Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

সশস্ত্র বাহিনী দিবস আজ

প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

দেশেই ড্রোন উৎপাদন, সাইবার নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

ফাইল ছবি

Advertisement

একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্য সংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলে। এখন সেই সমীকরণ অনেকটাই বদলে গেছে। আকাশে ড্রোনের ঝাঁক, সাইবার হামলা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নজরদারি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট প্রযুক্তি আধুনিক যুদ্ধের চেহারা পালটে দিচ্ছে। যুদ্ধের ময়দানে সরাসরি সেনা মোতায়েনের আগেই শুরু হচ্ছে তথ্য ও প্রযুক্তির লড়াই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতেও স্পষ্ট হয়েছে, সামরিক শক্তির সংজ্ঞা এখন আর শুধু প্রচলিত অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এই পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের প্রতিরক্ষা প্রস্তুতিতেও আসছে নতুন ভাবনা। তিন বাহিনী-সেনা, নৌ ও বিমানবাহিনীর আধুনিকায়ন, ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা, সমুদ্রসীমায় নজরদারি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগ সামনে এসেছে। ফলে ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে জন্ম নেওয়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৫৫ বছরের অভিযাত্রায় লাগছে আধুনিক ছোঁয়া।

আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিবসটি উদ্যাপিত হচ্ছে। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এ কারণে দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দেশের সব সেনানিবাস, নৌ ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত হবে। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্ম-ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা। এদিকে এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জাতীয় ইতিহাসে এটি একটি গৌরবোজ্জ্বল দিন।

আইএসপিআর জানায়, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া তিন বাহিনী প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় দূতাবাসের কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। এছাড়া দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস/ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আধুনিকায়নে তিন বাহিনীর নতুন পরিকল্পনা : পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতা বিবেচনায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন নিয়ে সরকারের একাধিক পরিকল্পনা সামনে এসেছে। গত ৮ জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আগামী এক দশকে সেনাবাহিনীর আধুনিকায়নে প্রায় ৮৬ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল ও সাবমেরিন সংগ্রহ এবং বিমানবাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়। এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, শুধু সামরিক সরঞ্জাম সংগ্রহ নয়, প্রযুক্তিগত সক্ষমতা অর্জনেও গুরুত্ব দেওয়া।

গত ২ সেপ্টেম্বর সংসদে প্রধানমন্ত্রী জানান, সশস্ত্র বাহিনীর সাইবার নিরাপত্তানীতি পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি দেশে ড্রোন উৎপাদনের সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমুদ্রসীমায় নজরদারি ও পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়ার সক্ষমতা বাড়ানোর উদ্যোগও রয়েছে। অন্যদিকে, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে বিদেশনির্ভরতা কমাতে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার উদ্যোগ নতুন মাত্রা পেয়েছে।

সোমবার যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিএন্ডএস) কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আধুনিক যুদ্ধক্ষেত্রের ক্রমপরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন।

বিএনপির র‌্যালি : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আজ রাজধানীতে র‌্যালি করবে বিএনপি। সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

সশস্ত্র বাহিনী দিবস শনিবার, সেনাকুঞ্জে সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস শনিবার, সেনাকুঞ্জে সংবর্ধনা

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কোন র‌্যাংকে কত?

সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণ, কোন র‌্যাংকে কত?

অবসরপ্রাপ্ত সেনাদের জন্য ‘এক পদ, এক বেতন’ বাস্তবায়নের নির্দেশ

প্রতিরক্ষা উপদেষ্টার সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন অবসরপ্রাপ্ত সেনাদের জন্য ‘এক পদ, এক বেতন’ বাস্তবায়নের নির্দেশ

আরও পড়ুন

‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম