Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের

চীনের ওপর সর্বোচ্চ ৪০ এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ ভিয়েতনামে * ভারতসহ অন্য ১১টি দেশ ও অঞ্চলের ওপর ১৮ থেকে ২৫ শতাংশ * বর্তমানে মোট ২৫ শতাংশ শুল্ক রয়েছে বাংলাদেশের ওপর * নতুন শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা আরও চাপে * পড়বে : তৌফিকুল ইসলাম খান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দেশটির বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশ, চীন ও ভারতসহ তদন্তের আওতায় থাকা ১৪টি দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপের প্রস্তাব দেয়। এর মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে চীনের ওপর। ভিয়েতনামের ওপর দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্যান্য ১২টি দেশ ও অঞ্চলের ওপর ১৮ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাইয়ে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর ফলে এখন মোট শুল্ক ২৫ শতাংশ। ট্রাম্প প্রশাসন নতুন করে শুল্ক বসালে তা যুক্ত হবে।

অর্থনীতিবিদরা বলছেন, নতুন এই শুল্ক বাংলাদেশের অর্থনীতিতে চাপ তৈরি করবে। জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) হেড অব রিসার্স তৌফিকুল ইসলাম খান বুধবার যুগান্তরকে বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা আরও চাপে পড়বে। বিশেষ করে তৈরি পোশাকসহ যেসব পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি হয়, সেগুলোর ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোও একই তদন্তের আওতায় রয়েছে। ফলে তারা কী ধরনের পদক্ষেপ নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কীভাবে দরকষাকষি করে, তা বিবেচনায় নিয়ে বাংলাদেশকে পরবর্তী কৌশল নির্ধারণ করতে হবে।

বুধবার এক প্রতিবেদনে বিবিসি লিখেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির অংশ হিসাবে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের করা আমদানি পণ্যের ওপর এই শুল্কারোপ করা হয়েছে, যা দেশটির বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর প্রভাব ফেলবে। গত মার্চে হোয়াইট হাউজ অন্যান্য দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড ও নীতিমালা নিয়ে তদন্ত শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই নতুন শুল্ক আরোপ করা হলো। এর আগে ট্রাম্পের পূর্বঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করে তা আটকে দিয়েছিল দেশটির সুপ্রিমকোর্ট। নতুন করে আরোপ করা শুল্কের হার কিছু দেশের ক্ষেত্রে কমে আসবে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি দেশের সঙ্গে শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণে সমঝোতা করেছেন। নতুন শুল্ক আরোপ করা দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপান। মার্কিন বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’ অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক কর্মকাণ্ড তদন্তের মাধ্যমে এই নতুন শুল্কারোপ করা হয়েছে। এই ধারায় তদন্তের মূলত বিদেশি সরকারগুলোর আচরণ ও নীতিমালা পর্যালোচনা করা হয়। দেশগুলোর সঙ্গে নীতি বা কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ওপর অন্যায্যভাবে প্রভাব ফেলছে কি না, সেটি তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার শুল্ক আরোপের হুমকি ও শুল্ক আরোপ করেছেন। তার এই নীতি যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্পকে শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করেন তিনি।

তৌফিকুল ইসলাম খান আরও বলেন, আমাদের দরকষাকষির সক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল। তাই শুধু দ্বিপক্ষীয় উদ্যোগের ওপর নির্ভর না করে, এক ধরনের শুল্কঝুঁকিতে থাকা দেশগুলোর সঙ্গে সম্মিলিতভাবে অবস্থান নেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। যৌথভাবে দরকষাকষি করতে পারলে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হতে পারে। তিনি বলেন, এ ধরনের শুল্ক আরোপের যৌক্তিকতা ও আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে। অতিরিক্ত উৎপাদন সক্ষমতা থাকলেই কোনো দেশকে বাণিজ্যিকভাবে অন্যায্য সুবিধা নেওয়ার দায়ে অভিযুক্ত করা যায় না। একটি কারখানার মালিক ভবিষ্যৎ রপ্তানি চাহিদা বিবেচনা করে বিনিয়োগ করেন এবং উৎপাদন সক্ষমতা বাড়ান। পরবর্তী সময়ে বাজারে চাহিদা কমে গেলে সেই অতিরিক্ত সক্ষমতা অব্যবহৃত থাকতে পারে। এটি স্বাভাবিক ব্যবসায়িক বাস্তবতা, কোনোভাবেই এককভাবে অন্যায্য বাণিজ্যের প্রমাণ নয়। তার মতে, তাই সরকারের উচিত হবে, নতুন শুল্ক আরোপের উদ্যোগের বিরুদ্ধে তথ্য-উপাত্ত ও আইনি যুক্তি তুলে ধরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেট ও কংগ্রেসের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা। শুধু প্রতিবাদ নয়, কূটনৈতিক ও আইনি-দুই পথেই সক্রিয় উদ্যোগ নিতে হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭ প্রকল্প পাঁচ ‘দানবে’ লুট ১৬৪৭ কোটি

পাঁচ ‘দানবে’ লুট ১৬৪৭ কোটি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি

ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের

মজুরি বৃদ্ধি পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রগতি: মাহ্দী আমিন

মজুরি বৃদ্ধি পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রগতি: মাহ্দী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম