরকে বলেন, ‘পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে বোর্ড গঠিত হয়েছে। সেখানে সবপক্ষের প্রতিনিধি আছেন। মজুরি চূড়ান্ত করতে আলোচনা চলছে। এরপরও আন্দোলনের নামে এ ধরনের কর্মকাণ্ড আমি এবং আমার সংগঠন কোনোভাবেই সমর্থন করে না। এখনো আন্দোলন অব্যাহত রাখার যুক্তি দেখি না। অনেকবার আন্দোলন বন্ধের আহ্বান জানিয়েছি। কিন্তু তারা শুনছে না।’ তিনি প্রশ্ন রাখেন-‘শিল্প ধ্বংস করে কোনো আন্দোলন হতে পারে?’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই আন্দোলনের নেপথ্যে কারা তা আমরা জানি না। শুনেছি টাকা দিয়ে কেউ কেউ আন্দোলন করাচ্ছে। কিন্তু আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। সরকারের গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করে বেড় করতে পারবে।’
গার্মেন্টস শ্রমিক উন্নয়ন ফেডারেশনের সভাপতি মো. হারুন অর রশিদ যুগান্তরকে বলেন, ‘শ্রমিকদের দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মজুরি বোর্ডও গঠন হয়েছে। এরপর আন্দোলন কিসের? এই আন্দোলনে আমাদের সহযোগিতা বা সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না।’ তিনি বলেন, ‘আন্দোলন অব্যাহত থাকার পেছনে দুটি বিষয় থাকতে পারে। প্রথমত, মালিকরা কিছু শ্রমিককে কালো তালিকায় (ব্লাক লিস্টেড) রেখেছেন। সব গার্মেন্টস মিলিয়ে এদের সংখ্যা লক্ষাধিক। এরা কোথাও আর চাকরি পাচ্ছে না। কেউ তাদের কাজ দিচ্ছে না। তারা রাস্তায় রাস্তায় ঘুরছে। এরা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারে। দ্বিতীয়ত, সরকার মিরপুরসহ বিভিন্ন এলাকায় হকার উচ্ছেদ করেছে। তাদের সংখ্যাটা বিশাল। এরাও আন্দোলনে যুক্ত হাতে পারে। তবে সঠিক বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থা বের করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘প্রকৃত শ্রমিকরা ভাঙচুর চালাচ্ছে এটি আমরা মানতে রাজি নই। তারা ইতোমধ্যে কাজে ফিরে গেছে।’ হারুন অর রশিদ বলেন, ‘সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির প্রতি গুরুত্ব দিয়েছে। ফলে শ্রমিকরা আন্দোলন করবে কেন? মজুরি বোর্ডের বেতন কাঠামোর সুপারিশ পছন্দ না হলে তখন আন্দোলনের প্রশ্ন আসতে পারে।’
তবে এরসঙ্গে কিছুটা ভিন্নমত পোষণ করেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। তিনি বলেন, ‘মজুরি বোর্ড গঠন হলেও শ্রমিকদের হয়রানি চলছে। মালিক পক্ষ হয়রানি করছে। শ্রমিকদের নামে করা মামলা এখনো তুলে নেওয়া হয়নি। কোনো কোনো জায়গায় সরকার দলের সমর্থকরা শ্রমিকদের ওপর হামলা করছে। এটি বন্ধ করতে হবে। এছাড়া মালিকরা যেভাবে হুমকি দিচ্ছেন, তাতে মজুরি ন্যায্যভাবে বাড়ানো হবে-এ বিষয়ে শ্রমিকরা আস্থা রাখতে পারছে না।’ এর সমাধান ভাঙচুর কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জ্বালাও পোড়াও শ্রমিকরা করছে না। আন্দোলনের মধ্যে তৃতীয়পক্ষের কেউ ঢুকে সহিংসতা করলে তা বের করার দায়িত্ব সরকারের।’ মোশরেফা মিশু বলেন, ‘৪৮ বছরেও গার্মেন্টস শিল্পে ট্রেড ইউনিয়ন করার অধিকার মিলেনি। ট্রেড ইউনিয়নের সুযোগ থাকলে শ্রমিকরা কারখানার বাইরে যেত না। কারখানার ভেতরেই প্রতিনিধিদের মাধ্যমে মালিকদের কাছে দাবি জানাত। কিন্তু সে সুযোগ রাখা হয়নি।’
