নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী
যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী
বাসস ও যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সেনাপ্রধান জে. ওয়াকার-উজ-জামানকে নিয়ে মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান -পিএমও
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর (সেনা, নৌ ও বিমানবাহিনী) যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। এ মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির ইতিহাসে প্রথমবার তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারি ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।
স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন : প্রধানমন্ত্রী তারেক রহমান স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত ৮ কিলোমিটার এটিভি ভিহিকল মডেলের (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) সেনা যান চালিয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছিলেন। রনি বলেন, প্রধানমন্ত্রী ৮ কিলোমিটার পথ অতিক্রম করে দুই পাশে তিন বাহিনী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এক ভেন্যু থেকে অন্য ভেনুতে যেতে প্রধানমন্ত্রীকে এই ৮ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এ সময় ধানখেতের পাশ দিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথে গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা গেছে।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবার আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা দিগন্তবিস্তৃত ‘স্বর্ণদ্বীপ’ (ভূতপূর্ব জাহাজ্জার চর)। জেলার মূল ভূখণ্ড থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত। এপ্রিল থেকে নভেম্বর-এই ৮ মাস স্বর্ণদ্বীপ জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় দ্বীপটি যান চলাচল ও অন্যান্য কাজের জন্য উপযুক্ত হয়ে ওঠে। বর্তমানে স্বর্ণদ্বীপকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটি আদর্শ প্রশিক্ষণ এলাকা হিসাবে গড়ে তোলার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিসিসিটির যৌথ উদ্যোগে তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে।
সারা দিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী : মঙ্গলবার সারা দিন রোদে-গরমে স্বর্ণদ্বীপে ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের দীর্ঘ কর্মসূচি শেষে ক্লান্ত শরীর নিয়ে বিশ্রামে ফেরার কথা থাকলেও তা করেননি তিনি। বরং প্রধানমন্ত্রী ছুটে গেছেন সচিবালয়ে। বিকাল ৫টা ১৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান তিনি। সেখানে প্রবেশের পর নিয়ম অনুযায়ী তিনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন। এরপর সন্ধ্যার পরও তিনি একে একে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও দাপ্তরিক কাজে অংশ নেন।
