Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

কতটা তৎপর জামায়াত

শহীদুল ইসলাম

শহীদুল ইসলাম

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কতটা তৎপর জামায়াত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং নাশকতার বিরুদ্ধে সোচ্চার জুলাই আন্দোলনের সব পক্ষ। আওয়ামী লীগের তাণ্ডব-নৈরাজ্য মোকাবিলায় প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যের অন্য দলগুলোও কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। জামায়াত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। যার বাস্তবায়ন শুরু হয়েছে ২১ নভেম্বর থেকে। বিএনপিও সোচ্চার আছে মাঠে। যে কারণে তারাও আক্রমণের শিকার হচ্ছে। সরকারি দল বিএনপি ও বিরোধী জোটের দলগুলো মাঠে থাকার পরও আওয়ামী নাশকতা থেমে নেই। সারা দেশে জামায়াতের শক্তিশালী অবস্থান রয়েছে। তবে মাঠপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ দলটির তৎপরতা দৃশ্যমান না হওয়ায় দলটি এ নিয়ে কতটা তৎপর সে প্রশ্ন করেছেন কেউ কেউ। তাদের মতে, একটি ডেডিকেটেড দল হিসাবে জামায়াত এ ধরনের নাশকতা মোকাবিলা করতে সক্ষম। কিন্তু তারা কেন পুরোপুরি সরব হচ্ছে না। এমন প্রশ্ন জামায়াত নেতাদের সামনে রাখলে তারা দাবি করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তারপরও জামায়াতের নেতাকর্মীরা সারা দেশেই সক্রিয় আছে।

মাঠে তৎপরতা নেই এমন অভিযোগ উড়িয়ে দিয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের যুগান্তরকে বলেন, জনগণের জানমাল রক্ষা, নাশকতা দমনের দায়িত্ব সরকারের। তাদের হাতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। এ ক্ষেত্রে তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ৪০ দিনের কর্মসূচি দিয়েছি এবং তা পালনও করছি। আমরা ফ্যাসিবাদ মোকাবিলায় মাঠে আছি। সোমবার দেশব্যাপী সব উপজেলায় ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি রয়েছে আমাদের। ইতঃপূর্বে জেলা ও মহানগরীতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সামনে আরও কর্মসূচি আছে।

জুবায়ের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য নষ্ট করেছে বিএনপি। আমরা বলেছি শুধু ডিসেম্বরকেন্দ্রিক কোনো ঐক্য হবে না। গণভোটের গণ রায় মেনে নিতে হবে। তা হলেই আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী ঐক্য হবে মজবুত। জাতি ঐক্যবদ্ধ থাকলে কোনো পরাশক্তি আমাদের পদানত করতে পারবে না।

তিনি জানান, মাঠপর্যায়ে সরকারের পুলিশের ভূমিকা নিয়েও আমাদের প্রশ্ন আছে। কোথাও কোথাও তাদের সহযোগিতা পাচ্ছে নাশকতাকারীরা।

১৯ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ দলটির কথিত লকডাউনের নামে প্রথম দফায় বেশ কয়েকদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে দলের নেতাকর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠন। গোপালগঞ্জে থানা, হাসপাতাল, বিএনপির এমপি এবং নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে তারা। বিএনপি ছাড়াও জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়। তাদের হামলায় অন্তত তিনজনের প্রাণহানি ঘটে।

দ্বিতীয় দফায় ২৯ নভেম্বরের ঘোষিত লকডাউনকে ঘিরে তারা আবারও শুরু করেছে নাশকতা। রোববার পদ্মা সেতুর অদূরে মাদারীপুরের নাওডোবা পয়েন্টে মহাসড়ক অবরোধ করে অন্তত ২৫টি মোটরসাইকেল এবং একটি হোটেলে আগুন দেয়। চার শতাধিক ককটেল ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে। সেখানে বিএনপি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ জন মারা গেছেন। ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করায় শত শত যানবাহন আটকা পড়ে। এ ছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপিকা দিলারা চৌধুরী অবশ্য সরকারের সহনশীলতার তত্ত্বকে সঠিক বলে মনে করছেন না। রোববার তিনি যুগান্তরকে বলেন, জামায়াত তো একটা পলিটিক্যাল পার্টি, তারা কি করবে। নাশকতা হচ্ছে, জনগণের জানমালের ক্ষতি হচ্ছে। এসব রক্ষা করার জন্যই বিএনপিকে ক্ষমতা দিয়েছে জনগণ। কিন্তু ‘আওয়ামী লীগ-বিএনপি ভাই ভাই’ হলে তো এমনটিই হবে। কারণ খালেদা জিয়া বলেছিলেন, সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না।

তিনি বলেন, আওয়ামী লীগ আসলে কোনো পলিটিক্যাল পার্টি নয়, এরা ভারতের মদদপুষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বর্তমান বিএনপি তো খালেদা জিয়ার বিএনপি নেই।

জামায়াতের হাইকমান্ড মনে করে, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে তাণ্ডব শুরু করেছে তা মোকাবিলায় সরকারের সব বাহিনীকে মাঠে সক্রিয় থাকতে হবে। বিরোধী দল দেশ পরিচালনা করে না। যারা শাসনভারে আছেন তাদের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা। আর ফ্যাসিবাদবিরোধী শক্তি হিসাবে জামায়াতের যে দায়িত্ব রয়েছে সেটি তারা পালন করে যাচ্ছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতা সংঘাতে ঝরল দুই প্রাণ

সংঘাতে ঝরল দুই প্রাণ

সেনা মোতায়েনের চিন্তা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সেনা মোতায়েনের চিন্তা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

পেছন থেকে উসকানি দিচ্ছে ভারত : রিজভী

পেছন থেকে উসকানি দিচ্ছে ভারত : রিজভী

কতটা তৎপর জামায়াত

কতটা তৎপর জামায়াত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম