শিল্পকর্ম চুরির আতঙ্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ছেন শিল্পীরা
আইটি ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারে বদলে যাচ্ছে সৃজনশীল জগতের চিত্র। ছবি আঁকা, নকশা তৈরি কিংবা ভিডিও নির্মাণে এআই নতুন সম্ভাবনা তৈরি করলেও শিল্পীদের মধ্যে বাড়ছে উদ্বেগ। তাদের আশঙ্কা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শিল্পকর্ম অনুমতি ছাড়াই সংগ্রহ করে এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। এমনকি মূল শিল্পীর কাজ ও নিজস্ব শৈলী নকল করে তা বাণিজ্যিকভাবেও ব্যবহার করা হচ্ছে। এ পরিস্থিতিতে ফেসবুক ও ইনস্টাগ্রাম ছাড়ছেন অনেক শিল্পী। কেউ পোস্ট দেওয়া বন্ধ করছেন, কেউ মুছে ফেলছেন অ্যাকাউন্ট। আবার কেউ কাজ প্রদর্শন ও বিক্রির জন্য প্যাট্রিয়ন ও সাবস্ট্যাকের মতো বিকল্প প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন।
যুক্তরাজ্যের জলরংশিল্পী ম্যাটি বার্নহ্যামের অভিজ্ঞতা এ উদ্বেগের বাস্তব উদাহরণ। ২০২৪ সালে পিন্টারেস্টে নিজের একটি চিত্রকর্মের নামে ভুয়া অ্যাকাউন্ট খুঁজে পান তিনি। সেখানে তার জলরঙের ছবিগুলো ব্যবহার করে এআইয়ের সাহায্যে নতুন ছবি তৈরি করা হচ্ছিল। পরে সেসব ছবি শপিফাই, ফেসবুক ও ইনস্টাগ্রামে ভুয়া শিল্পীর পরিচয়ে বিক্রির জন্য উপস্থাপন করা হয়। অ্যাকাউন্টটির অবস্থান ভিয়েতনামের হো চি মিন সিটিতে শনাক্ত হলেও এর পেছনে কারা রয়েছে, তা জানতে পারেননি বার্নহ্যাম। তার অভিযোগ, এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট লাখো অনুসারী তৈরি করে বিপুল অর্থ আয় করছে। অনুসারীদের অনেকেই প্রতারকদের প্রকৃত শিল্পী বলে বিশ্বাস করছেন।
সম্প্রতি এ বিষয়ে এক ডজনের বেশি শিল্পীর সঙ্গে কথা বলেছে সিএনএন। তাদের আশঙ্কা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ব্যক্তিগত পোর্টফোলিও, অনলাইন দোকান ও বিভিন্ন ব্যাবসায়িক অ্যাকাউন্টের তথ্য স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ করে এআই প্রশিক্ষণে ব্যবহার করা হতে পারে। এতে শিল্পীদের নিজস্ব সৃজনশৈলী অনুকরণ করা সহজ হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষের তৈরি শিল্পকর্মের বাজার।
মেটার প্রস্তাবিত নতুন নীতিমালা এ উদ্বেগ আরও বাড়িয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বাইরের ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহের সুযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পীরা। নতুন শর্ত কার্যকরের তারিখ প্রথমে ৩০ অক্টোবর নির্ধারণ করা হলেও পরে ২০ নভেম্বর করা হয়। ৫ নভেম্বর মেটা জানায়, নীতিমালার পরিবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানালেও শিল্পীদের উদ্বেগ কাটেনি।
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ডাচার ফটোগ্রাফির সহমালিক সামান্থা ওয়ালড্রন নিজের ও প্রতিষ্ঠানের ফেসবুক পেজ মুছে দিয়েছেন। ইনস্টাগ্রামের ব্যাবসায়িক অ্যাকাউন্টগুলো ব্যক্তিগত অ্যাকাউন্টে রূপান্তর করেছেন। তার মতে, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের শেষ সীমা ছিল মেটার নতুন নীতিমালা। একইভাবে কাউগার্ল আর্টিস্টস অব আমেরিকার প্রতিষ্ঠাতা মেগান উইমবার্লিও মেটার সব অ্যাকাউন্ট বন্ধ করার প্রক্রিয়ায় রয়েছেন।
শিল্পকর্ম নকলের ঘটনা যে শুধু আশঙ্কার মধ্যে সীমাবদ্ধ নয়, তার উদাহরণ নিউইয়র্কের শিল্পী অ্যান্ড্রু স্কট। তার কাজের অনুকরণে এআই ভিডিও তৈরি করেছিলেন এক ব্যক্তি। পরে স্কটের সঙ্গে আলোচনায় ওই ব্যক্তি স্বীকার করেন, মূল শিল্পকর্ম ব্যবহার করেই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। এমন একটি ভিডিওর দর্শকসংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যায়।
শিল্পীদের দাবি, প্রযুক্তির অগ্রগতিতে তাদের আপত্তি নেই। আপত্তি অনুমতি ছাড়া কাজ ব্যবহার, স্বত্ব লঙ্ঘন এবং বাণিজ্যিক সুবিধা নেওয়ার বিরুদ্ধে। সোসাইটি অব ইলাস্ট্রেটরসের বোর্ড সদস্য টিম ও’ব্রায়েন মনে করেন, শিল্পীদের সম্মতি, ন্যায্য পারিশ্রমিক ও অভিযোগ জানানোর কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
