স্মার্ট গ্লাসে সুবিধার ছোঁয়ায় গোপনীয়তা ফাঁসের শঙ্কা
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নতুন প্রযুক্তিপণ্যের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল স্মার্ট গ্লাস। চশমার ফ্রেমে হালকা স্পর্শ করেই ফোন কল করা যায়; শুধু তা-ই নয়, এআই ব্যবহার এবং ছবি বা ভিডিও তোলাও সম্ভব। ব্যবহারকারীর কাছে এটি এখন হাত-মুক্ত বহনযোগ্য ডিভাইস। তবে সুবিধার পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় বিতর্কও বাড়ছে। সমালোচকদের মতে, এটি সাধারণ মানুষের গোপনীয়তা ও নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ চশমা দিয়ে তোলা ইতিবাচক ভিডিও জনপ্রিয় হলেও এর অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাজ্যের রেস্তোরাঁ চেইন ওয়েদারস্পুনস ও কমিক কন-এর মতো ইভেন্টে এটি দিয়ে ভিডিও তোলা নিষিদ্ধ করা হয়েছে। নারী অধিকারকর্মীরা আশঙ্কা করছেন, সম্মতি ছাড়া গোপন নজরদারি বা হয়রানির কাজে এটি ব্যবহৃত হতে পারে। এমনকি রাস্তাঘাটে না জানিয়ে ভিডিও করা ঠেকাতে পর্যাপ্ত আইন নেই বলেও তারা মনে করেন। তবে এ মুদ্রার বিপরীত পিঠও রয়েছে। এখন পর্যন্ত ৭০ লাখের বেশি মেটা চশমা বিক্রি হয়েছে। চক্ষু বিশেষজ্ঞদের মতে, দৃষ্টিপ্রতিবন্ধী ও প্রবীণ মানুষদের পথচলতি সাইনবোর্ড বা খবরের কাগজ পড়ে শোনানোর ক্ষেত্রে এ প্রযুক্তি এক অনন্য বিপ্লব এনেছে। মেটা কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, চশমায় রেকর্ডিংয়ের সময় জ্বলতে থাকা লাইট ঢেকে দিলে ক্যামেরা আপনাতেই বন্ধ হয়ে যায়। স্মার্ট গ্লাস দিয়ে হয়রানিমূলক ভিডিও প্রকাশ করলে তা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইনস্টাগ্রাম।
বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সম্ভাবনা অস্বীকার করার উপায় নেই। হাত-মুক্ত কল, দ্রুত তথ্যসহায়তা ও দৃষ্টিসহায়তা ভবিষ্যতে আরও প্রসারিত হবে; কিন্তু সুবিধা পেতে হলে গোপনীয়তা, সম্মতি ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
ব্যবহারকারী, প্রযুক্তি প্রতিষ্ঠান ও আইনপ্রণেতাদের সম্মিলিত উদ্যোগই পারে স্মার্ট গ্লাসের ভবিষ্যৎকে নিরাপদ ও গ্রহণযোগ্য করতে। নইলে প্রযুক্তির সুফল ছাপিয়ে যেতে পারে আশঙ্কা।
