Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সিপিডির ব্রিফিংয়ে ড. দেবপ্রিয়

অর্থনীতিতে নিম্নচাপ

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ১৮-২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ * শ্রম অসন্তোষের দায় সরকারের * দুর্নীতির দায় কি শ্রমিক তার মজুরি দিয়ে দেবে?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অর্থনীতিতে নিম্নচাপ

Advertisement

অর্থনীতিতে নিম্নচাপ চলছে-এমন মন্তব্য করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শেষ বিচারে শ্রম অসন্তোষের দায় সরকারের। কেননা সরকার সময়মতো মজুরি বোর্ড করেনি। যখন সরকারি বেতন কাঠামো দেওয়া হয়েছে, এর পাশাপাশি অন্যদের মজুরি নির্ধারণের উদ্যোগ হয়নি।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শিরোনামে আয়োজিত ব্রিফিং-এ সিপিডির সুপারিশ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এতে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮-২৪ হাজার টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। ড. দেবপ্রিয় বলেন, অর্থনীতিতে একটা নিম্নচাপ চলছে। উদ্যোক্তারাও অসুবিধার মধ্যে আছেন, এটা সত্য। কিন্তু সরকারের আচরণের ভেতর দিয়ে অথবা সংসদের কার্যকলাপের ভেতর দিয়ে এটা যথোপযুক্তভাবে প্রকাশিত হচ্ছে বলে মনে হয় না। শ্রম সম্পর্কিত বিষয়টি ক্রমান্বয়ে একটা আইনশৃঙ্খলার বিষয়ে পরিণত হলো, রাজনৈতিক বিষয়ে পরিণত হলো। তিনি বলেন, আমরা সরকারকে ভোট দিয়ে নির্বাচন করেছি, ওনারা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, ওনারা সেই প্রতিশ্রুতি পরিপালন করবেন। ওনারা সেই পরিপালন করার ক্ষেত্রে কী অগ্রগতি করবেন, সেটা নিয়মিতভাবে আমাদের জানাবেন তথ্য-উপাত্তের ভিত্তিতে। কিন্তু কী পরিহাসের বিষয়-সংসদীয় স্থায়ী কমিটিতে শ্রমের বিষয়ে কোনো আলোচনা হয়েছে? অর্থ সম্পর্কিত যে স্থায়ী কমিটি আছে, তারাও এটাকে এজেন্ডা বানিয়ে আলোচনা করেনি। অর্থাৎ সরকারের ভেতরে নিঃসন্দেহে উপলব্ধি আছে, উদ্যম নেই। উদ্যম থাকলেও উৎসাহ নেই।

ড. দেবপ্রিয় আরও বলেন, মজুরি বোর্ড সময়মতো হয়নি। এটা রাজনৈতিকভাবে অবিবেচনার কাজ হয়েছে। যখন সরকারি বেতন কাঠামো দেওয়া হয়েছে, এর পাশাপাশি অন্যদের এই শ্রমের মজুরি নির্ধারণের উদ্যোগ হয়নি। আরও বড় সমস্যা আছে, সেটা হলো অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমের মজুরি কে ঠিক করবে? আমাদের ৮০ শতাংশ শ্রমিক হলো অপ্রাতিষ্ঠানিক খাতের। তার ব্যবস্থা কে চিন্তা করে?

গার্মেন্ট মালিকদের সমালোচনা করে ড. দেবপ্রিয় বলেন, এখন যারা সুশাসনের অভাবের কথা বলছেন, তারাই তো রাজনীতিকদের পোষণ করেন। তারাই তো অর্থ দিয়ে নির্বাচনে তাদের জয়ী করেছেন। তাহলে এখন তারা কেন তাদের কাছ থেকে দুর্নীতিমুক্ত, সুশাসিত একটি অর্থনীতি আদায় করতে পারবেন না। যারা নেতৃবৃন্দ (ব্যবসায়ী নেতা) আছেন, তারা তো সরকারি দলের সঙ্গে সংযুক্ত। কেন তারা সব নাগরিকের জন্য সুশাসন নিশ্চিত করতে পারবেন না? মেহনতি মানুষের মাধ্যমে আমরা আমাদের দুর্নীতির ভর্তুকি দেব, এই সমাজে তা চলতে পারে না। তিনি আরও বলেন, যদি সুশাসনের অভাব থাকে, যদি দুর্নীতি থাকে, সেই দুর্নীতির দায় কি শ্রমিক তার মজুরি দিয়ে সমাধান করবে?

ড. দেবপ্রিয় বলেন, একটা নির্বাচিত সরকার ৮-৯ মাস হলো ক্ষমতায় এসেছে; কিন্তু যেই জায়গাটা তাদের মনোযোগ দেওয়ার জায়গা ছিল, যেটার প্রতিশ্রুতি ছিল, সেটার তো আমি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। যেসব সমস্যার কারণে আমরা এর আগে অপশাসন পেয়েছি, যে দুঃশাসন পেয়েছি, সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয়, সেটার আস্থা তো পাচ্ছি না।

ন্যূনতম মজুরি ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকা করার সুপারিশ : ন্যূনতম মজুরির সুপারিশের ক্ষেত্রে সিপিডি ৩টি মডেল অনুসরণ করেছে। এগুলো হচ্ছে-মূল্যস্ফীতি, দারিদ্র্যসীমা ও ন্যূনতম মানবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থ। ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনতে এখন লাগে ১৬ হাজার ৩৫১ টাকা। এ সময়ে শহরাঞ্চলে দ্রব্যমূল্য বেড়েছে ৩০.৮ শতাংশ। অর্থাৎ এ হিসাবে বাস্তবে শ্রমিকের কিছুই বাড়ে না। দারিদ্র্যসীমা বিবেচনায় নিলে ৪ সদস্যের পরিবারকে দারিদ্র্যসীমার ঊর্ধ্বে রাখতে মাথাপিছু খরচ দাঁড়ায় ৭ হাজার ৩৩৮ টাকা। পরিবারে আয়কারী সদস্য গড়ে ১ দশমিক ৫৮ জন ধরলে প্রতি উপার্জনকারীর মজুরি লাগে ১৮ হাজার ৫৭৮ টাকা। অন্যদিকে মানবিক জীবনযাপনের জন্য খাদ্য, অন্যান্য প্রয়োজনীয় ব্যয়, বাড়ি ভাড়া, সঞ্চয়সহ মোটামুটি মর্যাদাপূর্ণ জীবনের জন্য পরিবারের মাসিক খরচ ৩৮ হাজার ২৪৩ টাকা। এ হিসাবে প্রতি উপার্জনকারীর মজুরি ২৪ হাজার ২০৪ টাকা। ড. নাজনীন আহমেদ বলেন, শ্রম অসন্তোষের পরে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৪-৫ মাস আগে বোর্ড গঠন করা হলে অসন্তোষ এড়ানো যেত। তিনি আরও বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণ হয় মালিক ও শ্রমিকপক্ষের দরকষাকষির ভিত্তিতে। এক্ষেত্রে কোনো তথ্য-উপাত্ত বিচারবিশ্লেষণ করা হয় না। মজুরি বোর্ডের হাতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা কিংবা মজুরি হিসাবের কোনো সর্বসম্মত পদ্ধতি নেই। শ্রম আইনে ১১টি বিষয় বিবেচনার কথা বলা হলেও সেগুলো কীভাবে মাপা হবে, তা ২০ বছরেও নির্ধারণ হয়নি। শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকার মজুরি প্রস্তাব কীভাবে করেছে, তাও জানাননি। এক্ষেত্রে কম্বোডিয়ার ফর্মুলা বিবেচনা করা যেতে পারে। কম্বোডিয়া মজুরি নির্ধারণের আগে ৭টা তথ্য-উপাত্ত নেয়। এর মধ্যে রয়েছে পারিবারিক অবস্থা, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, উৎপাদনশীলতা, শ্রমবাজারের অবস্থা। এরপর ৫১টা ভোটের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়। যার মধ্যে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের ১৭ জন করে প্রতিনিধি থাকেন। সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, গার্মেন্ট মালিকদের সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দেয়। শ্রমিকদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার প্রণোদনা দিতে পারে। তাতে উদ্যোক্তার ওপর চাপ কিছুটা কমবে। শুধু মালিক ও শ্রমিকের মধ্যে মজুরির বিষয়টি রাখলে ন্যায্যতার দৃষ্টিভঙ্গি থেকে মজুরি নির্ধারণ করা যাবে না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম