বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭ প্রকল্প
পাঁচ ‘দানবে’ লুট ১৬৪৭ কোটি
আরমান হেকিম
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোথাও কাজের অগ্রগতি দেখানো হয়েছে ১০০ শতাংশ, অথচ মাঠে কাজের অস্তিত্বই নেই। কোথাও ৯৫ শতাংশ বিল তুলে নিয়েছেন ঠিকাদার, কিন্তু সড়ক নির্মাণ হয়নি এক ইঞ্চিও। একই সড়ক দেখানো হয়েছে একাধিক প্রকল্পে, আবার একই কাজের বিপরীতে নেওয়া হয়েছে একাধিক বিল। চুক্তিমূল্যের চেয়ে বেশি টাকা তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে। কাগজে-কলমে উন্নয়নের এমন ফিরিস্তির আড়ালে বাস্তবে চলেছে লুটপাটের মহোৎসব।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭টি প্রকল্পে এভাবেই আত্মসাৎ হয়েছে ১ হাজার ৬৪৭ কোটি টাকা। এই লুটপাটের নেতৃত্বে ছিলেন পাঁচ দানব। তারা হলেন-সাবেক মন্ত্রী ও সংসদ-সদস্য শ ম রেজাউল করিম, সাবেক সংসদ-সদস্য মহিউদ্দিন মহারাজ, তার ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলাম, নাজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরে আলম শাহীন ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। উন্নয়নের নামে এই লুটযজ্ঞ উঠে এসেছে খোদ এলজিইডির তদন্ত প্রতিবেদনে। যা আমলে নিয়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্তে দেখা যায়, ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ১৭টি প্রকল্পের আওতায় অর্থছাড় করা হয় ৩ হাজার ১৭৬ কোটি ৫৮ লাখ টাকা। অথচ সরেজমিন কাজ পাওয়া যায় মাত্র ১ হাজার ৫২৯ কোটি ১০ লাখ টাকার। অর্থাৎ অস্তিত্বহীন কাজে আত্মসাৎ হয়েছে ১ হাজার ৬৪৭ কোটি ৪৮ লাখ টাকা। এই বিপুল অর্থের গরমিল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রকল্পের ঠিকাদারি নিয়ন্ত্রণ, কাজের অগ্রগতি দেখানো, বিল প্রস্তুত ও অর্থ ছাড়ে বিভিন্ন পর্যায়ে প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা জড়িত ছিলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান যুগান্তরকে বলেন, উন্নয়নের নামে প্রকল্পগুলো দলীয়করণ করা হয়েছিল। দলীয়করণের মাধ্যমে প্রকল্প বাছাই ও বাস্তবায়ন, প্রকল্পের বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা এবং কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সরকারি দপ্তরগুলোর মধ্যে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে জনগণের অর্থ অপচয়ের এমন সুযোগ তৈরি হয়েছে। এসব চর্চার মধ্য দিয়েই এ ধরনের অনিয়মের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। বিষয়টি এখন দেশবাসীর সামনে আসছে। তবে দুঃখজনক হলো, এখনো একই ধরনের চর্চার নজির দেখা যাচ্ছে। তিনি বলেন, গত ১৫/১৬ বছর এ ধরনের অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার চর্চা দেখা যায়নি। ফলে অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হয়েছে। এখন এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
১৯ জনের লুটতন্ত্র : বরিশাল ও পিরোজপুর অঞ্চলে প্রকল্প মানেই ওই পাঁচ দাবনের পোয়াবারো। নিজের ও আত্মীয়দের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাগিয়ে নিতেন তারা। কোনো কাজ না করেই বিল উত্তোলন করে আত্মসাৎ করাই ছিল তাদের লক্ষ্য। আর এই কাজে মুখ্য ভূমিকা রাখতেন এলজিইডির স্থানীয় ১৪ কর্মকর্তা-এমনটিই জানান নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ঠিকাদার। তার কথার সত্যতা উঠে এসেছে তদন্ত প্রতিবেদনেও। প্রতিবেদনে বলা হয়, শ ম রেজাউল করিম, মহিউদ্দিন মহারাজ, মেহরাজুল ইসলাম, নুরে আলম শাহীন ও তোফাজ্জল হোসেন মিয়ার প্রভাব ও ছত্রছায়ায় এসব অনিয়ম হয়েছে।
লুটতন্ত্রের অন্য সহযোগীরা হলেন-উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, হিসাবরক্ষক এ কে এম মোজাম্মেল হক খান, উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, সার্ভেয়ার রিপন হালদার, সিনিয়র সহকারি প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার, ডিএএফও মো. মোহসীন, প্রকল্প পরিচালক আব্দুল হাই, প্রকল্প পরিচালক সুশান্ত রঞ্জন রায়, প্রকল্প পরিচালক সৈয়দ আহমাদ আলী, প্রকল্প পরিচালক মোহাম্মদ আদনান আখতারুল আজম, প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান ও প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদারের দুটি নম্বরের একটি বন্ধ পাওয়া যায়। অপর নম্বরে কল গেলেও তিনি রিসিভ করেননি।
কাগজে কাজ শেষ, বাস্তবে শূন্য : প্রকল্পের অনিয়মের সবচেয়ে বড় চিত্র পাওয়া গেছে ১৯টি প্যাকেজে। এসব প্যাকেজের নথিতে কাজের অগ্রগতি দেখানো হয়েছে ৮৫ থেকে ১০০ শতাংশ। কিন্তু সরেজমিন বাস্তব অগ্রগতি পাওয়া গেছে শূন্য। অথচ ঠিকাদারদের বিল পরিশোধ করা হয়েছে। বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নে সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের (বিডিআইআরডব্লিউএসপি) ৮টি প্যাকেজের কাজ নথিতে ৮৫ থেকে ৯০ শতাংশ অগ্রগতি দেখানো হলেও বাস্তবে কোনো কাজই হয়নি। এভাবে ৪০৭ কোটি টাকা লুট করা হয়েছে। একই ভাবে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের (আইবিআরপি) কাজের অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ বিল পরিশোধ হয়েছে। শুধু এই দুই প্রকল্প নয়, পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (পিডিআরআইডিপি) চারটি এবং বিজেপি প্রকল্পের চারটি প্যাকেজেও একই চিত্র। নথিতে ৮৫ থেকে ১০০ শতাংশ কাজ সম্পন্ন দেখানো হয়েছে। বিপরীতে অগ্রগতি শূন্য। অথচ বিল পরিশোধ হয়েছে।
একই সড়কে একাধিক প্রকল্প, বিলও একাধিকবার : কাজ না করেই বিল তোলার পাশাপাশি একই সড়ক ও কালভার্টের কাজ একাধিক প্রকল্পে অন্তর্ভুক্ত করে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। তদন্তে এমন ১২টি ওভারল্যাপ বা দ্বৈত প্রকল্পের ঘটনা চিহ্নিত হয়েছে। এর মধ্যে আটটি প্রধান প্যাকেজে ১০১ কোটি ৫৭ লাখ টাকার দ্বৈত বিল নেওয়া হয়েছে। নাজিরপুরের এক কিলোমিটার সড়কের চুক্তিমূল্য ছিল ৮৭ লাখ টাকা। অথচ ২০০ শতাংশ কাজের অগ্রগতি দেখিয়ে বিল নেওয়া হয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা। দাকুরতলা-আরঅ্যান্ডএইচ থেকে তালুকদারবাড়ি সড়কের প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়কের কাজের চুক্তিমূল্য ছিল ২ কোটি ৪৩ লাখ টাকা। বাস্তবে কোনো কাজ না হলেও উপজেলা চেয়ারম্যান মেহরাজুল ইসলামের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে ২ কোটি ৩১ লাখ টাকা পরিশোধ করা হয়। এছাড়া একই প্রতিষ্ঠানকে সাপোর্টিং রুরাল ব্রিজ প্রোগ্রামের ১৫ কোটি ৪ লাখ টাকা দেওয়া হয়। অথচ কোনো কার্যাদেশ বা অনুমোদিত রেকর্ড ছিল না। হোগলাবুনিয়া হেদায়েতশেখের বাড়ি সড়কের ৮৬ লাখ টাকার চুক্তিতে এম/এস এইচ এস এন্টারপ্রাইজকে ৫৭ লাখ টাকা বিল দেওয়া হয়। পরে ওই বিল এম/এস এস ইঞ্জিনিয়ার্সের নামে স্থানান্তর করা হয়। এছাড়া কাউখালী, ইন্দুরকানি ও পিরোজপুর সদর উপজেলায় সড়ক প্রশ্বস্তকরণ ও শক্তিশালীকরণে নেওয়া বিডিআইআরডব্লিউএসপি ও সিএএফডিআরআই প্রকল্পে একই সড়ক ও কালভার্টের কাজ দেখানো হয়েছে।
১২২৭ নথি গায়েব : সিএএফডিআরআই প্রকল্পের একটি প্যাকেজে চুক্তিমূল্য ছিল ৩ কোটি ৮৬ লাখ টাকা। অথচ উপজেলা চেয়ারম্যানের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল (প্রা.) লিমিটেডকে বিল দেওয়া হয় প্রায় ৪ কোটি ৬২ লাখ টাকা। এমন অস্বাভাবিক বিল পরিশোধের ঘটনা যাচাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হলো পরিমাপ বই বা এমবি। অথচ সেই বইয়ের হদিস নেই। তদন্ত কমিটি ১৭টি প্রকল্পের ১ হাজার ২৬৯টি প্যাকেজের মধ্যে মাত্র ৪২টি পরিমাপ বই পেয়েছে। বাকি ১ হাজার ২২৭টির পরিমাপ বই পাওয়া যায়নি।
দরপত্রেও নয়ছয় : পিপিআর-২০০৮ ও ই-জিপি নির্দেশনা লঙ্ঘন করে ১৩৩টি প্যাকেজের দরপত্র অফলাইনে আহ্বান ও মূল্যায়ন করা হয়েছে। মোট ৩৬৩টি চুক্তির সিংহভাগই অফলাইনে সম্পন্ন করার তথ্য অডিটে উঠে এসেছে। এ ছাড়া আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের পাঁচ উপজেলার ১২টি প্যাকেজে চুক্তিপত্র বা সিকিউরিটি মানি ছাড়াই বিল দেওয়ার অভিযোগ রয়েছে। নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের ল্যাব টেস্ট কিংবা ফিল্ড লোড টেস্টের সনদ ছাড়াও বিল চূড়ান্ত করা হয়েছে। দরপত্র থেকে শুরু করে কাজের পরিমাপ, নির্মাণমান যাচাই ও বিল পরিশোধ-প্রতিটি পর্যায়েই নিয়ম মানার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু এসব পর্যায়ে অনিয়মের অভিযোগ একসঙ্গে সামনে আসায় প্রকল্পের নিয়ন্ত্রণ ও জবাবদিহি ব্যবস্থা কার্যত কতটা অকার্যকর ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দুদকের ৮টি মামলা : এলজিইডির পিরোজপুর অঞ্চলের প্রকল্পে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আটটি মামলা করেছে। এসব মামলায় কাজ না করে ভুয়া স্কিম দেখানো, অগ্রগতি প্রতিবেদন তৈরি, পরিমাপ বই ছাড়াই বিল উত্তোলন এবং ঠিকাদারদের সঙ্গে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।
একটি মামলায় ইন্দুরকানি উপজেলায় তিনটি কাল্পনিক স্কিম দেখিয়ে ১৭৫ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়েছে। আরেক মামলায় ইন্দুরকানি ও কাউখালী উপজেলায় ১১৬টি ড্রেন ও সড়ক প্যাকেজের কাজ না করে ভুয়া অগ্রগতি প্রতিবেদন এবং পরিমাপ বই ছাড়াই ৪০৭ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। ভ্যাট ও আয়কর বাদে এ অঙ্ক ৩৯৭ কোটি ২১ লাখ ১০ হাজার ১১০ টাকা।
অন্য একটি মামলায় দুটি ভুয়া স্কিম দেখিয়ে ১০ কোটি ২০ লাখ ৩ হাজার টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় এলজিইডির কর্মকর্তা, হিসাবরক্ষণ-সংশ্লিষ্ট ব্যক্তি ও ঠিকাদারদের নাম রয়েছে। তবে এলজিইডির তদন্তে উল্লেখিত ১৯ জনের সবাই দুদকের আট মামলার আসামি নন।
যেসব প্রকল্পে লুটপাট হয়েছে : লুটপাটে জর্জরিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩), দেশের দক্ষিণাঞ্চলে আয়রন ব্রিজ পুনর্নির্মাণ/পুনর্বাসন প্রকল্প (আইবিআরপি), পল্লি সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্প (সিআইবআিরআর), টেকসই ক্ষুদ্রাকার পারনি সম্পদ উন্নয়ন প্রকল্প (এসএসএসডব্লিউআরডিপি), উপজেলা শহর (নন মিউনিসিপ্যাল) মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউটিমিআইডিপি), দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ণ প্রকল্প (সিআরএমআইডিপি) ও পুকুর খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি)।
জামায়াত-সমর্থিত শ্রমিক সংগঠনের প্রত্যাখ্যান : গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের আহ্বায়ক ও জামায়াতে ইসলামী-সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, প্রস্তাবিত মজুরি বর্তমান বাজারমূল্যের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা এই অযৌক্তিক মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করছি। বুধবার গার্মেন্টস শ্রমিক উন্নয়ন মঞ্চের কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
