ইউটিউবে আসছে অডিওবুক
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গান ও ভিডিও স্ট্রিমিংয়ের বাইরে এবার অডিওবুকের বাজারেও নিজেদের অবস্থান শক্ত করতে চায় ইউটিউব। স্পটিফাই ও অ্যামাজনের অডিবলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে নতুন অডিওবুক ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে গুগলের মালিকানাধীন প্ল্যাটফর্মটি। আগামী বছরের শুরুতেই ফিচারটি উন্মোচন করা হতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। নতুন এ উদ্যোগের মাধ্যমে ইউটিউবের বিশাল ব্যবহারকারী গোষ্ঠীকে অডিওবুকের নিয়মিত শ্রোতায় পরিণত করার সুযোগ তৈরি হতে পারে। এ লক্ষে কয়েক মাস ধরে বিভিন্ন প্রকাশকের সঙ্গে আলোচনা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ইউটিউবে নানা বইয়ের অডিও সংস্করণ পাওয়া গেলেও অনেক ক্ষেত্রে রয়েছে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি রোবটিক কণ্ঠে অননুমোদিত বই প্রকাশের প্রবণতা বেড়েছে। আনুষ্ঠানিক অডিওবুক সেবা চালু হলে বৈধভাবে বই শোনা ও প্রকাশকদের স্বত্ব সুরক্ষার নতুন পথ তৈরি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, ইউটিউবের মাসিক ১৬ ডলারের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সঙ্গে অডিওবুক সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে গ্রাহকরা সীমাহীন বই শুনতে পারবেন, নাকি আলাদাভাবে বই কিনতে হবে, তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, স্পটিফাইয়ের প্রিমিয়াম গ্রাহকরা মাসে ১৫ ঘণ্টা অডিওবুক শুনতে পারেন। অ্যামাজনের অডিবলও বই কেনা ও সাবস্ক্রিপশনভিত্তিক সুবিধা দিয়ে বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। সব মিলিয়ে ইউটিউবের সাফল্য নির্ভর করবে বইয়ের সংগ্রহ, মূল্য এবং ব্যবহারের সুবিধার ওপর। বিশাল ব্যবহারকারী ভিত্তি কি অডিওবুকের বাজারে নতুন শক্তি হয়ে উঠবে, এখন সেটিই দেখার বিষয়।
