পেছন থেকে উসকানি দিচ্ছে ভারত : রিজভী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীন হওয়ার পর থেকেই দিল্লি বাংলাদেশকে নিজের প্রভাববলয়ে রাখার চেষ্টা করছে। এ জন্য আধিপত্যবাদের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করছে। শেখ হাসিনা বিভিন্ন সময় বলেছেন, তিনি দেশে ফিরে আসবেন। তার অনুসারীরা বিভিন্ন স্থানে আগুন ও নাশকতা চালাচ্ছে। প্রতিবেশী দেশের নীতিনির্ধারকরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বললেও বাস্তবে চাণক্যনীতির মাধ্যমে পেছন থেকে উসকানি দিচ্ছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবে কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশকে চিরস্থায়ী আধিপত্যের মধ্যে নিয়ে গিয়ে করদরাজ্যে পরিণত করার প্রচেষ্টা কখনো বন্ধ হয়নি। কমরেড তোয়াহা স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। কিন্তু ১৯৭২ সাল থেকেই তারা বুঝতে পেরেছিলেন, পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও বাংলাদেশকে দিল্লি নিজেদের প্রভাববলয়ের মধ্যে রাখার চেষ্টা করছে। সেই সময় থেকেই তারা (তোয়াহা) আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।’
তিনি বলেন, ‘মওলানা ভাসানী ও কমরেড তোয়াহার মধ্যে মতপার্থক্য থাকলেও তারা সবাই দেশপ্রেমিক ছিলেন। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সার্বভৌম সত্তা রক্ষা করতে চেয়েছেন। তাদের কাজ, বক্তব্য, সংগ্রাম ও ত্যাগ আজও আমাদের অনুপ্রাণিত করে।’
সাম্যবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান মো. নূরে আলমের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন-বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা।
দেশে লকডাউন নেই, সব স্বাভাবিক : এদিন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো সন্ত্রাসী সংগঠনের কর্মসূচিকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি বলে মনে করে না।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কিসের লকডাউন? দেশে সবকিছু স্বাভাবিক আছে। কোনো বেআইনি সংগঠন কিছু বলল, আর সেটা নিয়ে প্রশ্ন করাটা দুঃখজনক।’
বিএনপির সমাবেশ সম্পর্কে রিজভী বলেন, ‘রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলছে। এ কারণে আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) বিএনপির পূর্বনির্ধারিত বিজয় সমাবেশে সেখানে হচ্ছে না। সমাবেশ হবে নয়াপল্টনে। এর মঞ্চ তৈরি হবে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে। মঞ্চ থাকবে পশ্চিমমুখী, অর্থাৎ বিজয়নগরের দিকে।’
এটি মূলত মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি থাকার কথা রয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এসব পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।’
রিজভী বলেন, ‘বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও মানুষের ওপর হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। বাহিনীগুলোর নিষ্ক্রিয়তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে।’
এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন ভারপ্রাপ্ত মহাসচিব। সভায় দেশের খ্যাতিমান আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্সসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা অংশ নেন।
