সিটিজে-ওপাসের সেমিনার
এআই যুগে প্রযুক্তি সাংবাদিকতায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা
Advertisement
আইটি ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সাংবাদিকতার কাজের ধরন বদলে দিচ্ছে। সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরিতে এআইয়ের ব্যবহার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি সাংবাদিকতার পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে ‘এআই: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ ইন টেক জার্নালিজম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর মেঘমাটি ভিলেজ রিসোর্টে সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ও ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সিটিজের সভাপতি হাসান জাকির, মহাসচিব সাইফ আহমাদসহ সংগঠনটির ১৪ জন সদস্য অংশ নেন। সেমিনারে এআইয়ের যুগে প্রযুক্তি সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা, সাংবাদিকতায় এআই সমন্বিত সফটওয়্যারের ব্যবহার, তথ্য বিশ্লেষণ এবং আন্তর্জাতিক পরিসরে এআইয়ের প্রয়োগ নিয়ে আলোচনা হয়।
আলোচনায় ওপাস কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল কাফি এআই সমন্বিত সফটওয়্যারের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতার কাজে এসব সফটওয়্যারের কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করেন তিনি।
সিটিজের সভাপতি হাসান জাকির এআইয়ের সময়ে প্রযুক্তি সাংবাদিকদের করণীয় ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পরিবর্তিত প্রযুক্তি পরিস্থিতিতে সাংবাদিকদের নতুন দক্ষতা অর্জন এবং এআইয়ের ব্যবহার সম্পর্কে সচেতন থাকার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
সিটিজের মহাসচিব সাইফ আহমাদ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহারিক সুবিধা তুলে ধরেন। বিশেষ করে তথ্য-উপাত্ত বিশ্লেষণে এআইয়ের ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, এ প্রযুক্তি ডেটা বিশ্লেষণে প্রয়োজনীয় সময় কমিয়ে সাংবাদিকদের কাজকে আরও কার্যকর করতে সহায়তা করতে পারে।
সেমিনারে দৈনিক প্রথম আলোর প্রতিবেদক ও সিটিজের সদস্য রাহিতুল ইসলাম বিভিন্ন দেশে এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি এআই প্রযুক্তির প্রয়োগের উদাহরণ হিসাবে জাপান ও চীনের বিভিন্ন উদ্যোগের বিষয় তুলে ধরেন।
সিটিজের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি কাজী সোহাগ বলেন, প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গণমাধ্যমকর্মীদেরও নতুন প্রযুক্তি ও অটোমেশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। অন্যথায়, সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে পিছিয়ে পড়া ছাড়া উপায় থাকবে না।
সেমিনারের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও পারস্পরিক মতবিনিময়ে অংশ নেন সিটিজের সদস্যরা। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ প্রযুক্তি সাংবাদিকদের মধ্যে জ্ঞান বিনিময়, পেশাগত যোগাযোগ এবং প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ বাড়াবে।
