Logo
Logo
×

Advertisement

আইটি বিশ্ব

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর শুধু প্রযুক্তি গবেষণার বিষয় নয়; এটি অর্থনীতি, সমাজ, নিরাপত্তা ও মানবাধিকার পর্যন্ত ছুঁয়ে ফেলেছে। এমন প্রেক্ষাপটে এআইয়ের নৈতিক ব্যবহার ও ভবিষ্যৎ নিয়ে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্কটল্যান্ডে অনুষ্ঠেয় এ বৈঠকে মার্কিন চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া, এআই কোম্পানি অ্যানথ্রপিক, গুগলের ডিপমাইন্ড ও ওপেনএআই-এর শীর্ষ নেতাদের সঙ্গে রাজা চার্লসের দেখা করার কথা রয়েছে।

রাজপরিবারের একটি সূত্র সানডে টাইমসকে বলেছে, ‘রাজা চার্লস সেখানে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট আলোচনার আয়োজন করতে, সবার কথা শুনতে, তাদের উৎসাহিত করতে ও এ প্রশ্নটি সামনে আনতে যে, আমরা কীভাবে মানবজাতির কল্যাণে এআই বিকাশ করতে পারি?’

পরিবেশ বা পানি সংকটের মতো বিভিন্ন বৈশ্বিক ও জাতীয় ইস্যুতে রাজা চার্লসকে এর আগেও নিরপেক্ষ পরিসর তৈরিতে কাজ করতে দেখা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক একইভাবে তিনি এমন বিষয়ে নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে চান, যা সবার জীবনের ওপর প্রভাব ফেলতে পারে। সূত্র বলছে, ‘এ প্রযুক্তির বিকাশের বিভিন্ন সুযোগের পাশাপাশি এর দায়িত্বশীলতা সম্পর্কেও যাতে বড় বৃহত্তর বোধ তৈরি হয়, সে বিষয়ে রাজা চার্লস আশা প্রকাশ করেছেন। এর মাধ্যমে যে কোনো প্রযুক্তিগত উন্নয়ন যেন সমাজের মানুষের কল্যাণের কেন্দ্রবিন্দুতেই থাকে তা নিশ্চিত করা সম্ভব হবে।’

এআই সমাজের প্রতিটি মানুষের ওপর প্রভাব ফেলবে। ফলে রাজা চার্লস সবার সামনে প্রশ্নটি রাখতে চান-‘নির্দিষ্ট কিছু মূলনীতির একটি সেট থাকা কি সহায়ক হতে পারে?’ তার অনুভূতি হচ্ছে, ‘কাজটি সহজ নয়। তবে এর মানে এটাও নয়, আমাদের চেষ্টা করা উচিত নয়।’

এআই প্রযুক্তির নৈতিকতা ও নিরাপত্তার বিষয় নিয়ে ব্রিটিশ রাজা চার্লসের স্কটল্যান্ডে আয়োজিত এ শীর্ষ বৈঠকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং, গুগল ডিপমাইন্ডের প্রতিষ্ঠাতা স্যার ডেমিস হাসাবিস ও আইওনকিউ-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নিকোলো দে মাসি উপস্থিত থাকবেন। পাশাপাশি, প্রযুক্তি নীতি ও এআই বিষয়ে পোপের উপদেষ্টা পাওলো বেনান্তিও এ সম্মেলনে উপস্থিত থাকবেন। ডিচলি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে এআই নেতাদের জন্য একটি খসড়া চার্টার বা সনদ তৈরি করা হয়েছে।

সানডে টাইমসের প্রতিবেদন অনুসারে, এ চার্টারে ‘ভাগাভাগি করে নেওয়া কিছু মূলনীতির সেট’ অন্তর্ভুক্ত রয়েছে, যা কেবল সক্ষমতা ও দক্ষতার চালিকাশক্তি হিসাবে নয়, বরং মানুষের মর্যাদা অক্ষুণ্ন রাখতে এবং মানুষ ও পৃথিবী উভয়ের কল্যাণে অবদান রাখতে এআইয়ের ভবিষ্যৎ প্রয়োগকে পথ দেখাতে সাহায্য করবে।

এদিকে, অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই ‘উই মাস্ট পেস দ্য ফ্রন্টিয়ার’ শিরোনামে একটি প্রবন্ধে নিরাপত্তা ব্যবস্থাগুলো উন্নত করার সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পকে কিছুটা ‘ধীরগতি’ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ গ্রীষ্মকাল থেকে এআই প্রযুক্তির অগ্রগতি ‘অস্বাভাবিক দ্রুত গতিতে’ এগিয়ে চলেছে। আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে এ প্রযুক্তি পুরো ইন্টারনেট দখলের মতো সক্ষমতা পেয়ে যেতে পারে। অ্যানথ্রপিক প্রধানের এ আহ্বানে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ও ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানও সমর্থন জানিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, রাজা চার্লসের এ উদ্যোগ এআই শাসনব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। যদিও খসড়া সনদটি আইনত বাধ্যতামূলক নয়, তবে এটি এআই পরীক্ষা, স্বচ্ছতা ও মানবিক তদারকির ভবিষ্যৎ পথনির্ধারণে প্রভাব ফেলতে পারে। প্রযুক্তির দ্রুত বিকাশের এ যুগে মানবতার কল্যাণ ও নৈতিক মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে-রাজা চার্লসের বৈঠক সেই বার্তাই বহন করছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

এআই’র ভবিষ্যৎ নিয়ে রাজা চার্লসের বৈঠক

৫ লাখ ভুয়া জিমেইলের জাল তদন্তের মুখে গুগল

তদন্তের মুখে গুগল

স্মার্ট গ্লাসে সুবিধার ছোঁয়ায় গোপনীয়তা ফাঁসের শঙ্কা

স্মার্ট গ্লাসে সুবিধার ছোঁয়ায় গোপনীয়তা ফাঁসের শঙ্কা

চ্যাটজিপিটি লিখবে আপনার ভাষায়

চ্যাটজিপিটি লিখবে আপনার ভাষায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম