Logo
Logo
×

Advertisement

বিচ্ছু

সরস সাক্ষাৎকার

মশক মহাশয়ের মহাকাব্যিক সাক্ষাৎকার

Icon

আশরাফুল গনি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আষাঢ়ের এক ঘনঘোর রাত্রিতে ঢাকা মহানগরীর এক পরিত্যক্ত অট্টালিকার বারান্দায় বসিয়া গভীর রাত্রির নিস্তব্ধতায় মগ্ন আমি। চতুর্দিকে নগরের বিশৃঙ্খলা, নর্দমার দুর্গন্ধ, গাড়ির হর্ন, আর দূর হইতে ভাসিয়া আসিতেছে কোনো টকশোর চিৎকার। হঠাৎ বাতাসে ভাসিয়া আসিল এক রহস্যময় গুঞ্জন। প্রথমে মনে হইল যেন কোনো অদৃশ্য বীণার তার কাঁপিতেছে, অথবা কোনো দূর গ্রহ হইতে আগত কোনো বার্তা। কিন্তু না! চোখ তুলিয়া দেখি আমার সম্মুখে এক মশক মহাশয়। তাহার চোখ দুটি যেন জ্বলন্ত প্রদীপের শিখা। তাহার সমগ্র অবয়বে এক অপূর্ব মাহাত্ম্য, যেন তিনি শুধু একটি পোকা নহেন, বরং কোনো প্রাচীন দার্শনিক!

প্রতিবেদক : মহাশয়, আপনি কে? এই ঘোর রাত্রিতে এমন অদ্ভুত রূপে আবির্ভূত হইলেন কেন?

মশা : হে নশ্বর মানব! আমি সেই আদিম জীব, যাহার পূর্বপুরুষেরা এই ধরিত্রীতে তোমাদের নগর সভ্যতার বহু পূর্বে আগমন করিয়াছিল। যাহার গুঞ্জনে রাজা-বাদশাহের নিদ্রা ভঙ্গ হয়, যাহার উপস্থিতিতে মন্ত্রী-আমলা হইতে শুরু করিয়া ভিক্ষুক পর্যন্ত সকলেই অস্থির হইয়া ওঠে।

প্রতিবেদক : মহাত্মা! আপনার একটি সাক্ষাৎকার গ্রহণ করিতে পারি কি? কিন্তু প্রথমে বলুন, আপনি কি সত্যিই আমার রক্তপান করিবেন?

মশা : আহা বৎস! রক্তপান? এ শব্দটি শুনিলেই তোমাদের গা শিউরিয়া ওঠে। কিন্তু বল তো, তোমাদের সমাজে কে রক্তপান করে না? তোমাদের নেতারা জনগণের রক্ত শুষিয়া নেয় না? তোমাদের ব্যবসায়ীরা গরিবের রক্ত খায় না? তোমাদের আমলারা সাধারণ মানুষের রক্ত নিংড়াইয়া নেয় না? আমি তো শুধু শরীর হইতে কয়েক ফোঁটা রক্ত নিই, আধা ঘণ্টার মধ্যে আবার তা পূরণ হইয়া যায়। কিন্তু তোমাদের সমাজের রক্তশোষকেরা মানুষের সর্বস্ব নিঃশেষ করিয়া দেয়। তবে হ্যাঁ, আমার গলা একটু শুকাইয়া গিয়াছে। এক চুমুক হলেও হতে পারে।

প্রতিবেদক : হে মশা মহোদয়, এ কী কথা!

মশা : আমি যে প্রতিদিন শুনি তোমাদের খবরে- ‘মশা নিধন অভিযানে অভূতপূর্ব সফলতা’, ‘এবার সত্যিই মশার বিনাশ হবে’ ইত্যাদি। কিন্তু আমাদের জনসংখ্যা তো কমে নাই, বরং বাড়িয়াছে। এই যে সিটি করপোরেশনের ওষুধ ছিটানো-আমাদের কাছে সেসব সুগন্ধি আতরের মতো। আমাদের তরুণেরা বলে, ‘আহ! আজ আবার পারফিউম পার্টি!’ বরং আমাদের প্রেমের আবেগ বৃদ্ধি করে। তোমাদের কীটনাশক আমাদের কাছে প্রেমের ওষুধ।

প্রতিবেদক : কিন্তু এগুলো তো মশক নিধনের চলমান প্রক্রিয়া। আপনারা বিরোধিতা করিতে পারেন না!

মশা : বিরোধিতা? আরে প্রিয় বন্ধু, আমরা তো রাষ্ট্রের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী! ভাবিয়া দেখ তো, আমাদের অস্তিত্ব না থাকিলে এ দেশের অর্থনীতির কী দশা হইত! স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট কমিয়া যাইত। ডেঙ্গু নিয়ে গবেষণার নামে কোটি টাকা বরাদ্দ হয়! কত আন্তর্জাতিক এনজিও আমাদের নামে অনুদান পায়! কত কন্ট্রাক্টর মশা নিধনের নামে কাজ পায়! কত ডাক্তার আমাদের জন্য রোগী পায়! আমরা তো একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রি! মশা ইন্ডাস্ট্রি! আমাদের চারপাশে গড়ে উঠিয়াছে একটি বিশাল অর্থনৈতিক চক্র। আমরা না থাকিলে এ চক্রের কী হইবে? তুমি জান, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া কত মানুষের রুটি-রুজির ব্যবস্থা হইয়াছে? মশার ওষুধ বিক্রেতা, স্প্রে মেশিনের দোকানদার, মশারি বিক্রেতা, কয়েল কোম্পানি-সবাই আমাদের অস্তিত্বের ওপর নির্ভরশীল।

প্রতিবেদক : কিন্তু মহাশয়, আপনারা তো মানুষের ক্ষতি করেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া...!

মশা : ক্ষতি? হা হা হা...! এ শব্দটি আমার কাছে বড় হাস্যকর লাগে। প্রিয় বন্ধু, আমরা কী করি? শুধু একটু রক্তপান, আর তাহাও নিজেদের প্রয়োজনে। আমাদের কোনো লোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই। আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই নিই। আর মানুষ কী করে? দেখ, আমি যখন কোনো ব্যক্তিকে কামড়াই, তখন তার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য করি না। তার বাড়িঘর দখল করি না। কিন্তু তোমাদের সমাজের মানুষ অন্য মানুষের সর্বস্ব নিঃশেষ করিয়া দেয়। আমি শুধু চামড়ায় একটু চুলকানি দিই, যা দুই-তিন দিনে ভালো হইয়া যায়। কিন্তু মানুষ অন্য মানুষের হৃদয়ে এমন কষ্টের কাঁটা বিদ্ধ করে যা সারা জীবনেও ভালো হয় না।

প্রতিবেদক : আপনার কথায় যুক্তি আছে। তবে ডেঙ্গুজ্বর সম্পর্কে কী বলবেন? মানুষ তো মরে যায়!

মশা : ডেঙ্গু? আহ, সে তো এক দীর্ঘ কাহিনি! প্রথম কথা হইল, ডেঙ্গু ভাইরাস আমাদের সৃষ্টি নয়। আমরা শুধু বাহক মাত্র, যেমন ডাকিয়া চিঠি বহন করে। ডাকিয়াকে তুমি চিঠির বিষয়বস্তুর জন্য দোষ দাও না। আসল দোষ তো তোমাদের পরিবেশের। এই যে জল জমাইয়া রাখ সর্বত্র- এয়ারকন্ডিশনারের নিচে, ছাদে, বাথরুমে, গাছের টবে, পরিত্যক্ত টায়ারে। আমাদের বংশবিস্তারের জন্য এত সুন্দর ব্যবস্থা করিয়া রাখিয়াছ! প্রকৃতি যখন এত সুবিধা করিয়া দিয়াছে, তখন আমরা তাহার সদ্ব্যবহার করিব না?

প্রতিবেদক : আপনাদের সমাজব্যবস্থা কী রকম? কোনো নেতা আছে?

মশা : আমাদের সমাজ পৃথিবীর সবচেয়ে আদর্শ গণতান্ত্রিক সমাজ। আমাদের কোনো একনায়ক নাই, কোনো স্বৈরাচার নাই। আমাদের কোনো দলাদলি নাই, কোনো হানাহানি নাই। কাজের বণ্টন সুষ্ঠুভাবে হয়। কেউ কারও এলাকায় হস্তক্ষেপ করে না। আর আমাদের লিঙ্গসমতা দেখ! পুরুষ মশা ফুলের মধু খায়, মহিলা মশা রক্তপান করে। কিন্তু এই নিয়ে কোনো ঝগড়া নাই। পুরুষরা বলে না যে, আমরা কেন মধু খাব? আমরাও রক্ত খাব। প্রত্যেকে নিজ নিজ প্রকৃতি অনুযায়ী কাজ করে।

প্রতিবেদক : আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মশা : প্রথমত, আমরা শীতকালেও সক্রিয় থাকার প্রযুক্তি উদ্ভাবন করিয়াছি। গ্লোবাল ওয়ার্মিং আমাদের বড় সহায়ক হইয়াছে। যেখানে আগে শীতে আমরা নিষ্ক্রিয় হইয়া যাইতাম, এখন সারা বছর কাজ করিতে পারি। দ্বিতীয়ত, আমরা নতুন নতুন রোগের সঙ্গে পার্টনারশিপ করিতেছি। চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, ইয়েলো ফিভার- এসব নিয়ে আমাদের গবেষণা চলিতেছে। আগামী দশ বছরের মধ্যে আমরা আরও পাঁচটি নতুন রোগের বাহক হইতে পারিব বলিয়া আশা করিতেছি।

প্রতিবেদক : মানুষের প্রতি কোনো বার্তা আছে কি?

মশা : অবশ্যই আছে। প্রথমত, আমাদের সঙ্গে সহাবস্থানে অভ্যস্ত হোন। আমরা তো যাইব না। বরং আমাদের দেখিয়া গর্ব করুন। পৃথিবীর আর কোনো প্রাণী এত ছোট হইয়াও এত বড় প্রভাব বিস্তার করিতে পারে? আমরা প্রমাণ করিয়াছি যে, আকারে ছোট হইলেও কাজে বড় হওয়া যায়। দ্বিতীয়ত, আমাদের কাছ থাকিয়া শিক্ষা নিন। আমরা সব ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবার সঙ্গে মিশি। তৃতীয়ত, আমাদের কর্মনিষ্ঠা দেখিয়া অনুপ্রাণিত হোন। আমরা দিন-রাত পরিশ্রম করি। কোনো ছুটি নাই, কোনো অবকাশ নাই। সরকারি কর্মচারীদের মতো আমরা ফাইল চাপা দিয়া রাখি না। চতুর্থত, আমাদের একতা দেখিয়া শিক্ষা নিন। আমাদের মধ্যে কোনো রাজনীতি নাই, কোনো দলবাজি নাই। একসঙ্গে কাজ করি, একসঙ্গে খাই, একসঙ্গে থাকি।

প্রতিবেদক : আপনাদের সাংস্কৃতিক কার্যক্রম আছে কি?

মশা : অবশ্যই! আমাদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। আমাদের জাতীয় সংগীত হচ্ছে ‘জিনিনিনিনিনিনিন’। এটি শুনিলেই সবাই বুঝিতে পারে আমরা আসিতেছি। আমাদের শাস্ত্রীয় সংগীতের ধারা আছে। বিভিন্ন সুরে আমরা গান করি। কেউ উচ্চ সুরে, কেউ মধ্য সুরে, কেউ নিম্ন সুরে। রাত্রিতে আমাদের যৌথ কনসার্ট হয়। আমাদের নৃত্যকলাও আছে। বাতাসে আমাদের নৃত্য দেখিয়া মানুষ মুগ্ধ হয়। অবশ্য কেউ কেউ হাত নাড়িয়া তাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা আমাদের তালের সঙ্গে তাল মিলাইতে পারে না।

প্রতিবেদক : সবশেষে মানুষের কাছে আপনার কি কোনো আবেদন আছে?

মশা : মানুষ কথা শোনে কম। তাই আবেদন করিয়াও কোনো উপকার হইবে বলিয়া মনে হইতেছে না।

কুমারপাড়া, সিলেট

Advertisement

Advertisement

আরও পড়ুন

সরস গল্প রূপচর্চার বেড়াজালে

রূপচর্চার বেড়াজালে

সরস গল্প তেলাপোকা সমাচার

তেলাপোকা সমাচার

সরস সাক্ষাৎকার মশক মহাশয়ের মহাকাব্যিক সাক্ষাৎকার

মশক মহাশয়ের মহাকাব্যিক সাক্ষাৎকার

সরস কৌতুক ওজন রহস্য

ওজন রহস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম