বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নাশকতা
সংঘাতে ঝরল দুই প্রাণ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কথিত অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার রাত থেকে রোববার দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষ, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাককর্মীরা। সড়ক-মহাসড়কে টায়ার জ্বালিয়ে, গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন দলটির নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও পালটাপালটি ধাওয়ার ঘটনাও ঘটে।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোলপ্লাজার কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত হয়েছেন। রোববার ভোরে নাওডোবা, জমাদ্দার মোড় ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আশপাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুড়িয়ে দেওয়া হয় ৩০টি মোটরসাইকেল।
নেত্রকোনার পূর্বধলায় এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর সাবেক সংসদ-সদস্য ও আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পদ্মা সেতুর জাজিরা প্রান্ত, মাদারীপুরের শিবচর ও টেকেরহাট, গোপালগঞ্জ, বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কে অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও যান চলাচল বন্ধ থাকে। বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল। চরম দুর্ভোগে পড়েন যাত্রী, পরিবহণ শ্রমিক ও সাধারণ মানুষ।
শরীয়তপুরে পাঁচটি, ঢাকার সাভার ও আশুলিয়ায় দুটি, নোয়াখালীর একটি বাস এবং নেত্রকোনার পূর্বধলায় ছয়টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের আটটি শাখায় আগুন, পেট্রোলবোমা নিক্ষেপে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। পাবনার বেড়া থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী লাঠিসোঁটা ও বল্লম নিয়ে হামলা চালিছে।
এছাড়া ইউনিয়ন পরিষদ, ডাকঘর, জেলা নির্বাচন কার্যালয়, ভূমি অফিস ও একটি মাদ্রাসায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণ ও পেট্রোলবোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করা হয়েছে। নীলফামারী, মেহেরপুর ও রংপুরে পৃথক ঘটনায় নয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পদ্মা সেতু এলাকায় সংঘর্ষ, নিহত ২
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুরের জাজিরা এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা, জমাদ্দার বাড়ি মোড় ও টোলপ্লাজাসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ইব্রাহিম সিপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হন। তিনি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজ উদ্দিন সিপাহির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে কথিত লকডাউন কর্মসূচির সমর্থনে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা চলা সংঘর্ষে পাঁচ শতাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এ সময় বিএনপির অস্থায়ী কার্যালয়, প্যান্ডেল, ফুড এক্সপ্রেস, পদ্মা ফুড ভ্যালি রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পুড়িয়ে দেওয়া হয় অন্তত ৩০টি মোটরসাইকেল। কয়েকটি বাস কাউন্টারেও আগুন দেওয়া হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
একই দিন মাদারীপুরের শিবচরের কুতুবপুর ও শরীয়তপুরের জাজিরা সীমান্তবর্তী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নিজাম উদ্দিন মৃধা নামে আওয়ামী লীগ কর্মী গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি শিবচরের কুতুবপুর ইউনিয়নের শামছুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ জানান, সংঘর্ষের সময় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে।
পাঁচ জেলায় সড়কে ব্যারিকেড
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে গভীর রাত থেকে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ করেন আ.লীগ নেতাকর্মীরা। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত অবরোধে যান চলাচল বন্ধ থাকে। দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের অবস্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের সার্বিক টাওয়ারেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জেলা শহরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের অবস্থান এবং পুলিশের টহল দেখা যায়।
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করা হয়। মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং সড়ক আটকে ক্রিকেট-ফুটবল খেলতে দেখা যায়। দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবনে স্থবিরতা নেমে আসে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় কয়েকটি বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়।
বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর ও গৌরনদী এবং মাদারীপুরের টেকেরহাটে অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১২ ঘণ্টা পর টেকেরহাটে যান চলাচল স্বাভাবিক হয়। বানারীপাড়া-বরিশাল মহাসড়কেও গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তা সরিয়ে দেন।
দেশের বিভিন্ন স্থানে হামলা-অগ্নিসংযোগ
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ এবং দুটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, একটি কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা আজিজুল ইসলাম জয় নেতৃত্ব দেন। কেরানীগঞ্জে পাঁচ স্থানে ১২টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নবাবগঞ্জ থানার প্রধান ফটকের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে। বিকালে ওই মামলার আসামি শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হযরত আলীকে নবাবগঞ্জ সদর চৌরঙ্গী মোড় থেকে গ্রেফতার করে পুলিশ।
নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী পৌরসভার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। কোম্পানীগঞ্জে বসুরহাট-দাগনভুঞা ও বসুরহাট-চৌধুরীহাট সড়কে গাছ ফেলে অবরোধ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফেনীতে প্রধান ডাকঘর ও জেলা নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়া হয়। দাগনভূঞায় সিলোনীয়া উম্মুল মুমিনীন মহিলা মাদ্রাসার দুটি টিনশেড ঘর পুড়ে যায়। সোনাগাজীতে ইউনিয়ন ভূমি অফিসের গেটেও আগুন দেওয়া হয়।
নরসিংদীর রায়পুরায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ, বাজারে ককটেল বিস্ফোরণ এবং ইউনিয়ন ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজবাড়ীর পাংশায় শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দেওয়া হয়। নেত্রকোনার পূর্বধলায় যুবদলের এক নেতাকে কুপিয়ে জখমের জেরে সাবেক সংসদ-সদস্য আহমদ হোসেনসহ আওয়ামী লীগের নেতাদের ছয় বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে এবং গাছে আগুন দেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তাদের পালটাপালটি ধাওয়া হয়। নাটোরে মশাল মিছিল থেকে চলন্ত ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ। বাগাতিপাড়ায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে। পাবনার বেড়া থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী লাঠিসোঁটা ও বল্লম নিয়ে হামলা চালিয়েছেন। এ সময় ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও বাস ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শতাধিক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। রোববার ভোরে বেড়া থানার সামনে এ ঘটনা ঘটে। পুলিশের গুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রোববার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল। জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবন ও চারুকলা অনুষদের গেট, রাজশাহী নগর ভবন এবং পবা ভূমি অফিস লক্ষ্য করে ককটেল ও পেট্রোলবোমা হামলা হয়েছে। কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজের বাসভবন এবং মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে হামলা হয়েছে। খুলনার খানজাহান আলী থানার তিনটি স্থানে ১৫ মিনিটের ব্যবধানে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। নড়াইলে পুলিশ ফাঁড়ি ও প্রেস ক্লাব ভবন লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রংপুর নগরীর প্রেস ক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে রোববার সকালে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী দল। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের ক্যানটিনের টিনের চালায় রোববার বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রামের রাউজানে গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখায় রোববার ভোরে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।
রোববার ভোরে ভোলার তজুমদ্দিনে পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পল্লী বিদ্যুতের কর্মী ও স্থানীয়দের ধাওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
নিরাপত্তা জোরদার
সহিংসতা ঠেকাতে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে ৫৬ প্লাটুন এবং জেলাজুড়ে ৫৮ প্লাটুন বিজিবি মোতায়েনের তথ্য পাওয়া গেছে। মাদারীপুরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বিকল্প পথে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হলেও নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখা হয়।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল, শিল্পকারখানার উৎপাদন, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে এবং মাওনা উড়ালসেতু থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
[প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিরা]
