Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

টিটন হত্যায় সুইডেন আসলাম রিমান্ডে

আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকার অপরাধ জগতে

সিরাজুল ইসলাম

সিরাজুল ইসলাম

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকার অপরাধ জগতে

Advertisement

রাজধানীর অপরাধ জগতে পুরোনো প্রভাব ও আধিপত্য ফিরিয়ে আনার চেষ্টার মধ্যেই ধরা পড়লেন নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম। রোববার গভীর রাতে থাইল্যান্ডে পাড়ি জমানোর আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। আরেক শীর্ষ সন্ত্রাসী চাঞ্চল্যকর টিটন হত্যা মামলায় সোমবার গ্রেফতার দেখিয়ে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় এক মাসের গোয়েন্দা নজরদারির পর আসলামের এই আকস্মিক গ্রেফতারে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে।

এদিকে টিটন হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনায় আসলামের সম্পৃক্ততার বিষয় খতিয়ে দেখার পাশাপাশি তার বিদেশ যাতায়াতের রহস্য ও ডিসেম্বরকেন্দ্রিক নাশকতার কোনো যোগসাজশ আছে কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

সূত্র জানায়, দীর্ঘদিন কারাগারে থাকলেও পুরোনো পরিচিতি ও প্রভাবের কারণে অপরাধ জগতের একটি অংশে সুইডেন আসলামের আলাদা গুরুত্ব ছিল। তার গ্রেফতারের পর তার ঘনিষ্ঠ সহযোগী ও অনুসারীরা গ্রেফতার এড়াতে গা-ঢাকা দেওয়ার চেষ্টায় করছে। পাশাপাশি ফাঁকা মাঠ ও প্রভাবের জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে পিচ্চি হেলাল বলয়সহ প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলো।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, সুইডেন আসলামকে গ্রেফতারের মধ্য দিয়ে আন্ডারওয়ার্ল্ডে একটি শক্ত বার্তা দেওয়া হয়েছে। তার মতো শীর্ষস্থানীয় একজন গ্রেফতার হলে অন্য সন্ত্রাসীদের বেলায় কী ঘটতে পারে তা নিয়ে সন্ত্রাসীদের ভেতরেও চলছে নানা আলোচনা। অপরদিকে সক্রিয় হয়ে ওঠা শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য, চাঁদাবাজি, পালটাপালটি খুনোখুনি এবং ডিসেম্বর ঘিরে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার প্রেক্ষাপটে আসলামের গ্রেফতার অপরাধ জগতের বড় ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুলিশের একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও চাঞ্চল্যকর ঘটনায় সুইডেন আসলামের নাম উঠে আসছিল। তিনি যাতে দেশ ছাড়তে না পারেন, সেজন্য সতর্কতা জারি করা হয়েছিল বিমানবন্দরে। কয়েক দিন আগে তিনি থাইল্যান্ড থেকে দেশে ফেরেন। ফের তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে সূত্র জানায়। তবে থাইল্যান্ড হয়ে অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আন্ডারওয়ার্ল্ডের একাধিক সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে কোনো স্থায়ী ঐক্য নেই। স্বার্থ ও এলাকাভিত্তিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জোট ও বিরোধ প্রতিনিয়ত বদলায়। টিটন ছিলেন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। গত ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় গুলিতে নিহত হন পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসী তালিকার ২ নম্বর আসামি খন্দকার নাঈম আহমেদ টিটন। সেই টিটন হত্যা মামলায় পিচ্চি হেলালসহ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। ফলে পুরোনো ও নতুন সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ ও পুনর্বিন্যাস চলছে।

টিটন হত্যাকাণ্ডে তার ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসাবে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ড্যাগারি রনির নাম উল্লেখ করা হয়েছিল। তদন্তের ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের সঙ্গে সুইডেন আসলামের সংশ্লিষ্টতা পায় গোয়েন্দা পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতার মধ্যে অপরাধীচক্রের তৎপরতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেন, অপরাধীচক্র সাধারণত রাজনৈতিক অস্থিরতা বা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগ নিয়ে চাঁদাবাজি, অস্ত্র মজুত কিংবা ভাড়াটে হিসাবে ব্যবহৃত হওয়ার চেষ্টা করে। আসলামের থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্য, কার সঙ্গে তার যোগাযোগ ছিল- এসব বিষয় জিজ্ঞাসাবাদে খতিয়ে দেখা হচ্ছে। ডিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইডেন আসলামকে তার সাম্প্রতিক অবস্থান, বিদেশ ভ্রমণের কারণ, মোবাইল ও যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং টিটন হত্যাকাণ্ডে নেপথ্যের ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে নির্দোষ দাবি করে দীর্ঘ কারাভোগের পর স্বাভাবিক জীবনযাপনে ফেরার কথা বলেন। তবে গোয়েন্দাদের কাছে থাকা তথ্যের সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, সুইডেন আসলামকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ডিবি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে। পাঁচজনের একটি টিম তাকে জিজ্ঞাসাদ করছে। জামিনে বেরিয়ে আসার পর তার সাম্প্রতিক গতিবিধি, থাইল্যান্ড যাতায়াতের উদ্দেশ্য এবং আন্ডারওয়ার্ল্ডে কার সঙ্গে তার যোগাযোগ ছিল- এসব বিষয় আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। পাশাপাশি সামনের দিনগুলোতে কোনো ধরনের অস্থিরতা বা নাশকতার চক্রে অপরাধীচক্র জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

কে এই সুইডেন আসলাম : নব্বইয়ের দশক থেকেই অপরাধজগতে পরিচিত নাম সুইডেন আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ থেকে শুরু করে তার বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা ছিল। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হন সুইডেন আসলাম। এরপর সাজাসহ দীর্ঘ বছর কারাভোগ শেষে ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকার অপরাধজগতে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও দখলদারিত্বকে কেন্দ্র করে একাধিক সহিংসতা ও হত্যাকাণ্ড ঘটে। গোয়েন্দা সূত্র বলছে, নিউমার্কেট, তেজগাঁও, ফার্মগেট ও আশপাশের এলাকায় আসলামের নামে বিভিন্ন গ্রুপ প্রভাব বিস্তার করেছিল। শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার দ্বন্দ্বে টিটন হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি আলোচিত ঘটনা ও সংঘাতের নেপথ্যে তার সম্পৃক্ততা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্টরা।

পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর কে কোথায় : ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর কারাগার থেকে অনেকের জামিনে মুক্তি, কারও বিদেশে অবস্থান এবং কারও কারও মৃত্যু বা নিখোঁজ থাকার প্রেক্ষাপটে তালিকাভুক্তদের কার বর্তমান অবস্থান কোথায়? এমন প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে জানা যায়, ২০০৩ সালের পর থেকে কালা জাহাঙ্গীরের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মিলছে না। পিচ্চি হান্নান ২০০৪ সালে বন্দুকযুদ্ধে এবং বেগুনবাড়ির আলাউদ্দিন ২০০২ সালে গণপিটুনিতে নিহত হন। কামাল পাশা ২০১৬ সালে কারাগারে মারা যান। লিয়াকত ওয়ান-ইলেভেনের পর থেকে নিখোঁজ রয়েছেন। সুব্রত বাইন ভারত-নেপাল পর্ব শেষে দেশে ফেরার পর ২০২৫ সালের মে মাসে কুষ্টিয়া থেকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। মোল্লা মাসুদকেও তার সঙ্গে গ্রেফতার করা হয়। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর কিলার আব্বাস, পিচ্চি হেলাল, ফ্রিডম সোহেলসহ কয়েকজন কারামুক্ত হয়ে বিভিন্নভাবে আলোচনায় আসেন। খোরশেদ আহমেদ রাসু জামিনে মুক্ত হওয়ার পর আড়ালে চলে যান। টিটন গত ২৮ এপ্রিল নিউমার্কেটে গুলিতে নিহত হন। হারিস আহমেদ ইউরোপ বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করেন বলে তথ্য রয়েছে। জাফর আহমেদ মানিক, শামীম আহমেদ ওরফে আগা শামীম, জব্বার মুন্না, ইমাম হোসেন, প্রকাশ বিশ্বাস, আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর, কামরুল হাসান, সানজিদুল ইসলাম ইমন, তানভীরুল ইসলাম জয় ও শাহাদাত হোসেনের মতো তালিকাভুক্তদের কেউ ভারত, কেউ মধ্যপ্রাচ্য, ইউরোপ বা উত্তর আমেরিকার বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে হার্ডলাইনে ঢাকা দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

বিআইডিএস-বিসিআই’র গবেষণা জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে

জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী

জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরু একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম