সেনা মোতায়েনের চিন্তা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হলেও তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। কথিত লকডাউনসহ যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো সতর্ক রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রোববার সচিবালয়ে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনাসংক্রান্ত উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্টমন্ত্রী ছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ-সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯ ও ৩০ নভেম্বরকে কেন্দ্র করে কথিত লকডাউন এবং নিরাপত্তা পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই। আইনশৃঙ্খলা বাহিনী সব সময়ই সতর্ক অবস্থানে থাকে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলো প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
পদ্মা সেতুর ল্যান্ডিং পয়েন্টের কাছে জাজিরার নাওডোবায় সংঘর্ষ ও প্রাণহানি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয়দের মধ্যে আন্তঃকলহ বা অন্তর্দ্বন্দ্বের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে দুজনের প্রাণহানি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এটি অভ্যন্তরীণ বিরোধ, নাকি অন্য কোনো সংঘাতের ফল, তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।
ডিসেম্বরেই কক্সবাজারের মাস্টারপ্ল্যান : কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন পরিকল্পনা ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নতুন ট্যুরিজম মাস্টারপ্ল্যানের আওতায় কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় এলাকার উন্নয়ন ও পর্যটন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এ পরিকল্পনা প্রণয়নের কাজ করছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি সহায়তা দিচ্ছেন। সভায় আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটনশিল্পের বিকাশের বিষয়ে আলোচনা হয়েছে। পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যথাযথ জরিপ ছাড়াই কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধন এবং হাইকোর্টের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এসব এলাকার সীমানা পুনর্বিবেচনা করা হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ মন্ত্রণালয় বিদ্যমান তথ্য-উপাত্ত যাচাই করে কয়েক দিনের মধ্যে বিস্তারিত সারসংক্ষেপ জমা দেবে। এর ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সমুদ্রতীর থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগের যে প্রজ্ঞাপন বা গেজেট ছিল, তা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। নতুন মাস্টারপ্ল্যানে উন্নয়ন কার্যক্রমের বিষয়গুলো সমন্বিতভাবে অন্তর্ভুক্ত থাকবে।
সেন্টমার্টিন ও সোনাদিয়া নতুন স্থাপনা নির্মাণ নয় : প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে ইসিএ মাস্টার প্ল্যানের হিসাবে অন্তর্ভুক্ত করে সেখানে নতুন কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরিবেশের ক্ষতি না করে এসব এলাকায় ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া মহেশখালীতে পাওয়ার হাব, টার্মিনালসহ বড় অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রেখে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) সঙ্গে সমন্বয় করে মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে।
