বিআইডিএস-বিসিআই’র গবেষণা
জ্বালানি সংকটে ধস উৎপাদন খাতে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিদ্যুৎ-গ্যাসের সংকটে কারখানা চালানোই কঠিন হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে উৎপাদন থেকে বিনিয়োগ, কর্মসংস্থান-সবখানেই। উৎপাদন সক্ষমতার ব্যবহার কমার পাশাপাশি কমেছে নতুন কর্মী নিয়োগও। সবচেয়ে উদ্বেগজনক চিত্র মূলধনি বিনিয়োগে। এক বছরের ব্যবধানে কারখানাপ্রতি যন্ত্রপাতি কেনার ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। অর্থাৎ নতুন যন্ত্রপাতি কেনা ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিবর্তে বিনিয়োগে বড় ধরনের সংকোচন দেখা দিয়েছে শিল্প খাতে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ জরিপে শিল্প খাতের এমন চিত্র উঠে এসেছে। মঙ্গলবার ‘বিআইডিএস-বিসিআই ইন্ডাস্ট্রি ১০০’ সূচকের প্রথম পর্যায়ের জরিপের ফল প্রকাশ করা হয়। দেশের ১৪টি শিল্প খাতের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করে এ জরিপ তৈরি করা হয়েছে।
জরিপের তথ্য বলছে, এ বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রকৃত শিল্পোৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় ০.৪ শতাংশ কমেছে। তবে খাতভেদে উৎপাদনের চিত্রে বড় পার্থক্য রয়েছে। জরিপে ১০১টি কারখানার মধ্যে ৪০টির উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে বলে উঠে এসেছে। অন্যদিকে ৩০টির উৎপাদন কমেছে ৫ শতাংশের বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বস্ত্রশিল্প। এ খাতে উৎপাদন কমেছে ২০ শতাংশ। বিপরীতে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
উৎপাদন সক্ষমতার ব্যবহারেও অবনতি হয়েছে। ২০২৫ সালে কারখানাগুলো গড়ে তাদের উৎপাদন সক্ষমতার ৬৭ শতাংশ ব্যবহার করেছিল। চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে তা কমে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে। সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে এমন কারখানার সংখ্যা ১৯ থেকে বেড়ে ২৮টিতে দাঁড়িয়েছে। বস্ত্রশিল্পে সক্ষমতার ব্যবহার ৭৩ থেকে কমে ৫৫ শতাংশে নেমেছে।
জরিপে শিল্পের প্রধান সংকট হিসাবে উঠে এসেছে বিদ্যুৎ ও গ্যাসের অনিয়মিত সরবরাহ। কারখানাগুলোয় দৈনিক বিদ্যুৎবিভ্রাটের সময় বেড়ে ৪.১ ঘণ্টায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের তুলনায় যা দ্বিগুণ। পাইপলাইনের গ্যাস ব্যবহারকারী ৬৬টি কারখানায় দৈনিক গ্যাস সরবরাহে বিঘ্নের সময় ০.৯ ঘণ্টা থেকে বেড়ে হয়েছে ৩.২ ঘণ্টা। বিদ্যুৎ সরবরাহের মান নিয়ে সন্তুষ্ট কারখানার হার ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে নেমেছে। গ্যাসের ক্ষেত্রে এ হার ৭০ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ১৭ শতাংশে। জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহকে ব্যবসার সবচেয়ে বড় বাধা হিসাবে চিহ্নিত করেছে। ৯৩ শতাংশ কারখানা এটিকে প্রধান তিনটি বাধার মধ্যে রেখেছে। কাঁচামাল সংগ্রহ ও অর্থায়নের ব্যয়কেও বড় সমস্যা হিসাবে দেখছে শিল্পপ্রতিষ্ঠানগুলো। উভয় ক্ষেত্রেই ৩৭ শতাংশ কারখানা বিষয়টিকে প্রধান তিনটি বাধার একটি বলেছে। এদিকে কাঁচামালের দাম বেড়েছে বলে জানিয়েছে ৯৪ শতাংশ কারখানা কর্তৃপক্ষ।
জ্বালানি ও পরিবহণ ব্যয় বাড়লেও বিনিয়োগে বড় ধরনের সংকোচন দেখা দিয়েছে। কারখানাপ্রতি ত্রৈমাসিক জ্বালানি ব্যয় ৫ শতাংশ বেড়ে ৩১৬ লাখ থেকে ৩৩২ লাখ টাকায় দাঁড়িয়েছে। পরিবহণ ব্যয় বেড়েছে ১০ শতাংশ। অথচ মূলধনি যন্ত্রপাতি কেনার ব্যয় ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের ১ কোটি ৭৬ লাখ থেকে কমে চলতি বছরের এপ্রিল-জুনে মাত্র ১১ লাখ টাকায় নেমেছে। অর্থাৎ এক বছরে ব্যয় কমেছে প্রায় ৯৪ শতাংশ। ওষুধ ও রাসায়নিক খাত ছাড়া অন্য সব শিল্প খাতেই এ ব্যয় কমেছে।
উৎপাদন ও বিনিয়োগের পাশাপাশি কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়েছে। জরিপে অন্তর্ভুক্ত ১৩০টি কারখানায় কর্মীর সংখ্যা ১ শতাংশ কমে ১ লাখ ৩৭ হাজার ১০০ থেকে ১ লাখ ৩৫ হাজার ৭০০ হয়েছে। কারখানাপ্রতি প্রতি ত্রৈমাসিকে নতুন নিয়োগ ১৯ শতাংশ কমেছে। আগে যেখানে গড়ে ৩৯ জন নিয়োগ দেওয়া হতো, এখন তা নেমে এসেছে ৩২ জনে। ২০২৭ সালে এসব কারখানায় ৭ হাজার ৬৯১ জন নিয়োগের পরিকল্পনা রয়েছে। অথচ ২০২৫ সালে নিয়োগ দেওয়া হয়েছিল ১২ হাজার ৩৭৯ জন। অর্থাৎ ভবিষ্যৎ নিয়োগ পরিকল্পনাতেও বড় ধরনের কাটছাঁটের ইঙ্গিত রয়েছে।
ব্যবসার মুনাফা ও সামগ্রিক পরিবেশ নিয়েও উদ্বেগের তথ্য দিয়েছে জরিপ। ৬১ শতাংশ কারখানা জানিয়েছে, তাদের মুনাফা কমেছে। জাতীয় ব্যবসা ও বিনিয়োগ পরিবেশের সূচক দাঁড়িয়েছে ৩৪ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক ৩৬। তবে আগামী জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উৎপাদন কিছুটা বাড়তে পারে বলে প্রত্যাশা করছে কারখানাগুলো। এক্ষেত্রে প্রত্যাশা সূচক দাঁড়িয়েছে ৫৪। জরিপে উৎপাদন ও ব্যয়ের তুলনা করা হয়েছে ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে। আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়নি। জরিপকারীদের ব্যাখ্যা অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে দুটি ঈদ থাকায় ওই সময়ে উৎপাদন তুলনামূলক কম ছিল। ফলে একই সময়ের সঙ্গে তুলনা করা হলে উৎপাদন প্রবৃদ্ধির চিত্র ভিন্ন হতে পারে।
