কিশোরদের এআই আসক্তি
বাড়ছে মানসিক ঝুঁকি
আইটি ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রযুক্তির সঙ্গে বেড়ে উঠছে নতুন প্রজন্ম। পড়াশোনা, বিনোদন, কৌতূহল মেটানো কিংবা মনের কথা ভাগাভাগি-সবকিছুতেই জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট। মানুষের মতো কথা বলা, প্রশ্নের উত্তর দেওয়া, এমনকি ব্যক্তিগত অনুভূতির প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা এসব প্রযুক্তিকে শিশু-কিশোরদের কাছে ক্রমেই জনপ্রিয় করে তুলছে। তবে এ জনপ্রিয়তার আড়ালে তৈরি হচ্ছে নতুন ধরনের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যঝুঁকি। যুক্তরাজ্যের যোগাযোগ ও সম্প্রচারমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকমের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, দেশটির আট থেকে ১৭ বছর বয়সি শিশুদের ৮১ শতাংশ গত ছয় মাসে অন্তত একবার এআই চ্যাটবট ব্যবহার করেছে। অর্থাৎ প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনই এখন এআই চ্যাটবটের সঙ্গে পরিচিত। তাদের ৩৫ শতাংশ প্রতিদিন এবং ৮২ শতাংশ সাপ্তাহিক ভিত্তিতে এসব প্রযুক্তি ব্যবহার করে।
শিশুদের মধ্যে এআই ব্যবহারের প্রধান কারণ পড়াশোনা ও কৌতূহল মেটানো। জরিপে ৫৪ শতাংশ শিশু জানিয়েছে, বিভিন্ন প্রশ্নের উত্তর ও নিজেদের আগ্রহের বিষয় জানতে তারা চ্যাটবট ব্যবহার করে। অন্যদিকে ৫৩ শতাংশ স্কুলের পড়া ও বাড়ির কাজের জন্য এআইয়ের সহায়তা নেয়। অর্থাৎ শিক্ষার সহযোগী হিসাবে এআইয়ের ব্যবহার বাড়লেও এর ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কাও তৈরি হচ্ছে।
আরও উদ্বেগের বিষয় হলো, এআইয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। জরিপে ১৩ থেকে ১৭ বছর বয়সি কিশোরদের এক-তৃতীয়াংশের বেশি জানিয়েছে, তারা চ্যাটবটের সঙ্গে রোলপ্লে বা চরিত্রাভিনয়ে অংশ নিয়েছে। শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও বাড়ছে এআই চ্যাটবটের ব্যবহার। গ্রেট ব্রিটেনে জরিপ করা প্রাপ্তবয়স্কদের ৬৪ শতাংশ সম্প্রতি এসব প্রযুক্তি ব্যবহার করেছেন। তাদের ১২ শতাংশ এআই তৈরি চরিত্রের সঙ্গে কথোপকথন করেছেন। এ ধরনের ব্যবহারকারীদের অর্ধেক জানিয়েছেন, এআই চরিত্রের প্রতি তারা মানসিক সংযোগ অনুভব করেছেন। এমনকি প্রতি সাতজনে একজন মাঝেমধ্যে ভুলে যান যে তারা কোনো মানুষের সঙ্গে নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলছেন।
ব্যক্তিগত ও সংবেদনশীল বিষয়েও বাড়ছে এআইয়ের ওপর নির্ভরতা। জরিপে ৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কারণে, এক-চতুর্থাংশ চিকিৎসা পরামর্শের জন্য এবং ১২ শতাংশ সম্পর্কবিষয়ক ব্যক্তিগত পরামর্শ পেতে চ্যাটবট ব্যবহারের কথা জানিয়েছেন। অথচ এআইয়ের দেওয়া সব তথ্য নির্ভুল বা চিকিৎসাবিজ্ঞানের ভিত্তিতে যাচাই করা-এমন নিশ্চয়তা নেই।
এ পরিস্থিতিতে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে যুক্তরাজ্য সরকার। ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধের পরিকল্পনা থাকলেও এআই চ্যাটবটকে সরাসরি নিষেধাজ্ঞার আওতায় আনার সম্ভাবনা কম। তবে বিভ্রান্তিকর ও যাচাইহীন মানসিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া চ্যাটবট নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
অফকমের প্রযুক্তি নীতি পরিচালক অ্যান্ড্রু ব্রিজের মতে, এআই চ্যাটবট মানুষের ডিজিটাল জীবনের অংশ হয়ে উঠছে। এসব প্রযুক্তি ইতিবাচক অভিজ্ঞতা দিলেও ঝুঁকিও তৈরি করতে পারে। তাই শিশু ও প্রাপ্তবয়স্করা কীভাবে এসব সেবা ব্যবহার করছে, তা বোঝার পাশাপাশি যথাযথ সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
