চ্যাটজিপিটি লিখবে আপনার ভাষায়
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তার লেখা এখন নিত্যদিনের সঙ্গী। ই-মেইল, প্রতিবেদন, আবেদনপত্র কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট-সব জায়গাতেই বাড়ছে এআই-এর ব্যবহার। কিন্তু সমস্যা হলো, অনেক সময় দেখলেই বোঝা যায়, লেখাটি মেশিনের তৈরি। একই শব্দ, একই বাক্যগঠন, আর একই ভঙ্গি-এ কারণেই সম্প্রতি আলোচনায় এসেছে ‘এআই স্লপ’। এ সীমাবদ্ধতা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওপেনএআই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন আরও ভালোভাবে অনুসরণ করার সুবিধা এনেছে প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য, এআই-এর খসড়া যেন কেবল ব্যাকরণগতভাবে নির্ভুল না হয়, বরং তাতে ফুটে ওঠে ব্যবহারকারীর নিজস্বতা। ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীর মতো লিখতে চ্যাটজিপিটির আগে প্রয়োজন হবে তার লেখার নমুনা। এজন্য জিমেইল, গুগল ড্রাইভ, স্ন্যাক ও শেয়ারপয়েন্টের মতো সংযুক্ত অ্যাপ থেকে প্রাসঙ্গিক তথ্য ব্যবহারের সুযোগ থাকবে। সহজভাবে বললে, কেউ যদি ছোট বাক্যে লেখেন, নির্দিষ্ট শব্দ বারবার ব্যবহার করেন বা একই ধরনের সমাপ্তি বাক্য লেখেন, এআই সেই বৈশিষ্ট্য নতুন খসড়াতেও অনুসরণ করার চেষ্টা করবে। ওপেনএআইয়ের আনুষ্ঠানিক তথ্যানুযায়ী, ব্যবহারকারী নিজের লেখার নমুনা দিয়েও নির্দিষ্ট লেখার ধরন তৈরি করাতে পারবেন। ফলে ভবিষ্যতে এআইয়ের লেখা আরও ব্যক্তিগত, প্রাঞ্জল ও বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তবে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও অনুমতি নিয়ে প্রশ্নও রয়ে গেছে। নতুন এ সুবিধা চালু হলে সাংবাদিক, শিক্ষক, গবেষক ও করপোরেট কর্মীদের জন্য এআইভিত্তিক লেখালেখি হবে আরও সহজ। ব্যবহারকারীর অনুমতি ছাড়া সংযুক্ত অ্যাপ থেকে তথ্য নেওয়া হবে না বলেও দাবি করেছে ওপেনএআই। এখন দেখার বিষয়, ব্যবহারকারীরা এ সুবিধা কতটা গ্রহণ করেন।
