Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা

ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উৎপাদনশীলতা ও প্রতিযোগী সক্ষমতায় ভারত, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন বাংলাদেশে বেশি। এ নিয়ে অসন্তুষ্ট মালিকরা। তাদের মতে, তথ্য-উপাত্ত পর্যালোচনা ছাড়াই বেতন বাড়ানো হয়েছে। নতুন কাঠামোয় একজন অদক্ষ শ্রমিকের টেক-হোম বেতন হবে ২৪ হাজার টাকা। এরপরও খুশি নন শ্রমিকদের একটি অংশ। তারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে এখনো রাস্তায়।

গত মঙ্গলবার টানা ১২ ঘণ্টা বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে। নতুন কাঠামোয়, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) মজুরি ৪১ দশমিক ৬৯ শতাংশ বাড়িয়ে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) মজুরি ৪০ শতাংশ বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ৪২ শতাংশ বাড়িয়ে ২১ হাজার ৫০০ টাকা করা হয়।

নিম্নতম মজুরি বোর্ড থেকে প্রাপ্ত তথ্য মতে, শ্রমিকপক্ষ সর্বপ্রথম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। এর বিপরীতে মালিকপক্ষ ১৫ হাজার টাকার প্রস্তাব দেয়। এরপর বৈঠকে পর্যায়ক্রমে দুপক্ষই ৬ দফা সংশোধিত প্রস্তাব দেয়। ১-৩ গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে অনুমোদন হলেও ৪র্থ গ্রেডের ন্যূনতম মজুরি নির্ধারণ হয় বোর্ড সদস্যদের গোপন ভোটে। আর যেসব শ্রমিক ন্যূনতম মজুরির চাইতে ইতোমধ্যেই বেশি বেতন পান, সর্বসম্মতিক্রমে তাদের বেতন ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে মজুরি বোর্ড।

পার্শ্ববর্তী প্রতিযোগী দেশের মজুরি পর্যালোচনা করে দেখা গেছে, উৎপাদনশীলতা ও প্রতিযোগী সক্ষমতায় ভারত, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের চেয়ে পিছিয়ে থাকা সত্ত্বেও পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এখন বাংলাদেশে বেশি। ভারতে ১১৩ ডলার, পাকিস্তানে ১৩০ ডলার, ইন্দোনেশিয়ায় ১৩৯ ডলার, ভিয়েতনামে ১৪১ ডলার ও মিয়ানমারে ৯৭ ডলার। বাংলাদেশে ওভারটাইম, হাজিরা বোনাস, যাতায়াত ভাতাসহ টেক-হোম বেতন বিবেচনায় নিলে একজন অদক্ষ শ্রমিকের মজুরি দাঁড়ায় ১৯২ ডলার (২৪ হাজার টাকা)।

এছাড়া শ্রমিকদের মজুরিতে প্রতিযোগী দেশগুলো নানা নীতিসহায়তা দেয়, সেখানে বাংলাদেশের অবস্থান উলটো। যেমন-ভারত সরকার শ্রমিকদের ৩ থেকে ৫ হাজার রুপি মজুরি দেয়, রোডট্যাপের আওতায় শুল্ক অব্যাহতি দেওয়া হয়, ব্যাংক ঋণের সুদেও ছাড় দেয়। অপরদিকে ভিয়েতনাম ৩-১৫ বছর জমির ভাড়া মওকুফ, ট্রায়াল প্রোডাকশনে ৫০ শতাংশ ভর্তুকি এবং ৪ বছরের কর অবকাশ সুবিধা দিচ্ছে।

আর বাংলাদেশ গত ৩ বছরে পোশাকশিল্পে রপ্তানি প্রণোদনা ৭০ শতাংশ কমিয়েছে এবং রপ্তানির উৎসে কর ধাপে ধাপে দশমিক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করেছে।

বিজিএমইএর হিসাবে, দিনে আনুমানিক ২ ঘণ্টা ওভারটাইম ও হাজিরা বোনাস ধরে গ্রেড-১-এর একজন শ্রমিকের টেক-হোম বেতন হবে ৩৫ হাজার ৫০০, গ্রেড-২-এর বেতন ২৮ হাজার ৫০০ টাকা, গ্রেড-৩-এর বেতন ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪-এর বেতন হবে ২৪ হাজার টাকা। এ বিষয়ে বিজিএমইএর সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী বুধবার এক অনুষ্ঠানে বলেন, ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হলেও ওভারটাইম, হাজিরা বোনাসসহ শ্রমিকের টেক-হোম বেতন ২৪ হাজার টাকা। শ্রমিকদের এ বেতন দেওয়ার আগে মালিকদের তো সেটা উপার্জন করতে হবে। পোশাকশিল্প এখন সেই অবস্থায় নেই। তিনি আরও বলেন, হেলপার হিসাবে কাজে যোগ দেওয়া একজন শ্রমিকের বয়স সাধারণত ১৮-২২ বছর হয়ে থাকে। এই শ্রমিক তো একটা পরিবারের কর্তা নয়। তাহলে তাকে ভিত্তি ধরে কেন মজুরির হিসাব করা হলো।

তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দুর্ভাগ্য হলো, গত ৪০ বছরে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হলেও গার্মেন্টস ইন্ডাস্ট্রির তথ্যভান্ডার সরকারের কাছে নেই। তা সত্ত্বেও গত ২০ দিনে নারায়ণগঞ্জ ও আশুলিয়া ঘুরে রাত ৩টার সময় একটা জিনিস (মজুরি) চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো এই শিল্প বেশি দিন টিকবে না। নতুন কাঠামোয় বেতন ভিয়েতনামের পর্যায়ে চলে গেছে। ভিয়েতনামের স্ট্যান্ডার্ডে বেতন দিলে গার্মেন্টসশিল্পকে ভিয়েতনামের স্ট্যান্ডার্ডে সুবিধা দিতে হবে।

শিহাব উদ্দোজা চৌধুরী আরও বলেন, মূল্যস্ফীতির কারণে বেতন বৃদ্ধির আন্দোলন হচ্ছে। মূল্যস্ফীতির লাগাম টানার দায়িত্ব তো সরকারের। কিন্তু মূল্যস্ফীতির লাগাম বারবার গার্মেন্টস মালিকের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এ দায়িত্ব শিল্প কেন নেবে।

একই অনুষ্ঠানে মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ড. রুবানা হক বলেন, শ্রমিক ও শিল্প খাত নিয়ে এক ধরনের অসুস্থ রাজনীতি চলছে। কেন বারবার শ্রমিকরা রাস্তায় নামছেন, কারা তাদের নামাচ্ছেন এবং কেন তা চিহ্নিত করা যাচ্ছে না, সেটি সংশ্লিষ্টদের দুর্বলতা। সাম্প্রতিক অস্থিরতায় অনেক উদ্যোক্তার কারখানা ২০ থেকে ২৩ দিন পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু মাস শেষে মজুরি পরিশোধের ক্ষেত্রে উদ্যোক্তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অথচ কারখানা বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, তার দায় কে নেবে?

তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, নতুন মজুরি শ্রমিকদের জন্য ঠিক আছে। কিন্তু বাড়তি মজুরি পরিশোধের অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে কেউ কথা বলছেন না। বিদেশি ক্রেতারাও পোশাকের দাম বাড়াচ্ছেন না। এ পরিস্থিতিতে আগামী কয়েক মাসের মধ্যে অনেক উদ্যোক্তা ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। গত কয়েকদিনে পোশাকশিল্প যে অবস্থায় গেছে, সেখান থেকে এটিকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব-এমন মন্তব্য করে ড. রুবানা হক বলেন, বছরে ৫ কোটি ডলারের কম রপ্তানি করে এমন কারখানাগুলো দেশের মোট পোশাক রপ্তানির ৫১ শতাংশ অবদান রাখে। এসব কারখানা বন্ধ হলে রপ্তানির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হবে।

আজ মজুরি বোর্ডের ৫ম সভা : আজ রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যলয়ে মজুরি বোর্ডের ৫ম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি নির্ধারণের পর আজকের সভায় গ্রেড ভেদে মূল বেতন, বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা নিয়ে আলোচনা হবে। এটি চূড়ান্তের পর শিগগিরই গেজেট প্রকাশিত হবে।

বুধবারও বন্ধ ৭৬ কারখানা : মজুরি বোর্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা, ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর, টঙ্গী ও শ্রীপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, আনসার সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়া ও গাজীপুরে অন্তত ৭৬টি কারখানায় উৎপাদন বন্ধ বা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্পপুলিশের তথ্য অনুযায়ী, সাভার-আশুলিয়ায় ৪১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ১০টিতে শ্রমিকদের কর্মবিরতি এবং নয়টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে ৩৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৫০টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে শিল্পপুলিশ জানিয়েছে। তবে গাজীপুরের কয়েকটি এলাকার হিসাবে অন্তত ২০টি কারখানায় ছুটির তথ্যও পাওয়া গেছে।

অন্যদিকে মজুরি প্রত্যাখ্যান করে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, ঘোষিত ন্যূনতম মজুরি ‘শ্রমিক স্বার্থবিরোধী, শিল্পবিরোধী ও প্রতারণামূলক’। মালিকপক্ষের অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয় এমন প্রস্তাবই মজুরি বোর্ড মেনে নিয়েছে। বর্তমান বাজারদর, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের সঙ্গে এই ঘোষণা সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন যুগান্তর প্রতিবেদক ঢাকা উত্তর, গাজীপুর, টঙ্গী শিল্পাঞ্চল, টঙ্গী পূর্ব, শ্রীপুর, ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি]

Advertisement

Advertisement

আরও পড়ুন

বরিশাল ও পিরোজপুর অঞ্চলের ১৭ প্রকল্প পাঁচ ‘দানবে’ লুট ১৬৪৭ কোটি

পাঁচ ‘দানবে’ লুট ১৬৪৭ কোটি

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি

ভারত-পাকিস্তানের চেয়েও বাংলাদেশে বেশি

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের

বাংলাদেশি পণ্যে আরও ১৮ শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের

মজুরি বৃদ্ধি পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রগতি: মাহ্দী আমিন

মজুরি বৃদ্ধি পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে অগ্রগতি: মাহ্দী আমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম