Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

মলাট বৃত্তান্ত

নির্বাচিত কয়েকটি শীতকালীন সবজির লম্বা টেবিল বৈঠক

প্রকৃতিকে ধোঁয়াশাচ্ছন্ন করে শীত আসবে অথচ সবজি আসবে না, তা কী হয়! যথারীতি এবারও শীতের আগমনধ্বনির সঙ্গে বাজারে আসতে শুরু করেছে ঐতিহ্যবাহী সবজিগুলোও। আসার মিছিল বড় হচ্ছে। নির্বাচিত সবজিগুচ্ছের বিশেষ সাক্ষাৎকার নিয়েছে বিচ্ছু। সঙ্গে ছিলেন ইউনিভার্সিটি অব জিঞ্জিরা থেকে সবজি বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ড. শফিক হাসান

Icon

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফুলকপি : আমার নামে ফুল শব্দটা আছে। এজন্যই সবসময় ফুলেল শুভেচ্ছা জানাবেন, বিষয়টা অনুচিত। মাঝে-মধ্যে ধুলেল মানে ধুলামিশ্রিত শুভেচ্ছা জানাতে পারেন। যেহেতু জন্মসূত্রেই আমরা মাটির সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাঁধা। গত বছর বিচ্ছু গোলটেবিল বৈঠক ডেকেছিল। একবছর পর সেটা কেন পায়াভাঙা চেয়ার বৈঠকে রূপ নিল বুঝতে পারলাম না। এটা কি আমাদের অপমান করার পাঁয়তারা!

পাতাকপি : ফুলকপি ভাইকে ধন্যবাদ, গুরুত্বপূর্ণ বিষয়টা তুলে ধরার জন্য। আমরা আজ বিচ্ছুকে সঞ্চালনা করার সুযোগ দেব না। বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। টেলিভিশন টকশোর উপস্থাপক কিংবা বাসা-বাড়িতে সাহেবের বউ-সবাই মুখের কথা কেড়ে নিতে চায়। নিজের কথাই বেশি শোনাতে চায়। এমন কুপ্রবণতাকে নিরুৎসাহিত করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। ইয়ে... এতদিন জানতাম, আমি শাক। নামেই আছে পাতা শব্দটা, তাহলে সবজির মর্যাদা পেয়েই গেলাম!

গাজর : আমি যে স্বতন্ত্র সবজি অনেকে জানেই না। সালাদ হিসাবে আমাকে ব্যবহার করে। অথচ খিচুড়ি রান্নায়, তরকারি রান্নায় সবখানেই উপস্থিত থাকি। আজ আমাকে সবজি হিসাবে ডেকে সম্মানিত করেছেন যারা, ভবিষ্যতে আমি চাঁদা তুলে হলেও তাদের সংবর্ধিত করব। প্রাপ্য সম্মান ফিরিয়ে দেব। বাংলাদেশের কবিরা পর্যায়ক্রমে একজন অন্যজনকে সম্মানিত করে, আমাকে ওই ছন্দহীন পাল্লায় না মাপার জন্য অনুরোধ করছি।

করলা : শীতকালীন সবজি নই, বারোমাসি খান্দানি সবজি। তাহলে কোন বেআক্কেলে লোক এখানে মিষ্টি সবজির পাশে বসিয়েছে! দুঃখিত, প্রথমেই তিতা কথা বলে ফেললাম। আমি করলা, তিতাই আমার ভরসা! এইরে, ছন্দ মিলল না! এবার একটা সিরিয়াস কথা বলতে চাই। সামাজিক মাধ্যম ও পত্রপত্রিকায় বলা হচ্ছে-বাজারে ১০০ টাকার নিচে সবজি নেই। ১০০ টাকা কেজিতে সবজি কতজন কিনেছেন? এটা গুজব, অপপ্রচার। এই মিথ্যাচার থেকে বেরিয়ে আসতে হবে। ধানমন্ডি-বনানী-গুলশানের সব বাজারেও এ দামে সবজি বিক্রি হয় না। তাহলে কথাগুলো ছড়ায় কে-ভুঁইফোঁড় সাংবাদিকরা? দয়া করে নায়িকা পরীমনিসংক্রান্ত কোনো প্রশ্ন এখানে তুলবেন না। ওটা অন্য ধরনের সাংবাদিকতা, নতুনধারার বিনোদন।

মুলা : রবীন্দ্রনাথ সেই কবে বলে গেছেন- রেখেছ মানুষ করে, জ্ঞানী করোনি! মনুষ্যগোত্রের কেউ কেউ আমাদের একত্রে শাকসবজি ডাকেন। বলি, দুটো কি এক বিষয়? একত্রে শাকসবজি বলা অনুচিত। শাক তো অনাদর-অবহেলায়ও জন্ম নেয়। হেলেঞ্চা, কলমি, বতুয়া, তেলেনাপোতা। অথচ আমরা থাকি রাজার হালে। তাই এই শব্দবন্ধ প্রেস্টিজে লাগে। অন্যকে ইজ্জত দেওয়া শেখেন।

শিম : আমি শিম, নই কোনো রিম। আমার ব্যবহার বহুবিধ। কাঁচা কিংবা শুকনো দুই অবস্থায়ই আদরণীয়। কিন্তু কেউ মোবাইল ফোনের ভেতরে ঢুকিয়ে দিতে চান আমাকে। মানে দুইটাকে গুলিয়ে ফেলেন। অবশ্য রিলস আর বাংলা সিনেমার গরম গান দেখতে দেখতে মেধার যে অবনমন হয়েছে, এসবই তো করবে লোকজন! শীতের বাজারে আমি মহারানি; মহারাজা কে? বুদ্ধি থাকলে খুঁজে বের করেন!

জলপাই : অনুষ্ঠানে দাওয়াত পাইনি, নিজের উদ্যোগেই ঢুকে পড়লাম। গেটের বাধাও শুনিনি। কেউ কেউ তরকারিতে আমাকে ব্যবহার করেন। আচার তো বানানই। যে আমি তরকারি পর্যন্ত পৌঁছাই, ডালেও ব্যবহৃত হই- কেন সবজির মর্যাদা পাব না! চিরকালই কি মার খাবে দুর্বল? গৃহিণীকুল ও আচার প্রস্তুতকারক কোম্পানিগুলো আমাকে নিয়ে ভেবে দেখতে পারে।

বেগুন : শুধু শীতকালে নয়, সব ঋতুতেই পাতে থেকে অবদান রাখতে চাই। কেউ কেউ বলে থাকেন, যার গুণ নেই সে নাকি বেগুন! সত্যিই ভাষা ও ব্যাকরণে এমন অনভিজ্ঞ লোক আমি কমই দেখেছি জীবনে। বেগুন বানান আর গুণ বানান কি এক হলো! এরা ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান বোঝে বলেও মনে হয়। যেনতেন লোককে অপমান করার জন্য আমার নাম ব্যবহারকে সঠিক মনে করি না। এ বিষয়ে অদ্যাবধি জাতিসংঘ কোনো প্রতিবাদ জানায়নি। এটাও বিরাট আশ্চর্যের বিষয়। সবজি বাজারে আমি রোহিঙ্গা নই।

শালগম : আমি শালগম, মুলার ছোট ভাই নই। কেউ কেউ আমাকে মুলার ছোট ভাই বলে হেয় করার চেষ্টা করেন। আমরা নাকি স্বাদে-গন্ধে এক! গন্ধ সবসময় সমান থাকে না, কখনো সেটাকে দুর্গন্ধ হিসাবেও আলোচনা করা হয়। কেন রে ভাই, তোরা মুলার বদখাসলতকে আমার ঘাড়ে চাপাবি কেন? মুলার ভাই হতে পারে খিরা, আমি নই।

টমেটো : সবজি রাজ্যে একমাত্রই আমি কাঁচা ও পাকা দুই অবস্থায় আদরণীয়। নিজেকে এজন্য সবার সেরা মনে করি। তাই এ অনুষ্ঠানের সভাপতির দায়িত্বটাও নিজ কাঁধে তুলে নিলাম। বিতিকিচ্ছিরি এ আয়োজনের জন্য বিচ্ছুকে ধন্যবাদ দেব, নাকি তিরস্কার দেব ভেবে বের করতে হবে! আপাতত সভা মুলতবি ঘোষণা করছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মলাট বৃত্তান্ত নির্বাচিত কয়েকটি শীতকালীন সবজির লম্বা টেবিল বৈঠক

নির্বাচিত কয়েকটি শীতকালীন সবজির লম্বা টেবিল বৈঠক

রম্য রচনা বন্ধু চেনা দায়

বন্ধু চেনা দায়

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

একগুচ্ছ কৌতুক

একগুচ্ছ কৌতুক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম