Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরু

একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার সঠিকতা নিশ্চিত করতেন একজন র‌্যাব সদস্য * ‘হত্যার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সেজন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান’ * এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র-চিফ প্রসিকিউটর * এ ধরনের অপরাধে রাষ্ট্রের কর্মকর্তাদের দায়িত্ব বিচার নিশ্চিত করা-অ্যাটর্নি জেনারেল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নদীর বুকে ভাসত না লাশ। থাকত না হত্যার চিহ্ন। এজন্য মানুষ হত্যা করেই ক্ষান্ত ছিল না তারা। গুলি চালানোর পর পেট কেটে বের করা হতো নাড়িভুঁড়ি। এরপর মরদেহে সিমেন্টের বস্তা বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে। মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক শুনানিতে উঠে এসেছে এমনই নৃশংস বর্ণনা।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় করা এ মামলায় প্রসিকিউশনের পক্ষে প্রথম দিনের যুক্তিতর্ক শুরু হয় মঙ্গলবার। আদালত থেকে এই শুনানি সারাসরি সম্প্রচার করা হয়। এদিন বেলা সোয়া ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুরুতেই মামলার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এরপর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের সাক্ষ্য পড়ে শোনান তিনি। পরে ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি বর্ণনা দেন। ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিবরণ দিতে গিয়ে আমিনুল ইসলাম বলেন, মানুষকে হত্যা করার সময় রক্ত যেন নিজের গায়ে না লাগে, সেজন্য বালিশ ব্যবহার করতেন জিয়াউল আহসান। নৌকায় মানুষকে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে দেওয়ার নৃশংসতাও সামনে আনেন তিনি। গুম করা মানুষকে একজন গুলি করতেন, আরেকজন পেট কাটতেন।

জিয়াউলের অপরাধের কথা বলতে গিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘মাই লর্ড, এসব বর্ণনা দিতে গেলে আমার গা শিউরে ওঠে। কতটা নৃশংসতা ছিল এসব। এদের কি মানুষ বলা যায়? এরা দানব, হিংস্র। জিয়াউল আহসান কতটা হিংস্র ছিলেন, এসব বর্ণনা থেকে তা ধারণা করা যাবে।

জিয়াউল আহসানের বিরুদ্ধে ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেন সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী। র‌্যাবে দায়িত্ব পালনকালে ২০১০ সালের মে থেকে ২০১২ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিবরণ দেন তিনি। এসব হত্যাকাণ্ডে তৎকালীন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের নেতৃত্ব ও নির্দেশনার কথা উঠে আসে তার জবানীতে।

জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী বলেন, ২০১০ সালের জানুয়ারির দিকে এক রাতে অফিস চলাকালে সরকারি গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে বরিশাল ব্যাটালিয়ন সদরে উপস্থিত হন জিয়াউল আহসান। পরে আমাকে সঙ্গে নিয়ে পাথরঘাটার চরদুয়ানী ঘাটে যান তিনি। সেখানে আগে থেকেই র‌্যাবের ইন্ট উইংয়ের সদস্যরা একটি ট্রলার প্রস্তুত করে রেখেছিলেন। ঢাকা থেকে আসা ইন্ট উইংয়ের সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে ট্রলারে ওঠেন। এ সময় হাত বাঁধা ও মাথায় কালো টুপি পরা এক ব্যক্তিকেও ট্রলারে তুলে খোলের মধ্যে রাখা হয়। এরপর জিয়াউল আহসানের নির্দেশে ট্রলারটি চরদুয়ানী খাল থেকে মোহনার দিকে যায়। প্রায় তিন ঘণ্টা চলার পর ট্রলারের খোল থেকে হাত বাঁধা ব্যক্তিকে বের করে আনতে বলেন জিয়াউল আহসান। এরপর ওই ব্যক্তির গলা ও পায়ের কাছে দুটি সিমেন্টভর্তি বস্তা বেঁধে দেন র‌্যাবের চার সদস্য। তার মাথা ও কান বরাবর একটি ছোট বালিশ ঠেকিয়ে পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি করা হয়। এরপর তার পেট কেটে ফেলা হয়।

সাক্ষ্যে সাব্বির রহমান আরও বলেন, নিজের হাত ঢুকিয়ে গুলিবিদ্ধ ব্যক্তির পেট কাটার সঠিকতা নিশ্চিত করতেন একজন র‌্যাব সদস্য। পরে নদীতে জোয়ার-ভাটার কারণে পানির গভীরতা মেপে ট্রলারের গতি কমাতে বলতেন জিয়াউল আহসান। এরপর ইন্ট উইংয়ের চার সদস্যকে গুলিবিদ্ধ দেহটি সিমেন্টভর্তি বস্তাসহ পানিতে ফেলে দিতে বলতেন। ঘটনার পর চরদুয়ানী থেকে জিপ ও মাইক্রোবাসে বরিশালের উদ্দেশে রওয়ানা হন তারা। পথে পরিবেশ স্বাভাবিক করার জন্য জিয়াউল আহসান নিজেই বলেন, এরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এদের না থাকাই ভালো। এভাবেই এদের গলফ করতে হবে।

২০১০ সালের মে মাসের দিকে একই ধরনের আরেকটি ঘটনার বর্ণনা দেন সাবেক এই সেনা কর্মকর্তা। ওই ঘটনায় চারজনকে হত্যার কথা উল্লেখ করেন তিনি। তার জবানবন্দি অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন মাস পর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন, পেট কাটা মরদেহটির ডিএনএ পরীক্ষা করে ব্যক্তিকে সাবেক বিজিবি সদস্য নজরুল ইসলাম হিসাবে শনাক্ত করা হয়েছিল।

ভুক্তভোগীদের নিয়ে যাওয়াসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রলারের মাঝি আলকাছের প্রসঙ্গও উঠে আসে জবানবন্দিতে। সাব্বির জানান, ২০১১ সালের জুনে তাকে ফোন করে জিয়াউল জানান, আলকাছ মাঝি গলফ অপারেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য চরদুয়ানী বাজারে বলে বেড়াচ্ছেন। এতে র‌্যাবের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। এরপর আলকাছ মাঝিকে ‘এলিমিনেট’ করার নির্দেশ দেন তিনি।

জিয়াউল আহসানের পরিকল্পনা ও নির্দেশনায় তিনটি সুন্দরবনকেন্দ্রিক তথাকথিত এনকাউন্টার অভিযান পরিচালনা প্রত্যক্ষ করেন এই সাক্ষী। র‌্যাবে দায়িত্ব পালনকালে এসব ঘটনায় মানসিক যন্ত্রণার কোনো প্রতিকার না পেয়ে স্বেচ্ছায় অবসরের আবেদন করেন বলে জবানবন্দিতে জানান তিনি। চাকরির ১৮ বছর পূর্ণ হলে র‌্যাব থেকে নিজ বাহিনীতে ফিরে আসেন বলেও জানান তিনি।

এদিকে প্রথম দিনের যুক্তিতর্কে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলাম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্য প্রসিকিউটররা। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি হাজিরা দেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। তার পক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন : পদ-পদবি ব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন গুম-খুনের মতো ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে, সেজন্য এসব অপরাধের দৃশ্যমান বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ ধরনের অপরাধের বিচার এমন হতে হবে, যেন ভবিষ্যতে কেউ নিজের পদমর্যাদা ব্যবহার করে এমন অপরাধে জড়ানোর সাহস না পান।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ ধরনের অপরাধে রাষ্ট্রের কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে বিচার নিশ্চিত করা। তিনি বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জিয়াউল আহসান শুধু পদোন্নতি বা র‌্যাংকই পাননি, তার আর্থিক উন্নতিও হয়েছে। অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। সেই তথ্যও আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক মামলা বা তদন্তে রয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, এ ধরনের অপরাধের বিচার নিয়ে বাংলাদেশের আইনসহ পৃথিবীর বিভিন্ন দেশে এমন নারকীয় বা জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের কীভাবে দণ্ড দিয়েছেন, সেটি আমি উপস্থাপন করব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে হার্ডলাইনে ঢাকা দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

দিল্লির সঙ্গে বোঝাপড়া অনিশ্চিত

বিআইডিএস-বিসিআই’র গবেষণা জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে

জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে

নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী

জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরু একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

একজন গুলি করে, আরেকজন পেট কেটে বের করে নাড়িভুঁড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম