সরস গল্প
তেলাপোকা সমাচার
নাজিফা রাসেল স্বপ্না
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তেলাপোকাকে আমি কোনোদিন পছন্দ করিনি। সত্যি বলতে, পৃথিবীর সব প্রাণীর মধ্যে তেলাপোকাই একমাত্র প্রাণী, যাকে দেখলে আমার মানবিকতা জানালা দিয়ে পালিয়ে যায়।
এক রাতে রান্নাঘরে পানি খেতে গিয়ে দেখি, একটা তেলাপোকা দেওয়ালের ওপর দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে দৌড় দিল। আমিও চিৎকার দিলাম। সে ভয় পেল কিনা জানি না, তবে আমার চিৎকারে পাশের ঘর থেকে মা এসে হাজির।
মা বললেন, ‘কী হয়েছে?’
আমি দেওয়ালের দিকে আঙুল দেখিয়ে বললাম, ‘ওই যে!’
মা তেলাপোকাটার দিকে তাকিয়ে বললেন, ‘এটা নিয়ে এত ভয় পাওয়ার কী আছে?’
‘তুমি ওকে ভয় পাও না, কারণ ও তোমাকে চেনে না। ও যদি তোমার দিকে উড়ে আসে, তখন বুঝবে!’
মা বিরক্ত হয়ে চলে গেলেন।
আমি তেলাপোকাটার দিকে তাকিয়ে ভাবলাম, আজ ওর একটা ব্যবস্থা করতেই হবে। ঝাড়ু হাতে এগিয়ে যেতেই তেলাপোকাটা উড়ে আমার দিকে এল। আমি ঝাড়ু ফেলে দৌড়।
পরদিন সকালে শুনলাম, বাসার সবাই আমার এই কাণ্ড নিয়ে আলোচনা করছে।
ছোট ভাই বলল, ‘আপু, একটা তেলাপোকা দেখে তুমি দৌড়াও?’
আমি বললাম, ‘তুমি সাহসী হলে রাতে রান্নাঘরে গিয়ে ওর সঙ্গে বসে গল্প করো।’
‘তেলাপোকা যদি কথা বলতে পারত?’
‘তাহলে তো বিপদ আরও বেশি!’
সেদিন রাতেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। রান্নাঘর থেকে খসখস শব্দ শুনে উঁকি দিয়ে দেখি, সেই তেলাপোকাটা আবার এসেছে। কিন্তু এবার সে একা নয়। আরও তিনটা তেলাপোকা তার সঙ্গে।
আমি দরজা বন্ধ করে দাঁড়িয়ে গেলাম। মনে হলো, তারা যেন কোনো সভা করছে।
একটা তেলাপোকা বলল, ‘ভাইসব, পরিস্থিতি ভালো না। এই বাড়ির মানুষজন আমাদের একেবারে সহ্য করতে পারে না।’
আরেকটা বলল, ‘শুধু তাই না, আমাদের দেখলেই স্প্রে নিয়ে আসে।’
তৃতীয়টা দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘আমাদেরও তো বাঁচার অধিকার আছে।’
আমি দরজার আড়াল থেকে সব শুনছি।
প্রথম তেলাপোকাটা বলল, ‘তাই আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাত বারোটার পর বাড়ির মানুষের ওপর নজরদারি চালাব।’
আমি অবাক! তেলাপোকাদের গোয়েন্দা বিভাগও আছে!
পরদিন সকালে দেখি, রান্নাঘরের টেবিলে রাখা বিস্কুটের প্যাকেট কাটা। চিনির বয়ামের ঢাকনা একটু খোলা। আর ময়লার ঝুড়ির পাশে কয়েকটা তেলাপোকার পায়ের ছাপ।
আমি সবাইকে বললাম, ‘এরা সংগঠিত হচ্ছে!’
কেউ আমার কথা বিশ্বাস করল না। বরং মা বললেন, ‘রাতে বেশি গল্পের বই পড়লে এমনই হয়।’
কিন্তু কয়েক দিন পর ঘটনাটা ভয়ংকর দিকে গেল। রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখি, আমার বালিশের পাশে একটা কাগজ পড়ে আছে। কাগজে লেখা-‘মাননীয় বাড়ির মানুষ, আপনাদের সঙ্গে আমাদের কিছু কথা আছে। ১. রান্নাঘর পরিষ্কার রাখুন। ২. খাবার খোলা রাখবেন না। ৩. অকারণে আমাদের ওপর স্প্রে করবেন না। ৪. আমাদের দেখলে চিৎকার করবেন না। ইতি-ভারপ্রাপ্ত সহ-সভাপতি, তেলাপোকা কল্যাণ সমিতি!’
আমি কাগজ হাতে নিয়ে বসে রইলাম। মা এসে বললেন, ‘কী হয়েছে?’
আমি কাগজটা দেখালাম। বললাম, ‘মা! এটা তেলাপোকার চিঠি!’
মা কাগজটা দেখে বললেন, ‘তেলাপোকা আবার চিঠি লেখে?’
‘এখন থেকে লেখে।’
এরপর থেকে আমাদের বাড়িতে তেলাপোকাদের সঙ্গে এক অদ্ভুত সহাবস্থান শুরু হলো। আমরা খাবার ঢেকে রাখি, তারা রাতে বের হয়। আমরা রান্নাঘর পরিষ্কার রাখি, তারা ডাস্টবিনের আশপাশে থাকে। শুধু একটা সমস্যা রয়ে গেল। একদিন সকালে দেখি, ফ্রিজের দরজায় আরেকটা নোট।
‘আগামী শুক্রবার থেকে আমরা ভাড়া বাড়াব।’
আমি রেগে গিয়ে বললাম, ‘ভাড়া আবার কীসের?’
পেছন থেকে মা বললেন, ‘কী বলছিস?’
আমি বললাম, ‘তেলাপোকারা ভাড়া চাইছে!’
মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ‘বাহ্! আজকাল মানুষের চাইতে বেশি তেলাপোকার সাথে তোর আলাপ চলে!’
আমি চুপ করে গেলাম। ঠিক তখনই ফ্রিজের নিচ থেকে একটা তেলাপোকা বেরিয়ে এসে আমার দিকে তাকাল। মনে হলো, সে মুচকি হাসছে। হয়তো সেও বুঝে গেছে-এই বাড়িতে তেলাপোকাদের ভবিষ্যৎ উজ্জ্বল। মানুষের ভবিষ্যৎটা বরং অনিশ্চিত!
ঢাকা, রায়েরবাগ
