মানুষের হৃদয়ে জ্বলজ্বল করছেন যিনি
শহিদ আজাদ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তোমরা কী জানো
ঐ যে লাঠি হাতে হেঁটে যান দৃঢ় পায়ে
মুখে যাঁর শুভ্র দাঁড়ি
দিতে চান উত্তাল সমুদ্র পাড়ি।
মেহনতি মানুষের অধিকার আদায়ে
ভীষণ সোচ্চার তিনি খালি পায়ে।
ফারাক্কার মিছিলে পুরোপুরি খাস দিলে
লক্ষ মানুষের ঢল যেন এক সমুদ্র অতল,
কাগমারি সম্মেলনে তর্জনী উঁচিয়ে
দিয়েছেন হাঁক ভয়ে কেঁপেছে ক্ষমতার মসনদ!
বলেছেন নির্দ্বিধায় মেহনতী মানুষের কল্যাণে
করতে হবে কাজ
কেউ থাকবে না আর কারও দাস।
হাতে তুলে নেননি কোনোদিন
কোনো মেশিনগান কোনো স্টেনগান
শুধু আঙুলের তর্জনী দেখিয়েই
কাঁপিয়েছেন রাজার সিংহাসন
যেন এক ভূমিকম্প দিচ্ছে নাড়া
লন্ডভন্ড করে দিতে সকল অন্যায় অত্যাচার,
জনগণের আদালতেই হতে হবে যার বিচার।
পল্টনের ময়দানে লাখো মানুষের মিলনে
দিয়েছেন স্বাধীনতার ডাক
রাখেননি কোনো রাখঢাক
আসাম থেকে সন্তোষে দেশ থেকে দেশান্তরে
চীন থেকে ইউরোপে ছড়িয়েছেন মানবতার বার্তা,
এক মুকুটহীন সম্রাট, হয়ে উঠেছেন
কৃষক শ্রমিকসহ কোটি কোটি মেহনতী মানুষের ত্রাতা।
মানুষের হৃদয়ে ছবি হয়ে আজও উজ্জ্বল
নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন যিনি
তিনি আর কেউ নন মজলুম জননেতা
মওলানা আব্দুল হামিদ খান ভাসানী!
