Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

পোশাক খাতে ক্ষতি চার হাজার কোটি টাকা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পোশাক খাতে ক্ষতি চার হাজার কোটি টাকা

Advertisement

নূন্যতম ৩০ হাজার টাকার দাবিতে বেশ কয়েকদিন ধরে সাভার, আশুলিয়া, গাজীপুর ও মিরপুর শিল্পাঞ্চলে আন্দোলন চালিয়ে আসছেন পোশাক শ্রমিকরা। এর ফলে ইতোমধ্যে অনেক করাখানা বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবারও গাজীপুরের কয়েকটি স্থানে বিক্ষোভ এবং সড়ক অবরোধ হয়েছে। মাওনা-শ্রীপুর সড়কে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এছাড়া সাভারের আশুলিয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এদিকে অব্যাহত এই আন্দোলনের ফলে পোশাক খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতি ৩-৪ হাজার কোটি টাকা : বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) জানিয়েছে, কয়েকদিনের আন্দোলনের ফলে এ খাতে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিজিবিএ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আবদুল হামিদ বলেন, ‘পোশাক কারখানায় এক দিন উৎপাদন বন্ধ থাকলে জাতীয় অর্থনীতিতে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়।

তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরের মতো শিল্পাঞ্চলে অস্থিরতা চলায় প্রতিদিন ক্ষতির পরিমাণ বাড়ছে। এর প্রভাব পরিবহণ, ব্যাংকিং, সরবরাহ ব্যবস্থা ও রপ্তানিসংশ্লিষ্ট অন্যান্য খাতেও পড়ছে। বিদেশি ক্রেতা ও স্থানীয় উৎপাদকদের মধ্যে সংযোগকারী হিসাবে কাজ করা বায়িং হাউজগুলোও সরাসরি বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছে।

সংগঠনটির দাবি, অস্থিরতায় নতুন পণ্য উৎপাদন ও আগামী মৌসুমের জন্য নির্ধারিত পোশাকের চালান পাঠানো ব্যাহত হচ্ছে। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারলে রপ্তানিকারক ও বায়িং হাউজগুলোকে বাড়তি পরিবহণ খরচ গুনতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড় দেওয়ার চাপও বাড়বে।

আবদুল হামিদ বলেন, ‘ক্রেতাদের মনোভাব পরিবর্তনের কারণে আর্থিক চাপ আরও বাড়ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে বাংলাদেশ ভারত ও পাকিন্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় রয়েছে। দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ অস্থিরতায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের সময়মতো পণ্য সরবরাহের সক্ষমতা নিয়ে আস্থার সংকট তৈরি হচ্ছে। এতে অনেক ক্রেতা নতুন ক্রয়াদেশ দিতে দ্বিধা করছেন, আবার কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমছে।’

তিনি বলেন, ‘ক্রয়াদেশ কমতে থাকলে কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে না পারার পাশাপাশি স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। এতে দেশের রপ্তানি আয় ও হাজার হাজার শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে।’

বিজিবিএ সতর্ক করে বলেছে, ‘চলমান সংকটের প্রভাব আগামী প্রান্তিকজুড়ে পোশাক খাত ও সামগ্রিক রপ্তানি আয়ে পড়তে পারে।’

জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে স্বীকার করে সংগঠনটির সভাপতি বলেন, ‘সরকার, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ ও বিকেএমইএ’র মধ্যে দ্রুত বাস্তবসম্মত সমঝোতা জরুরি।’ আরও ক্ষতি এড়াতে দ্রুত সরকারি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে বিজিবিএ।

গাজীপুর ও শ্রীপুর : বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে তাদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেয়। দুপুর ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শ্রীপুরের বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা মাওনা চৌরাস্তার দিকে রওনা দেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেন। শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে অবস্থান নেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করেন তারা। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের তাড়িয়ে দেন। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। শ্রমিকদের প্রতিরোধে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা নিয়ে পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে।

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ওইসব কারখানা বন্ধ দেখা যায়। এছাড়া ৫ থেকে ১০টি কারখানা এদিন ছুটি দেওয়া হয়।

জিএমপির কমিশনার মো. আশিক সাঈদ জানান, ৮ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত জিএমপির বিভিন্ন থানায় হওয়া ১৫ মামলায় মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বুধবার শ্রমিকদের সঙ্গে মিশে পুলিশের জিপ গাড়িতে আগুন দেয়ার ঘটনায় জড়িত দুজনকে পেট্রোল ও একটি প্রাইভেট কারসহ আটক করা হয়েছে। তাদের একজন কার্যক্রম নিষিদ্ধ বাসন থানা আওয়ামী লীগের শিক্ষা ও মানবাধিকারবিষয়ক সম্পাদক।

সাভার : সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বৃহস্পতিবার শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। তবে আশুলিয়ার জিরাবো এবং পুকুরপাড় এলাকার কিছু কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাগুলোর সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

শিল্পপুলিশের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়ায় বন্ধ ৪১টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে শ্রম আইনের ১৩-এর ১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২৮টি। আর অন্য কারণে বন্ধ আছে ১৩টি।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন রয়েছে। সব ধরনের নাশকতা এড়াতে পুরো শিল্পাঞ্চলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আতঙ্কে বাসায় থাকতে পারছেন না শ্রমিক নেতারা-সংবাদ সম্মেলনে অভিযোগ : পুলিশের হানার কারণে শ্রমিক নেতারা বাসায় থাকতে পারছেন না বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) নেতারা। তারা জানান হয়রানির কারণে পোশাক শ্রমিক ফেডারেশনগুলোর আঞ্চলিক কার্যালয়ও বন্ধ রাখতে হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিক জোটের নেতারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন। এ সময় সংগঠনের সভাপতি মীর আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন, সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন স্বপন জানান, চলমান শ্রমিক আন্দোলনে আইবিসিভুক্ত ফেডারেশনের আঞ্চলিক পর্যায়ের ১২ জন নেতা ও বহু সাধারণ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে আন্দোলনে তৃতীয়পক্ষ বা ক্ষমতাচ্যুত সাবেক সরকারের লোকজন ঢুকে ধ্বংসাতত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। তাহলে শ্রমিক নেতাদের কেন গণহারে গ্রেফতার করা হচ্ছে?

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম