Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

রম্য রচনা

বন্ধু চেনা দায়

Icon

সাঈদ বারী

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যার একজন ভালো বন্ধু আছে, তার আলাদা করে আয়নার দরকারই পড়ে না। আয়না শুধু মুখটা দেখায়, বন্ধু দেখায় মানুষটা আসলে কেমন।

বন্ধুত্ব জিনিসটাই অদ্ভুত। আত্মীয়স্বজন আমরা জন্মসূত্রে পাই, কিন্তু বন্ধু বেছে নিই নিজের ইচ্ছায়। তারপর একসময় সেই বন্ধুই আমাদের জীবনের এমন সব কীর্তিকলাপের সাক্ষী হয়ে যায়, যেগুলো আমরা আত্মজদের কাছেও স্বীকার করতে চাই না।

আমার ছোটবেলার একটা গল্প দিয়ে শুরু করি।

ক্লাস ফোরে পড়ি। একদিন স্কুলের মাঠে খেলতে খেলতে টস করার দরকার হলো। একজন একটা কয়েন আকাশে ছুড়ে মারল। কয়েনটা মাটিতে পড়ার আগেই আমাদের ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে মোরশেদ ছোঁ মেরে সেটা তুলে নিয়ে এমন দৌড় দিল, যেন অলিম্পিকের একশ মিটার ফাইনাল চলছে।

আমরা সবাই তার পেছনে ছুটলাম। কিন্তু মোরশেদ ততক্ষণে স্কুলের গেট পার হয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়েছে। সেখানে আচার, চানাচুর, বাতাসা, তিলের খাজা, ঝালমুড়ি-শৈশবের যত সুখ, সব সাজানো।

কয়েনটা আর টসে ফিরে আসেনি।

সেদিন সেটা জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচিতে অবদান রেখেছিল।

কৈশোরে আমাদের আরেকটা বড় নেশা ছিল কাজী আনোয়ার হোসেনের ‘কুয়াশা’ সিরিজ।

একদিন বন্ধু মোহসীন আমার কাছ থেকে সিরিজের দুটো বই নিয়ে গেল। তারপর শুরু হলো বাংলা সাহিত্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ প্রতিশ্রুতির পালা, ‘কাল দিচ্ছি।’

‘পরশু দিচ্ছি।’

‘এই সপ্তাহেই দিয়ে দেব।’

‘আরে, ভুলে গেছি। মনে করিয়ে দিস।’

শেষ পর্যন্ত একদিন সে খুব কষ্টের মুখ করে বলল, ‘বই দুটো লুকিয়ে পড়ছিলাম। আব্বা দেখে রেগে গিয়ে ছিঁড়ে ফেলেছেন।’

ওর মুখ দেখে মনে হলো, গল্পটার ভেতরেও বেশ ঘন কুয়াশা আছে!

বই দুটো আর কোনো দিন ফেরত আসেনি।

পরে একটা প্রবাদ শুনেছিলাম, বই আর বউ নাকি অন্যের হাতে গেলে আর ফেরত আসে না। আর এলেও আগের অবস্থায় থাকে না। আমার বই দুটো সম্ভবত সেই প্রবাদটাকে সত্যি প্রমাণ করার দায়িত্বই নিয়েছিল।

বন্ধুত্ব নিয়ে আরেকটি গল্প বলি। একদিন দুপুরে রফিক তাড়াহুড়া করে বাসায় ফিরে স্ত্রী নীলাকে বলল, ‘শোনো, আমার বন্ধু সোহেল একটু পরেই আসবে।’

‘সেকি! আজ তো আমাদের বড় আপার বাসায় দাওয়াত। কিছুই তো রান্না করিনি!’

ফ্রিজ খুলে দেখা গেল সামান্য ডাল আর অল্প কিছু ভাত পড়ে আছে।

রফিক একটু ভেবে বলল, ‘একটা উপায় পেয়েছি। আমি যখন বলব, খাবার দাও- তখন তুমি একটা প্লেট পড়ে যাওয়ার মতো শব্দ করবে। আমি জিজ্ঞেস করব, কী হলো? তুমি বলবে, মুরগির রোস্টটা পড়ে গেল। একটু পর আবার একটা শব্দ করবে। তখন বলবে, চিংড়ির মালাইকারিটাও পড়ে গেল। শেষে বাধ্য হয়ে ভাত-ডালই খাওয়াব।’

এর মধ্যেই সোহেল এসে হাজির। হাতে এক বাক্স মিষ্টি আর দই। অনেক দিন পর দুই বন্ধুর দেখা। গল্পে গল্পে সময় কেটে যাচ্ছিল।

একসময় রফিক ভেতরের দিকে তাকিয়ে বলল, ‘নীলা, খাবারটা দাও।’

‘আনছি।’ ভেতর থেকে উত্তর এলো। তারপরই রান্নাঘর থেকে একটা বিকট শব্দ।

রফিক জিজ্ঞেস করল, ‘কী হলো?’

নীলা কণ্ঠস্বরের ভলিউম কিছুটা বাড়িয়ে বলল, ‘এই যা! ডালটাই পড়ে গেল!’

বন্ধুত্বের আরেকটা ধরন আছে। সেখানে আবেগের চেয়ে স্বার্থটাই একটু বেশি কাজ করে। নীতিটা খুব সহজ।

আমার শত্রুর শত্রুই আমার বন্ধু। আন্তর্জাতিক রাজনীতিতে এ বন্ধুত্ব খুবই জনপ্রিয়। পাকিস্তানের শত্রু ভারত। ভারতের শত্রু চীন। সুতরাং চীন পাকিস্তানের বন্ধু। অবশ্য এ বন্ধুত্বের মেয়াদ নির্ভর করে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর। পরিস্থিতি বদলালে বন্ধু বদলায়, শত্রুও বদলায়। বন্ধু নিয়ে আমার সবচেয়ে প্রিয় গল্পগুলোর একটা স্কুলের ক্লাসরুমের।

একদিন শিক্ষক জিজ্ঞেস করলেন, ‘বল তো, সত্যিকারের বন্ধুর পরিচয় কী?’

এক ছাত্র হাত তুলে বলল, ‘স্যার, যে বন্ধু রাত দুটায় ফোন করলে আগে বলে, কোথায় আছিস?’

শিক্ষক বললেন, ‘তারপর?’

ছাত্র বলল, ‘আমি আসছি। পরে বলিস কী হয়েছে।’

ক্লাসের পেছন থেকে আরেকজন বলে উঠল, “স্যার, যদি আগে বলে, ‘কী হয়েছে?’, তাহলে বুঝবেন সে এখনো ভালো বন্ধু হওয়ার ট্রেনিংয়ে আছে!”

ক্লাসে সবাই হেসে উঠল। কিন্তু একটু ভেবে দেখলে মনে হয়, ছেলেটা খুব একটা ভুল বলেনি। বন্ধু মানে শুধু আড্ডা নয়। বন্ধু মানে দরকারে পাশে দাঁড়ানো। বন্ধু মানে কোনো নোটিশ ছাড়াই বাসায় চলে আসা। বন্ধু মানে বই নিয়ে আর ফেরত না দেওয়া। বন্ধু মানে টসের কয়েন নিয়ে দৌড়ে গিয়ে চানাচুর খেয়ে ফেলা। বন্ধুরা আমাদের হাসায়। বন্ধুরা আমাদের কাঁদায়। বন্ধুরা আমাদের বিপদে ফেলে। আবার সেই বন্ধুরাই সবার আগে বিপদ থেকে টেনে তোলে।

আর যদি এমন কয়েকজন বন্ধু থাকে, যারা আপনার সাফল্যে আপনার চেয়েও বেশি খুশি হয়, আর ব্যর্থতার সময় চুপচাপ পাশে এসে বসে থাকে, তাহলে বুঝবেন- আপনি সত্যিই ধনী। কারণ টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কেনা যায় না।

আরেক ধরনের বন্ধুর গল্প শুনুন। এক বন্ধু আরেক বন্ধুর কাছে হঠাৎ প্রয়োজনে কিছু টাকা ধার চাইল। বন্ধু টাকা তো দিলই না উলটো সে তাদের বন্ধুদের গ্রুপে লিখল, আমাদের অমুক বন্ধুর হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার হ্যাক হয়েছে, টাকা চাইলে কেউ দিস না!

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত নির্বাচিত কয়েকটি শীতকালীন সবজির লম্বা টেবিল বৈঠক

নির্বাচিত কয়েকটি শীতকালীন সবজির লম্বা টেবিল বৈঠক

রম্য রচনা বন্ধু চেনা দায়

বন্ধু চেনা দায়

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম