আগুনের সিম্ফনী
আবদুল হাই শিকদার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পুড়ে যায় গ্রাম পল্টন মাঠ তামাটে বস্তি পুড়ে যায় শ্রেণী রোষে।
এশিয়া ল্যাটিন কালো আফ্রিকার আকাশ বাতাস চষে
তোলপাড় করে ফেরে শয়তান। আমাদের ঠোঁটে তালা
কোথায় মানুষ, মানুষের নেতা, পশুর গলায় দোলে বিজয়ের মালা!
পাথুরে আকাশও ভেঙেচুরে গেছে। স্বপ্নে বুটের বীভৎস বাড়াবাড়ি।
বুদ্ধিজীবীরও লেজ নড়েচড়ে। সোনার ছেলেরা গুম।
শিশিরে ভিজিয়ে গেরুয়া তবন আর ফিরলো না বাড়ি
যারা গিয়েছিস ঘন বনানীতে- তারা হয়ে রলো খুনী।
জলপাই জ্বরে বাতাস বেঁহুশ। নিষিদ্ধ সেই আগুনের সিম্ফনী
ছুঁয়ে দেয়া ভুলে, ঘুমে ঢুলু ঢুলু চোখ-
অচেনা শহরে কদম কদম তবু গেরামের লোক
এসেছিলো দশ দিগন্ত উপচিয়ে,
আপনার নাম শপথের ঘ্রাণে মানুষের যে বিশাল দল
পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো প্লাবনের মতো,
বৈশাখী ঝড় সেও প্রাণের পতাকা হয়ে উঠেছিল যাদের,
কাঁস্তে হাতুড়িতে যারা জাগালো আগুন;
যাদের বেআব্রু ঘর ভরে থাকে নিশিথের চাঁদে,
দিনের সূর্য আর মাতাল ক্ষুধায়, পদ্মায় ভেসে গেছে ভিটে
হালের বলদ নাই, মা মরেছে কলেরায় ধুঁকে-
তারা তো জেনেইছিলো লাল রাখী কীভাবে বাতাসে
আতীব্র জৈবিকতা পান করেও আপনার কণ্ঠস্বরে ভাসে।
তারা বলেছিলো ইস্পাতে ফুল ফোটাবার উদ্ভাসে,
‘আকাশ কাঁপিয়ে নামাবো পাহাড়, নদী ভাঙনে দুর্জয় প্রতিরোধ
প্ল্যাকার্ড মিছিল স্লোগানে স্লোগানে বুলেটের প্রতিশোধ
নেবোই আমরা। বত্রিশ নাড়ি দাড়ি কমা মেনে যত হোক ভারবাহী
সন্তোষ থেকে কৃষকের কুমার পৌঁছবোই রাজশাহী-’
কিন্তু আপনি দুঃখ পেয়েছিলেন।
আসামের পাহাড় ও শ্বাপদ অরণ্য জানে।
ব্রহ্মপুত্রের অববাহিকা জানে। ধলেশ্বরী নদী জানে।
সুরমা ভ্যালী জানে। জানে গড়াই নদীর জেলেরা।
তোরাব ফকিরেরও জানবার কথা।
মওলানা আপনি দুঃখ পেয়েছিলেন।
শেরেবাংলা সোহরাওয়ার্দী শেখ মুজিব যাদুমিয়াদের কথা থাক।
হক তোয়াহা মতিন দেবেন শিকদারের কথাও না হয় থাক।
জাফর রনো মেনন মাহবুবউল্লাহরাই কি কম জ্বালিয়েছে আপনাকে?
আপনার সে কষ্টের কথা বারী মাঝে মধ্যে বলে।
বলে সন্তোষ। বলে দক্ষিণ বাঙলার হু হু উপকূল
আর সেই বৃদ্ধ, আপনার কথা ভাবতেই যার ঝাপসা চোখ ছাপিয়ে
নেমে আসে অবিরল পানির ধারা।
‘মধ্যবিত্তের জীবন নিয়ে ট্র্যাজেডি হয় না’-
কথাটা আপনিই শেষতক ব্যর্থ করে দেবেন এ আমরা ভাবতে পারিনি।
পাছে এই রসায়নে, আপনার দুই চোখ সংহারের ক্রোধে জ্বলে ওঠে-
অথবা মৃত্তিকা ফুঁড়ে আপনি উদ্ভিদের মতো উঠে বসেন,
আপনার চোখের নিচেও পাছে ঝুলকালি দেখি,
আপনিও শুকিয়ে গেছেন অনাদর অবহেলা সয়ে
-এই ভয়ে পিতা যাই না সন্তোষে; আমরা কতিপয় উদ্ভ্রান্ত যুবক
মধ্যরাতে টলমল অন্ধকার পান করে
অন্ধকারের পাশে ভৌতিক অন্ধকার হয়ে
ছিঁড়ে ফেলি আকাশের নিপাট মশারি।
হাজার তারার ঝাড়বাতি।
নির্জন নিসর্গ আর আত্মার শেষ মোমবাতি।
বুকের ভিতরে ফুঁজিয়ামা ফুঁসে হাতে পায়ে শৃংখল
অভ্যুত্থানের আগুন স্মৃতি গলে পচে কবে জল!
নাগরিক ঘেরাটোপে বন্দী ব্যানার নিজের ভিতরে মজে থাকি।
সন্ত্রাস তাড়া করে, খুঁটে খুঁটে খায় পরমায়ু।
লোহার হেলমেটটাকেও রাতে রাতে খেয়েছে ইঁদুরে
তবুও নীরব থাকি। নীরবতা ভালো বলে মানি!
ভুরুঙ্গামারীর সেই চাষী গালে-হাত ক্ষেতের কিনারে বসে আছে।
সামরিক স্বৈরাচার কেড়ে নিলো সর্বশেষ মানবিক মিনার।
আকাশ ও সমুদ্র ফাটিয়ে ছুটে আসে সাম্রাজ্যবাদের লাটবহর
সমস্ত বাংলাদেশ পিপাসায় হা হা করে ওঠে
আমাদের স্থলভূমির স্বল্পতা নিয়ে আর কারো মাথা ব্যথা নেই।
শীতে মরে যাই।
উনুনের আগুন নিভে গেছে সেই কবে।
শীতে মরে যাই।
আমরা কতিপয় নষ্ট ভ্রষ্ট কালো কুৎসিত যুবক
মারি কানামাছি হো হো হি হি হাসি।
উচ্চারণে আঞ্চলিকতা ওড়ে।
মাসের শেষে কড়কড়ে একদিন।
কাপ্তাই লেকে ডিজেল পুড়িয়ে বিহার।
জাতির সঙ্গে হাতির অনুপ্রাস
মুখের সামনে ঝুলে গেছে নীল ঠোঁট।
হাড়ের ভিতরে শুয়োরের কাদা খোঁজা।
প্রভু আপনার গালমন্দের ভয়ে লজ্জায় মরে আছি-
মিছিল এখনও আছে মিছিলের প্রাণটুকু নিয়ে আপনি উধাও।
রঙের বৈভব নিয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত পড়ে রইল,
কেবল লালের লবণটুকু নিয়ে আপনি হাওয়া।
যাবতীয় ছলাকলা নিয়ে ফারাক্কা রইল বসে জগদ্দল ফারাক্কার মতো,
কেবল আমাদের নিরাভরণ স্পর্ধার ধারটুকু নিয়ে আপনি নিরুদ্দেশ।
নীড়ে রোনাজারী অসহায় ছানা তবু চঞ্চুতে শষ্যের দানা নিয়ে
ফিরলো না পাখি- যে গেছে হারিয়ে ঝড়ের রাতের রুদ্র তাণ্ডবে-
আমাদের সকাল মানে কৃমির জটিলতা, মাংস ও পুঁজে যাত্রার প্রস্তুতি
সন্ধ্যা ও রাত আসে অজগরের উদরের মতো ভয়াবহ স্থূলতা নিয়ে।
যান্ত্রিক সঙ্গমে বাড়ে প্রতিদিন অজস্র শিশু।
তবু যে কি করে উপদংশের উৎসব পিছু ফেলে,
নর্দমা ঘাঁটা সূর্যের মনে প্রতীতিরা ডানা মেলে,
কেবল কোথাও কেবল একটা কি যে-
তেঁতুলিয়া থেকে টেকনাফ হয়ে সমুদ্রে উথলায়।
টের পাই খুঁজে সেখানে কোথাও গ্লানির করুণা নেই,
সেইখানে যেন নড়ে ওঠে কেউ। দর্পিত অধিবাস
আজও রয়ে গেছে কারো। ওইটুকু বিশ্বাস
নদী ও মাছের নিবিড় কথোপকথনের মতো,
আমাদের রক্ত হৃদয় ও ঘাম উজাড় করে
তুলে আনে দিন মজলুমানের, সবুজের নিঃশ্বাসে।
অথচ আপনি বেমানান এক ঘুমে।
বেমানান লাগে মোহানায় এসে পলি বয়ে আনা নদী
হারিয়ে আদিম জঙ্গল ফিনী,
সাগরের শাদা বালুকা বেলায় চিৎপাত পড়ে আছেন-
‘ভস্ম অপমান শয্যা ছাড়ো’ হে পিতা
কবরের ঘাস সরাও ত্রস্ত্র হাতে।
ঘন গর্জনে ঘোর লাগা মাটি সৌরভ মেখে রাতে,
দিবসে আনুক ঝিনুকের মালা-নকশী কাঁথার রাত
অশুভ পেঁচার ডাকাডাকি যাক গ্রাম থেকে বহুদূরে
শোষিতের নবী জিন্দাবাদ আমাদের সেই তেজটুকু দিয়ে দাও,
হিংসার নবী হিংসা নিভেছে আমাদের সেই হিংস্রতা ফিরে দাও,
আমাদের সিনা, সীমার ভিতরে আজও যতটুকু প্রেম আতরতা আছে
তার সব বিনিময়ে বিষবোধ ও বিস্ফোরণে আর একটিবার
আগুনের সিম্ফনী ছোঁয়াও
ফসলের মানুষের ঘাম-জল কাতারে ভিড়াও-
আপনি শুধু আর একটিবার একটি খামোশ বলুন
আবদুল হাই শিকদার : কবি; সম্পাদক, যুগান্তর
