Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

শেখ হাসিনা ইস্যুতে হার্ডলাইনে ঢাকা

দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

ঢাকা এখন স্পষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে -সাবেক রাষ্ট্রদূত মাহফুজ আহমেদ * বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আছে -অধ্যাপক ড. এম জসিম উদ্দিন

Icon

হক ফারুক আহমেদ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

Advertisement

ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে প্রত্যর্পণের জন্য শুরু থেকেই ঢাকা দাবি জানিয়ে আসছে, যা এখনো বিদ্যমান। কিন্তু দিল্লি এটিকে ‘আইনি প্রক্রিয়া’র অংশ বললেও প্রত্যর্পণের জন্য কোনো দৃশ্যত উদ্যোগ নেয়নি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ঢাকার দাবিকে গুরুত্ব দেয়নি দিল্লি। বরং পেছন থেকে কলকাঠি নেড়ে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে এনেছে। যার পরিপ্রেক্ষিতে দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা অব্যাহত আছে। ফলে ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।

তারা বলছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন, সীমান্তে আওয়ামী লীগের নেতাদের বৈঠক, বিমানযোগে বাংলাদেশে আসতে চাওয়ার স্টান্টবাজির মতো বিষয়গুলো ঢাকার অবস্থানকে আরও ‘হার্ডলাইনে’ নিয়ে গেছে। এটি ক্রমেই ‘পয়েন্ট অব নো রিটার্নের’ পথে ধাবিত হচ্ছে। ড. ইউনূস সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক যে তলানিতে চলে গিয়েছিল সেখান থেকে পুনরুদ্ধারের একটা পরিবেশ তৈরি হয়েছিল বিএনপি সরকারের শুরুর দিকে। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে সৃষ্ট জটিল পরিস্থিতি ফের ঢাকা-দিল্লির সম্পর্কে বড় ধরনের ছন্দপতন ঘটেছে।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান যুগান্তরকে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ঢাকা এখন স্পষ্ট ও কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে কোনো অস্পষ্টতা নেই। দিল্লির সঙ্গে এ বিষয়ে প্রকাশ্যে বড় কোনো সমঝোতা বা নেগোসিয়েশন দৃশ্যমান না হলেও বাংলাদেশ আনুষ্ঠানিক অবস্থান জানিয়ে দিয়েছে। নোট ভারবাল দেওয়া ছাড়াও প্রেস কনফারেন্সের মাধ্যমে বক্তব্য তুলে ধরেছে। আড়ালে কোনো আলোচনা হয়ে থাকলেও তা কেউ জানে না।

তিনি বলেন, ভারতের বর্তমান অবস্থান এবং বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এতে সাবেক প্রধানমন্ত্রীর জন্য কূটনৈতিক নমনীয়তা কমে যাওয়ায় বিকল্প পথ বা অবস্থান নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিকল্পভাবে শেখ হাসিনা ফেরার চেষ্টা করতে পারেন। পরিস্থিতি রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টাও হতে পারে। তিনি মনে করেন, বিষয়টি দ্রুত কোনো চূড়ান্ত সমাধানের দিকে না গিয়ে দুই পক্ষের কাছেই একটি রাজনৈতিক ইস্যু হিসাবে থেকে যেতে পারে। পরে যা দুই পক্ষ যার যার মতো করে কাজে লাগাতে চাইবে।

কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল-তার মোড় মূলত ঘুরে যায় গত ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হওয়ার পর। এরপর নানা ইস্যুতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। সঙ্গে ছিল আস্থার সংকটও।

শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যে খবর আসে দেশে ফেরার অংশ হিসাবে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেন। রয়টার্সের খবরে বলা হয়, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে ই-মেইলে এ আবেদন করা হয়। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই ছিল হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এই আবেদনের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাৎক্ষণিকভাবে বলেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ।

হাসিনার ফেরার ঘোষণায় দেশের নানা স্থানে সহিংসতা শুরু হলে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আকারে-ইঙ্গিতে সবকিছুর জন্য ভারতকে আবারও দায়ী করা হয়। জোরালো হতে থাকে হাসিনাকে দেশে প্রত্যর্পণের ইস্যু। এদিকে আইনি প্রক্রিয়া যতই দীর্ঘ হোক বা ঢাকা যতই কঠোরভাবে দাবি জানাক না কেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করাবে না বলে মনে করেন দক্ষিণ এশিয়াবিষয়ক শীর্ষস্থানীয় ভারতীয় গবেষক ড. শ্রীরাধা দত্ত। গত ২১ নভেম্বর গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক বলেন, শেখ হাসিনা ভারতের একজন ভালো বন্ধু। ভারত তাকে একজন মিত্র হিসাবে বিবেচনা করে এবং ভারত কখনোই এমন একজন মানুষকে হস্তান্তর করবে না। তবে তার এই মূল্যায়ন ব্যক্তিগত এবং সরকারি কোনো মূল্যায়ন নয় বলেও উল্লেখ করেন ড. শ্রীরাধা দত্ত। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ২২ নভেম্বর রোববার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত ঘুরে গেছেন দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগের চার শীর্ষ নেতা-দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ-সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

হিন্দুস্তান টাইমস জানায়, উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে তারা প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। তবে সেখানে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। গণমাধ্যমটি জানায়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে আওয়ামী লীগের এটা একটা মহড়া বৈঠক।

প্রতিবেদনে আরও বলা হয়, রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা কলকাতার উদ্দেশে রওয়ানা হন।

পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার রুদ্ধদ্বার এই বৈঠকের বিষয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও একটা ভয়ংকর নীলনকশা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। রয়টার্সকে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমানযাত্রার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সার্বিক দিক থেকে শেখ হাসিনা ইস্যুতে সরকারের শক্ত অবস্থান এবং অন্যদিকে ভারতে বসে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাম্প্রতিক কার্যক্রম ক্রমেই জটিল করে তুলেছে পরিস্থিতি। আর পুরো বিষয়টির জন্য দুই দেশের সম্পর্ক বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এম জসিম উদ্দিন যুগান্তরকে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সন্ধিক্ষণে রয়েছে এবং ঢাকার অবস্থান ক্রমেই কঠোর হচ্ছে। দিল্লির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আগের মতো একতরফা সমঝোতার পথে হাঁটতে আগ্রহী নয়। বাংলাদেশের আদালতে মানবতাবিরোধী মামলার রায়ের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি একটি বিচারিক প্রক্রিয়া হিসাবে দেখা হচ্ছে। বাংলাদেশ সরকারের অবস্থান হলো, ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে। তবে ভারত তাকে ফেরত দেবে কি না, সে বিষয়ে সন্দেহ আছে।

তিনি বলেন, দুই দেশের এই টানাপোড়েন বা বিরোধ শুধু শেখ হাসিনা ইস্যুতে সীমাবদ্ধ নয়। এর পেছনে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আঞ্চলিক ভূরাজনীতি, সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ায় নতুন শক্তির ভারসাম্যের বিষয়গুলো কাজ করছে।

সার্বভৌমত্বে আঘাত হানলে প্রতিরোধ: রুহুল কবির রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তা কেউ স্তব্ধ করতে পারবে না। বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন রিজভী। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার দোসরদের আগুন-সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান নিয়ে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সেখান থেকে দেশে অর্থ পাঠাচ্ছেন। তাদের নির্দেশনায় কিছু সন্ত্রাসী ও কিশোরকে ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থাপনায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। যারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়। রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চান ফেরার জন্য। তার পেছনে শক্তি জোগাচ্ছে কে? কার ইচ্ছায়, কার জোরে তিনি বিমান চাইলেন? সত্যিকারের আইনের প্রতি সম্মান থাকলে তিনি দেশে এসে আইনি প্রক্রিয়ায় লড়তেন।

তিনি আরও বলেন, কেউ যদি সত্যিকার অর্থে আইনকে সম্মান করেন, তাহলে তাকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করারও আইনগত সুযোগ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার পরিবর্তে বিদেশে অবস্থান করে বাংলাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতা উসকে দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন নেতার দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব! এছাড়া রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

রিজভী বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে প্রবল স্রোতের মতো তা প্রতিহত করবে।

একাত্তরের মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বর ও চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে যে কোনো আধিপত্যবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদ ও দেশের ভেতরে থাকা আধিপত্যবাদী শক্তির সহযোগীদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। আওয়ামী লীগ গণতন্ত্র, বিরোধী দলের অধিকার এবং মানুষের কণ্ঠের স্বাধীনতা হরণের প্রতীক হয়ে উঠেছে। ক্ষমতায় ফিরে গিয়ে আবারও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিলের সুযোগ পাওয়ার জন্যই তারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে মিছিল শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ইশরাক হোসেন এমপি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। এতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

হাসিনা নয় কথা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্র্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা নয়। তার হস্তান্তর নিয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। জাহেদ উর রহমান বলেন, একজন মারাত্মক অপরাধী তার সাঙ্গোপাঙ্গসহ ভারতে আছেন। তিনি দণ্ডপ্রাপ্ত। সুতরাং তিনি আসবেন কি আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে না ওদের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে-এই আলোচনা ভারতের সঙ্গে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই। সরকারের কর্মকাণ্ড জানাতে মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বলছেন, তিনি দেশে ফিরতে চান। বাংলাদেশ চাইছে, তাকে প্রত্যর্পণ করা হোক। সুতরাং দুটো বিষয় মিলে গেল। শেখ হাসিনা দেশে ফিরতে চাওয়ায় তাকে প্রত্যর্পণে কোনো আইনি বাধা নেই। শেখ হাসিনার দেশে আসতে চাওয়ার বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের বিভিন্ন মহলের বক্তব্য এবং তাকে বাংলাদেশ বিমানে আনার প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা তাকে চাই। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটা বড় কথা নয়। আমরা তাকে আমাদের কাছে চাই। তাকে প্রত্যর্পণ করা হবে।

জাহেদ উর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ সেই দণ্ড কার্যকরের জন্য অপেক্ষা করছে। তিনি যে রাষ্ট্রে অবস্থান করছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। তাকে হস্তান্তর করা হলে কীভাবে দেশে আনা হবে, সেটি পরে ঠিক করা হবে।

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে-এমন নানা ধরনের অপতথ্য ভারতের মূলধারার গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। নড়াইলের ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসের কোনো এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের যে চিত্র প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন পরিস্থিতি নেই। বিষয়টি নিয়ে ভারতে মারাত্মক অপতথ্য প্রচার অভিযান চলছে।

তিনি ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের প্রতি এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। জাহেদ উর রহমান বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নেওয়া প্রয়োজন। অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা ও জটিলতা আরও বাড়াতে পারে। নড়াইলে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগ সমর্থন করেন, এমন কিছু মানুষের বাড়িঘরেও হামলা হয়েছে। এসব ঘটনা ফৌজদারি অপরাধ। যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।

সাবেক মেয়র সাঈদ খোকনকে আটকের পর তার আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, সরকার বিষয়টিকে ব্যক্তিগতভাবে অনুচিত ও অন্যায় বলে মনে করে। তিনি বলেন, কেউ অন্যায়ের শিকার হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন। এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত বলে সরকার আশা করে।

নভেম্বরে এখন পর্যন্ত সারা দেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহণসহ বিভিন্ন ধরনের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। এসব ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ৬২টি মামলা এবং ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০০ জনকে। আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর ঝটিকা মিছিলের তথ্য তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, নভেম্বরে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৬৬ জনকে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের ঝটিকা মিছিল করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তারা গ্রেফতার হবেন। পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে তিনি জানান, এখন পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি। পুলিশের স্থাপনা বা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে চারজনকে।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে পুলিশের কাছে থাকা তথ্যের চেয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বেশি। পুলিশের তথ্য সংগ্রহ ও প্রকাশের একটি প্রক্রিয়া রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। আর ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে। জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। একই ধরনের কমিটি গঠন করে প্রথম বৈঠক আয়োজনের জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর। ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

হাসিনা এলে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, পয়সা দিয়ে ভাড়া করে এসব খবর হয়তোবা দেখায়, দেখাতে পারে। কিন্তু বাস্তবতা আর ইচ্ছার মধ্যে পার্থক্য করতে হবে। বাস্তবতা হলো-সন্ত্রাসীদের শুধু বিচারের মুখোমুখি করতেই দেশে ফিরিয়ে আনা হবে। কারও মনের ইচ্ছা হতে পারে, শয়নকক্ষে শুয়ে কেউ দুঃস্বপ্ন দেখতে পারেন, তিনি বিমানবন্দরে আসছেন, ট্রেনে চড়ছেন। কিন্তু তিনি কোনো সাধারণ যাত্রী নন। তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা বিচারের মুখোমুখি করতেই দেশে ফিরিয়ে আনা যেতে পারে।

কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে আছে, সেটি বিদেশি কূটনীতিকদের জানানো হয়েছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কূটনীতিকদের ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী আওয়ামী টেরোরিস্টদের কথা স্পষ্টভাবে উল্লেখ করেন।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী এবং এ বিষয়ে জনগণকে অবহিত রাখা হবে।

তিনি বলেন, আমরা সবসময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।

আওয়ামী লীগের সমর্থকরা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, তবে এসব হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে ব্যর্থ হয়েছে। ব্রিফিংয়ে কূটনীতিকরা কোনো বক্তব্য দিয়েছেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের বহু আলোচনা করেছে। ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।

সন্ত্রাসীদের পাসপোর্ট হয় না-সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী : সিলেট ব্যুরো জানায়, সিলেট নগরীতে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সন্ত্রাসীদের কোনো পাসপোর্ট হয় না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হ্যান্ডকাফ পরেই ফিরতে হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি একথা বলেন। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সিলেটের সংসদ-সদস্য, কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। বিকালে নগরীতে এ কর্মসূচি পালিত হয়। পরে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির মূল কর্মসূচিতে মিলিত হয়। সমাবেশে আরও বক্তব্য দেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এমপি, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এমপি, সংসদ-সদস্য এমএ মালিক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যে কোনো মিশনে গেলেই গ্রেফতার: শামা ওবায়েদ

দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যে কোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, সংবিধানে মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট দেওয়ার আইন নেই। মঙ্গলবার সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন শামা ওবায়েদ। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর আইনি এখতিয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের প্রতিটিই বাংলাদেশের ভূখণ্ড (টেরিটরি) হিসাবে বিবেচিত। ফলে সংশ্লিষ্ট ব্যক্তি দেশের বাইরেও ওই মিশনগুলোর যে কোনো একটিতে গেলে সেখানেই তাকে গ্রেফতার করা হবে।

ভারতসহ বিভিন্ন দেশে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ও জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরাকে কেন্দ্র করে প্রচারিত বক্তব্যকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ আখ্যা দিয়ে তিনি স্পষ্টভাবে জানান, দেশে ফিরলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার হয়ে কারাগারে যেতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। শামা ওবায়েদ বলেন, পলানোর পর থেকে সংশ্লিষ্ট নেত্রীর অবস্থান বা চেহারা কারও জানা নেই এবং তিনি কোথায় যাবেন বা কী করবেন তা অপ্রাসঙ্গিক। তবে ওসমান হাদির হত্যাকারীসহ জুলাই-আগস্টে খুন, গুম ও রক্তপাতের সঙ্গে জড়িত এবং হত্যার নির্দেশদাতাদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ রয়েছে।

আগামী ১৬ বা ১৭ ডিসেম্বর দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের প্রচারণা কেবল সাধারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার একটি পাঁয়তারা ছাড়া আর কিছুই নয়। নেতাকর্মীদের ফেলে রেখে পলায়নের পর এখন দেশে অস্থিতিশীলতা বা তাণ্ডব তৈরির চেষ্টা অর্থহীন বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলেও জানান তিনি।

পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন ও আবেদনের প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ১৯৭২ সালের সংবিধানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কোনো ব্যক্তি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত হলে সরকার তাকে পাসপোর্ট, এনআইডি বা কোনো ধরনের নথিপত্র দিতে বাধ্য নয়। সংবিধানের এ বিধানের কোনো ব্যত্যয় ঘটবে না বলেও স্পষ্ট করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে হার্ডলাইনে ঢাকা দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

বিআইডিএস-বিসিআই’র গবেষণা জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে

জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী

জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরু একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম