Logo
Logo
×

Advertisement

যুগান্তরের বিশেষ আয়োজন

ইতিহাসের আলোয় আসামের ভাসানী

Icon

সলিমুল্লাহ খান

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘জাতীয়তার দাবিদার দলগুলি তাহাদের প্রচারণার সিংহভাগ জুড়িয়া কৃষক শ্রেণীর ভূমিকা আগাগোড়াই খাটো করিয়া দেখায়।’-(ফানোঁ ১৯৯০: ৪৭)

আলজিরিয়ার মুক্তিযুদ্ধে শরিক হইয়াছিলেন মধ্য-আমেরিকার তত্ত্বজ্ঞানী ফ্রানৎস ফানোঁ (১৯২৫- ১৯৬১)। ১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের আগে হইতেই বাংলাদেশের কৃষক একই অভিজ্ঞতার স্বাদ লাভ করিয়াছিল। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনকাহিনি ভাবিয়া দেখিলেও ফানোঁর কথার সত্যতা স্বীকার করিতে হয়। বর্তমান সামান্য নিবন্ধে আমি শুদ্ধমাত্র এই শিক্ষার কথাটাই উল্লেখ করিব।

মওলানা ভাসানীর জীবনকাহিনি, এক কথায় বলিতে, বাংলাদেশের মুসলমান কৃষকশ্রেণির, যাহাদের ডাকনাম বাঙালি মুসলমান তাহাদের, জীবনচরিত বিশেষ।

ঔপনিবেশিক শিক্ষাদীক্ষার আওতা হইতে তিনি কপালগুণে অনেক দূরে ছিলেন। ঐ শিক্ষাদীক্ষার কলুষ তাঁহার অপূর্বতা পুরোপুরি খারিজ করিতে পারে নাই বলিয়াই মনে হয়। জমিদার আর নতুন বিত্তবান বা মধ্যবিত্ত প্রভৃতি প্রধান প্রধান মুৎসুদ্দি বা সহযোগী শ্রেণির মুখোশ তিনি অনেকবার খুলিয়া দিয়াছিলেন। এই কীর্তি তিনি শুরু করিলেন ভারত বিভাগের ঢের আগে, অবিভক্ত ভারতের আসাম প্রদেশে। ১৯৪৭ সালে অর্জিত স্বাধীনতার সংগ্রামের নায়কদের মধ্যে তাঁহার নাম অবিস্মরণীয়।

অথচ ১৯৪৭ সালে অর্জিত স্বাধীনতার সংগ্রামে মওলানা ভাসানীর দান পরের যুগের ইতিহাস হইতে একভাবে না একভাবে মুছিয়া ফেলা হইয়াছিল। নতুন ভারতে তো বটেই, সদ্যোজাত পাকিস্তানেও তাহাই সত্য ছিল। সত্য বলিতে বিচ্ছিন্ন দুই চারিটি প্রবন্ধের বাহিরে তাঁহার কীর্তি আজ পর্যন্ত সর্বসাধারণের অজান্তেই রহিয়া গিয়াছে।

মওলানা ভাসানীর কাহিনি বিশেষ তাঁহার রাষ্ট্রজীবনের যে কাহিনি শুরু হইয়াছিল অবিভক্ত ভারতের আসাম প্রদেশে, এই নিবন্ধে আমিও তাহার উল্লেখমাত্র করিতেছি, সকল দিক আলোচনা করাটা আমার বিদ্যায় কুলাইতেছে না।

১.

১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর আক্রমণের মুখে মওলানা ভাসানী ভারতে আশ্রয় লইয়াছিলেন। তাঁহার সঙ্গে, অন্যান্যের মধ্যে, পাবনা-সিরাজগঞ্জ এলাকার বামপন্থি রাজনৈতিক কর্মী সাইফুল ইসলাম সাহেবও সে দেশে আশ্রয় লইয়াছিলেন। অধিক কি, যুদ্ধকালীন প্রবাসে তিনি মওলানার ব্যক্তিগত সহকারীর কাজও করিতেন। সেই অভিজ্ঞতার কিছু কথা ও কাহিনি তিনি ১৯৮৭ সালে ‘স্বাধীনতা ভাসানী ভারত’ নামের একটি খণ্ডে প্রকাশ করিয়াছিলেন। ইহার দেড় দশক পর, ২০০২ নাগাদ, একটি কাঠখোট্টা নাম, ‘আসাম ও মওলানা ভাসানী এবং লাইন প্রথা-বাঙালখেদা’, যোগ দিয়া আর একটি পুস্তিকা তিনি প্রকাশ করিয়াছিলেন। এই পুস্তিকাও সেই ১৯৭১ সালের অভিজ্ঞতা লইয়া বিরচিত। এই পুস্তিকায় তিনি অনেক কথা মওলানার জবানিতে লিখিয়াছেন। তবে কথাগুলি মওলানা কোন জায়গায় কিংবা কোন তারিখে বলিয়াছিলেন তাহা সবসময় উল্লেখ করেন নাই।

পুস্তিকাটি পড়িতে শুরু করিয়া আমিও একটি প্রশ্নের মুখোমুখি হইলাম : মওলানা কেন, কি কারণে, পাকিস্তান আন্দোলনে শরিক হইয়াছিলেন? উত্তর সহজ নহে। সাইফুল ইসলাম সাহেবের কথায়ও এই প্রশ্নের কোনো অমৃত সমান উত্তর নাই। মনে পড়িল আমাদের দেশে যাঁহাদের সচরাচর বামপন্থি বলা হয় তিনিও তাঁহাদের মধ্যে। দুঃখের মধ্যে দেখিলাম তাঁহার পাঁচ কথা ভাবিয়া ভাবিলে পড়িলে হয়তো একটা উত্তর পাওয়া যায় তো যাইতেও পারে।

সাইফুল ইসলাম সাহেব কথায় কথায় সকলকে একটা কথা জানাইয়া দিতেন মওলানা ভাসানীর সঙ্গে তাহার সুসম্পর্ক ছিল, তবে তাঁহার রাজনীতিটা তিনি ঠিক বলিয়া মনে করিতেন না। ‘মওলানা ভাসানী ও আসাম এবং লাইন প্রথা-বাঙালখেদা’ পুস্তিকার এক জায়গায় সাইফুল সাহেব সরাসরি লিখিতেছেন: ‘আলোচনায়, যুক্তিতে, আন্দোলন, বিদ্রোহে, বিপ্লবে ধর্মের সম্পৃক্ততা সম্পর্কে তাঁর সাথে একমত হতে পারিনি। আর এই কারণেই মওলানা ভাসানীর সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও রাজনীতিতে তাঁর সাথে থাকতে পারিনি’ (ইসলাম ২০০৩: ২৫)। ভালো কথা।

১৯৭১ সালে যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলিতেছিল, তখন আসামে, ভাসানচরের মাটিতে বসিয়া সাইফুল ইসলাম মওলানা ভাসানীকে জিজ্ঞাসা করিলেন : ‘আপনি কেন আসামের লাইন-প্রথাবিরোধী অসাম্প্রদায়িক আন্দোলনকে সাম্প্রদায়িক পাকিস্তান আন্দোলনে রূপান্তরিত করিয়াছিলেন?’ উত্তরের ছলে মওলানা ভাসানী ধর্মের সাম্যবাদী ও অন্যান্য ইতিবাচক দিকের যুক্তি দেখাইলেন।

সাইফুল ইসলাম সাধু মানুষ। ধর্মের কাহিনি তিনি শুনিবেন কেন! তাঁহার সরিষার মধ্যেই ভূত ছিল। প্রশ্ন তুলিবার আগেই তিনি জানিতেন উত্তরটা কী হইতে পারে। তাঁহার জানাই ছিল ‘পাকিস্তান’ একটি ‘সাম্প্রদায়িক’ ঘটনা বা ঘটনার অপর নামমাত্র। ইহার মধ্যে অন্য কোনো ব্যাপার ছিল কি না জানিতে তিনি আদৌ আগ্রহী নহেন।

তিনি প্রার্থিত উত্তর পান নাই, একথা সত্য। তবে একপ্রস্ত ভিন্ন উত্তর ঘটনার আকার ধরিয়া তাঁহাকেই পাইয়াছিল। যদিও তিনি ঠাহর করেন নাই ঘটনার মধ্যে তাঁহার প্রশ্নের একটি উত্তর লুকাইয়া ছিল। পাকিস্তান আন্দোলন নিছক সাম্প্রদায়িক আন্দোলন ছিল না, সে আন্দোলন ছিল জাতীয় আন্দোলনের রকমফের।

আসামে বাঙালি মুসলমান কৃষকদের বসবাস সীমিত করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার কর্তৃক প্রবর্তিত লাইন প্রথা রহিত করিবার লক্ষ্যে মওলানা ভাসানীর নেতৃত্বে সংগঠিত সর্বজনীন গণ-আন্দোলনের অভিজ্ঞতা পর্যালোচনা করিলেও প্রমাণ পাওয়া যাইবে কৃষকশ্রেণির আন্দোলনকে জাতীয় আন্দোলনের ভিত্তি কিংবা শরিক বলিয়া স্বীকার করিতে জাতীয় স্বাধীনতার কান্ডারি (বা দাবিদার) দলগুলি সবসময়ই কুণ্ঠিত থাকে।

সাইফুল ইসলাম জানাইতেছেন, ১৯৭১ সালে ভারতের শরণার্থী আশ্রমে থাকার এক পর্যায়ে মওলানা ভাসানী আপনার একটা ইচ্ছার কথা রাষ্ট্র করিলেন। শেষবারের মতো তিনি আপনকার মুরিদ-সাধারণের সঙ্গে মোলাকাত করিতে চাহেন। হাজার হাজার মুরিদের সামনে হাজির হইবার একটাই পথ : একটা উরস মহফিলের আয়োজন, এক কথায় ‘উরস’।

সাইফুল ইসলামের বয়ান অনুসারে : ব্যবস্থা হইল, ভাসান চরে উরস অনুষ্ঠানের আয়োজন হইবে। সারারাত মুরিদানের জিকির-আসকার হইল। পরের দিন বিশাল জনসভা, একমাত্র বক্তা মওলানা ভাসানী। সমবেত মুরিদ, নিম-মুরিদ সর্বসাধারণের দরবারে পাকিস্তানিদের ধর্মের নামে জঘন্য অধর্মাচরণের বয়ান পেশ করিলেন তিনি। সঙ্গে বাংলাদেশের জাতীয় সংগ্রামের ধর্মনিরপেক্ষ চরিত্রের (অর্থাৎ সর্বজনীন আবেদনের) কথাও তুলিয়া ধরিতে ভুলিলেন না।

উপরে সাইফুল ইসলাম সাহেবের সাক্ষ্যটার সারমর্ম আমি আমার অভ্যাসসিদ্ধ ভাষায় তুলিয়া দিয়াছি। এক্ষণে তাঁহার মন্তব্য তাঁহার জবানেই তুলিয়া ধরিতেছি : “ভারতের মুসলমানেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিলেন না, এটা কলকাতা, কুচবিহার, দিল্লী, দেরাদুন, আজমীর প্রভৃতি স্থানে ঘুরে যেমন বুঝেছি তেমনি বুঝেছি আসামেও। কিন্তু মওলানা ভাসানীর বক্তৃতার সময় জনসভায় ভেতরে পাশে ঘুরে ঘুরে তাঁর নানা বয়সের মুরিদদের নানা ধরণের কথাবার্তার মধ্যে শেষ কথা শুনেছি-‘হুজুর পাকিস্তান চেয়েছিলেন তাই পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলাম। তিনিই যখন পাকিস্তান চাচ্ছেন না তাহলে এর মধ্যে মরতবা আছে।’ জনসভার পর দেখলাম জনতা পাকিস্তান বিরোধী মনোভাব নিয়ে ফিরে গেলেন” (ইসলাম ২০০৩: ২৫)।

২.

সকলেই জানেন মওলানা ভাসানীর সহি, বড়, আদি ও আসল নামটি ছিল আবদুল হামিদ খান। এই নাম কোথা হইতে আসিয়াছিল? ‘বাঙালি মুসলমানের মন’ নামক পদার্থের সম্যক পরিচয় যাহারা রাখেন তাহারা জানেন, এই নাম তুরস্কের সুলতান (বাঙালি মুসলমানের মনে যাহার পরিচয় ইসলামের খলিফা) দ্বিতীয় আবদুল হামিদের নামে। মওলানা ভাসানীর সত্যকার জন্ম কোন বছর, ১৮৮০ না ১৮৮৫, আমরা হলপ করিয়া বলিতে পারি না। তবে ওসমানিয়া সুলতান-খলিফা আবদুল হামিদের রাজত্বকালে (১৮৭৬-১৯০৯) আমাদের আবদুল হামিদের জীবনানন্দ শুরু হইয়াছিল একথা বলা যায়। আর যে নামে তিনি জগদ্বিখ্যাত সেই ‘ভাসানী’ নামটা তো তিনি জয় করিলেন আসামের গোয়ালপাড়া জেলার অন্তর্গত ভাসান চর হইতে। শুদ্ধমাত্র ‘ভাসানী’ নামের জন্য নহে, আপন জীবন, যৌবন, ধন, ও মানের জন্য তিনি আসামের কাছে ঋণী। আর ১৯৪৭ সালের উপার্জিত স্বাধীনতার জন্য বাংলাদেশের জনসাধারণও তাঁহার কাছে ঋণী।

নীতিগত বিচারে বাঙালি মুসলমানের আপন নেতা বলিতে কাহাকে বোঝায়? আর কাহারও নাম লইবার আগে যাহার নাম মুখে আসে তিনি মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

কথাটা একেবারেই সামান্য নহে। যে যুগে তাঁহার জন্ম সেই যুগেই উত্তরবঙ্গের গরিব কৃষক আসামের, বিশেষ ব্রহ্মপুত্র উপত্যকার, অনাবাদী জমিজিরাত আবাদ করিয়া নতুন বসতি স্থাপন করিতে শুরু করিয়াছে। ব্রিটিশ শাসনের সহিত এই দেশান্তরের সরাসরি যোগ ছিল। ব্রিটিশ শাসকশ্রেণির উৎসাহে এই শ্রমসাধ্য বিপদসংকুল অভিযানে যাহারা ঝাঁপাইয়া পড়িয়াছিলেন তাহাদের বেশির ভাগই, অনুমান শতকরা ৮৫ জন, ছিলেন পূর্ববঙ্গের মুসলমান। ১৯০৫ সালে পূর্ববঙ্গের সঙ্গে আসাম যুক্ত করিয়া একটি নতুন প্রদেশ তৈরি করা হয়। মনে রাখিবেন, এই তিরিশ বছর আগে, ১৮৭৪ সালে, পূর্ববঙ্গের সিলেট জেলা কাটিয়া আসামের সঙ্গে জুড়িয়া দেওয়া হয়। আবেগতাড়িত অনেক লেখক এই ঘটনাকেই ‘প্রথম বঙ্গভঙ্গ’ বলিতে আমি শুনিয়াছি। আবার ১৯১১ সালে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ রহিত হইবার পরেও মুসলমান সংখ্যাগরিষ্ঠ সিলেট জেলা আসামের অঙ্গস্বরূপ থাকিয়া গেল। সকলেই জানেন সিলেট জেলার পুরোটাই ১৯৪৭ পর্যন্ত আসামের অংশ ছিল। করিমগঞ্জ মহকুমা এখনো আসামে।

আসামের পুরানা অহমিয়া মুসলমান সমাজ ছিল সংখ্যালঘু গোষ্ঠী। বিশ শতকের আগের হইতেই পশ্চিমের ব্রহ্মপুত্র উপত্যকা আর পূর্বের সুরমা উপত্যকা মিলিয়া আসামে মুসলমান জনগোষ্ঠীর আকার বাড়াইতে থাকে। ইহার ফলে দুই ধরনের প্রতিক্রিয়ার সূচনা হয়। আসামের সনাতন জনগোষ্ঠীর প্রতিক্রিয়া এবং ইংরেজ শাসকদের বিশেষত চা-বাগানের মালিকদের প্রতিক্রিয়া। আসাম প্রদেশে বাঙালি মুসলমান জনগোষ্ঠীর সংখ্যাবৃদ্ধিটা একটা নতুন আপদ আকারে দেখা দেয়। পূর্ববঙ্গের কৃষক আসামের সব জায়গায় পশিতে না পারে মতো একটা সীমা আরোপ করা যায় কি না চিন্তা শুরু হয় ১৯১৬ সালের দিকে। ১৯২০ সালে একটা আইন করিয়া বলা হইল, কয়েকটা জেলায় নির্দিষ্ট একটা লাইন বা সীমানারেখা টানিয়া দেওয়া হইল। বলা হইল বাংলাদেশ হইতে আগত কৃষকেরা এই লাইন বা সীমানারেখার বাহিরে যাইতে পারিবে না। এইটাই সেই বিখ্যাত লাইন প্রথা।

ইহার ঢের আগে, উনিশ শতকের শেষাশেষি আসামে একটা অহমিয়া আন্দোলনের সূত্রপাত হইয়াছিল। অহমিয়া জনগোষ্ঠীর নেতারা অহমিয়া ভাষাকেই সেদেশে স্কুল-কলেজে পড়ালেখার বাহন করিতে তৎপর হইলেন। তাহাতে ইংরেজ সরকারের সোৎসাহ সমর্থনের প্রমাণও আছে। অহমিয়া ভাষা নিছক অর্বাচীন ভাষা নহে। অহমিয়া গদ্যের বিকাশ বাংলা গদ্যের বিকাশ ঘটার ঢের আগের ঘটনা। এই ভাষা সমৃদ্ধ ও প্রাপ্তবয়স্ক। আধুনিক অহমিয়া ও বাংলা ভাষার মধ্যে একটা যোগাযোগ ছিল। উভয় দেশের মধ্যে সামাজিক যোগাযোগের কারণেই এই যোগাযোগ বিরাজমান ছিল। এক্ষণে, ইংরেজ শাসনের সুবাদে দুই প্রদেশের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা দেখা দিল। ইহা হইতে প্রতিক্রিয়াও দেখা দিল। ১৯২০ সালের পর এই আঞ্চলিক বিরোধটি ক্রমে ক্রমে সাম্প্রদায়িক ও বর্ণবিদ্বেষী চেহারা গ্রহণ করিল। কীভাবে করিল তাহা আলোচনার অবকাশ রাখে।

প্রথম কথা, বাংলাদেশ আর আসাম পাশাপাশি প্রদেশ। বাংলাদেশ জনবহুল, মানে পরবর্তী কালের অর্থনীতি ব্যবসায়ীরা যাহাকে বলিবেন অসীম শ্রম-যোগানদার (অর্থাৎ সস্তা শ্রমের) দেশ সেই দেশ। ঐদিকে আসামকে ধরা হইত অপর্যাপ্ত ভূমির দেশ। আসামে অনাবাদি জমির শেষ নাই। ভারতের ব্রিটিশ সরকার ধরিয়া লইয়াছিলেন উভয় প্রদেশের মধ্যে শ্রমের আর জমিজিরাতের আদানপ্রদান স্বাভাবিক বিষয়। একদেশের আছে জমি আর আনদেশের আছে কর্মী। আসাম আর বাংলা মিলিয়া সোনায় সোহাগা হইবে।

তাহা ছাড়াও একসময়, ১৯০৫ হইতে ১৯১১ পর্যন্ত, এই সাতটি বছর, দুই প্রদেশ মিলিয়া একই প্রদেশ আকারে শাসিত হইতেছিল। পূর্ববঙ্গের ঢাকা দাঁড়াইয়াছিল নতুন প্রদেশটির রাজধানী। আসামের মধ্যবিত্ত পূর্ববঙ্গের শহরে-বন্দরে আর পূর্ববঙ্গের কৃষক সুরমা-ব্রহ্মপুত্র উপত্যকার অনাবাদি জমিতে হালচাষ করিতে যাইবে, অধিক খাদ্য ফলাইবে, ইহাই ‘স্বাভাবিক’ ঘটনা বিবেচিত হইয়াছিল। অস্বাভাবিক, বিষণ্ন বিষয়ের মধ্যে গণ্য হইতেছিল কেবল ভাষার, ধর্মের ও শ্রেণির ভেদাভেদ।

আসামে অভ্যাগত বাঙালি কৃষকদের মুসলমান পরিচয়টাই কাল হইল। ইহাই অহমিয়া জাতীয় আন্দোলনের চরিত্রে একটা বর্ণবাদী, সাম্প্রদায়িক বর্ণ লেপিয়া দিল। ১৯২০ সালের পর অম্বিকাগিরি রায়চৌধুরী প্রভৃতি বুদ্ধিজীবীর নেতৃত্বে অহম জাতীয় মহাসভার মতো চরমপন্থি জাতীয়তাবাদী সংগঠন গড়িয়া উঠিল।

৩.

আসাম সরকার প্রবর্তিত লাইন প্রথার বিরুদ্ধে বাঙালি মুসলমান কৃষকশ্রেণির সংগ্রাম শুরু হইয়াছিল সংগত কারণেই। তাহারা স্বাভাবিক নাগরিকের অধিকারটাই দাবি করিয়াছিলেন।

প্রথমদিকে সেই সংগ্রামের শক্তি ছিল দুর্বল। বাঙালি মুসলমান আর অহমিয়া মুসলমানে একটা বিভেদ জারি ছিল। প্রদেশের অভিজাত মুসলমান অধিবাসীদের অনেকেই পূর্ববঙ্গের অসংস্কৃত বা অর্ধসংস্কৃত বাঙালি মুসলমানদের পছন্দ করিতে পারেন নাই। তাহারা নবাগতদের ‘মৈমনসিঙ্গা’ আর ‘বাঙাল’ প্রভৃতি অপনামে ভূষিত করিলেন। এই বাঙাল কৃষকশ্রেণির বসতিবিস্তারটা তাহারাও সর্বান্তকরণে পছন্দ করিলেন না। বিষয়টা যেমন কিছুটা জাতিবিদ্বেষের, তেমন খানিকটা শ্রেণিবিদ্বেষেরও ব্যাপার বটে।

অহমিয়া হিন্দুসমাজের পক্ষে [বাংলা] ভাষাবিদ্বেষ আর আসামের অধিবাসী বাঙালি হিন্দুদের পক্ষে [ইসলাম] ধর্মবিদ্বেষ অতিক্রম করাও সহজসাধ্য ছিল না। একটু পরের আওয়াজ ‘বাঙাল খেদা’। এই ফ্যাসিতান্ত্রিক আন্দোলন ছিল এই অহমিয়া হিন্দু প্রতিক্রিয়ার সন্তান। তবে অহমিয়া মুসলমান সমাজও বঙ্গীয় মুসলমানের অভিবাসীদের পক্ষে লড়ে নাই।

মওলানা ভাসানী ১৯২৮ সাল নাগাদ ব্রহ্মপুত্র উপত্যকার গোয়ালপাড়া জেলায় বসত করিতে শুরু করেন। প্রথম দিন হইতেই তিনি লাইন প্রথা বাতিলের জন্য আর বাঙাল খেদা নামক বাঙালি অভিবাসী কৃষক উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনে নতুন নতুন শক্তির সমাবেশ ঘটাইলেন। কৃষকদের সংখ্যাকে তিনি রূপান্তরিত করিলেন সর্বাত্মক শক্তিতে। এই কৃষকদের সমর্থনেই মওলানা আসাম প্রাদেশিক পরিষদের সদস্য (এখনকার ভাষায় সংসদ সদস্য) নির্বাচিত হইলেন।

রাজনৈতিক কারণে বাংলাদেশ হইতে বহিষ্কৃত হইবার পর তিনি একপ্রকার বাধ্য হইয়াই আসামের রণক্ষেত্রে শামিল হইয়াছিলেন। আসামে অভ্যাগত বাঙালি মুসলমানদের সঙ্গে বসবাস করিতে গিয়া তিনি তাহাদের আন্দোলনে শরিক হইয়াছিলেন। কীভাবে? এই প্রশ্নের উত্তরে মওলানার একপ্রস্ত জবানবন্দি লিপিবদ্ধ করিয়াছেন সাইফুল ইসলাম। তিনি লিখিতেছেন : ‘১৯২৯ সালে তিনি চর ভাসানে (ঘাঘমারী) এক টাকা চোদ্দ আনার কুঁড়ে তুলে আসামে তাঁর স্থায়ী বসতির অধিকার কায়েম করে ফেলেছেন। আসামে আসার এবং রাজনীতিতে জড়িয়ে পড়ার কাহিনী জানা যায় তাঁর নিজেরই কথা থেকে।’ সাইফুল ইসলাম আরও লিখিতেছেন : [মওলানা বলিতেছিলেন] ‘আসামে প্রথম আসছিলাম কোন রাজনৈতিক বা সামাজিক মিশন নিয়া না। পীরের সাথে তালেবে এলেম হয়া। পীরের বোচকাবোচকি বওয়া, ফুটফরমাস খাটা আর পেট ভইরা দাওয়াত জিয়াফত খাওয়া। পীরের ভাইদিগের সাথে মিশবার যায়া দেইখলাম আখেরাতের সুখ বহুৎ দূরে। ইহকালের দুঃখের জ্বালা বড়ই নজদিক। প্রতিদিন দোজখের জ্বালা। লাইন প্রথা আর বাঙাল খেদার জ্বালায় হাজার হাজার ঘর-সংসার বনি আদম ছারখার হয়া যাইতাছে। তাই আমার নজর পরকালের তরক্কির চায়া ইহকালে বাঁইচা থাকার বেশি পইরলো। ফলে লাইন প্রথা আর বাঙাল খেদার বিরুদ্ধে প্রতিরোধ সাথে জড়ায়া পইরলাম। মোল্লা মানুষ হইলাম রাজনৈতিক আন্দোলনকারী’ (ইসলাম ২০০৩: ১৬)।

আন্দোলনের প্রথম পর্বে তিনি চর ভাসানে কৃষক সম্মেলন আহ্বান করিলেন। তখন আসামে ব্যবসায়ীদের মধ্যে লেনদেনে মাপজোখ করার কাজে নানান ধরনের বাটখারার চল ছিল। ওজনে কারচুপি করিয়া বর্ণহিন্দু মহাজন আর ব্যবসায়ীরা নিম্নবর্ণের হিন্দু এবং পাহাড়িয়া জনগোষ্ঠীর জনসাধারণকে বেধড়ক ঠকাইতেন। এই সম্মেলনে মওলানা ভাসানী ওজনে কারচুপি বন্ধের দাবি জানান। ভাসানীর এই ওজন আন্দোলনের ফলে আসামে ৮০ তোলার সের ছাড়া আর সব বাটখারা নিষিদ্ধ ঘোষিত হয় এবং ধীরে ধীরে উঠিয়া গিয়াছিল (ইসলাম ২০০৩: ১৬)।

এই সম্মেলনে অন্যান্য দাবির মধ্যে তিনি গৌরীপুরের রাজা প্রভাতকুমার বড়ুয়ার অত্যাচার বন্ধের দাবিও জানাইলেন। রাজা প্রভাতকুমার গোয়ালপাড়া জেলা প্রশাসনের মধ্যস্থতায় সম্মেলনের উপর নিষেধাজ্ঞা জারি করাইলেন। কলিকাতার উচ্চ আদালতে মামলা রুজু করিয়া মওলানা জিতিলেন। সম্মেলন সফল হইল। স্বয়ং আবুল কাসেম ফজলুল হক ছিলেন কলিকাতার উচ্চ আদালতে মওলানার উকিল। তিনি সম্মেলনে প্রধান অতিথির আসন যাহাকে বলে ‘অলংকৃত’ করা তাহাই করিলেন। এই অবসরে মওলানার খ্যাতি ‘আসামের আনাচে কানাচে’ ছড়াইয়া পড়িল। ১৯৩৫ সালের ভারত সরকার আইনের আওতায় ১৯৩৭ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মওলানা প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হইলেন।

এক্ষণে লাইন প্রথার বিরুদ্ধে গণ-আন্দোলন পরিষদের অন্দরেও ঢুকিয়া পড়িল। ১৯৩৭ সালে ১০৮ সদস্যবিশিষ্ট আসাম প্রাদেশিক পরিষদ দশটি দলে বিভক্ত। ‘শক্তির বিন্যাস ছিল কংগ্রেস ৩২, মুসলিম লীগ ৪, আসাম ভ্যালি ইউনাইটেড পিপলস পার্টি ৮, প্রোগ্রসিভ পার্টি ১২, ইউরোপিয়ান গ্রুপ ১৩, ইন্ডিপেন্ডেন্ট পার্টি ৪, কনস্টিটিউশনালিস্ট পার্টি ৪, আসাম ভ্যালি মুসলিম গ্রুপ ১৩, সুরমা ভ্যালি ইউনাইটেড মুসলিম পার্টি ১৭, স্বতন্ত্র ১’ (ইসলাম ২০০৩: ১৭)।

পরিষদে লাইন প্রথা বাতিলের প্রস্তাব তুলিলেন সুরমা ভ্যালি ইউনাইটেড মুসলিম পার্টির টিকিটে নির্বাচিত সদস্য মনোয়ার আলী। তাঁহার প্রস্তাব সমর্থন করিলেন মুসলিম লীগের আবদুল মতিন চৌধুরী। লাইন প্রথার বিরুদ্ধে পরিচালিত আন্দোলনের নায়ক ছিলেন স্বতন্ত্র সদস্য মওলানা ভাসানী। তিনিও পরিষদের আলোচনায় শরিক হইলেন। পরিষদের বাইরেও স্বরাজ অর্জনের লক্ষ্যে সর্বজনীন (মানে হিন্দু-মুসলমান, বাঙালি-পাহাড়ি নির্বিশেষে) গণ-আন্দোলনের ডাক দিলেন তিনি।

১৯৩৭ সালে পৃথক নির্বাচনব্যবস্থার অধীনে আসাম আইন পরিষদে সর্বমোট ১০৮ আসনের মধ্যে মুসলমানদের আসনসংখ্যা ছিল মোট ৩৪। ইহার মধ্যে মুসলিম লীগের আসন, আমরা একটু আগেই দেখিয়াছি, মাত্র ৪টি। স্বতন্ত্র সদস্য মওলানা ভাসানী মুসলিম লীগে যোগ দেওয়ার পর মুসলিম লীগের শক্তি দাঁড়াইল ৫টিতে।

আসামের অভিজাত মুসলমান সদস্য সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহও মুসলিম লীগে যোগ দিলেন। কারণটা ভিন্ন। তিনি হইবেন প্রধানমন্ত্রী আর মওলানা ভাসানীকে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত করা হইল।

মওলানা ভাসানীর পদাঙ্ক অনুসরণ করিয়া আসাম ভ্যালি মুসলিম গ্রুপ আর সুরমা ভ্যালি ইউনাইটেড মুসলিম পার্টির নেতারা ধীরে ধীরে মুসলিম লীগে যোগ দিলেন। ভাসানীর নেতৃত্বে আসাম প্রাদেশিক মুসলিম লীগের হইল আসামের মুসলমানদের একক সংগঠন। আর লাইন প্রথা বাতিলের আন্দোলন আসামে মুসলিম লীগ প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর।

তবে মনে রাখিতে হইবে, ভাসানীর মুসলিম লীগ আর নানান প্রশ্নে নিখিল ভারত মুসলিম লীগের সঙ্গে এককাতারে দাঁড়াইতে পারে নাই। আপন দলের প্রধানমন্ত্রী সৈয়দ সাদুল্লাহর সঙ্গেও তাঁহার মতে মেলে নাই। সাইফুল ইসলাম লিখিতেছেন : ‘বরদলুই মন্ত্রিসভার পতনের পর সাদুল্লাহ মন্ত্রিসভা গঠিত হলে মওলানা ভাসানী এটা বুঝেছিলেন এ মন্ত্রিসভা দ্বারা লাইন প্রথা ও বাঙাল খেদা অভিযান বাতিল পুরোপুরি কোনোদিক দিয়েই সম্ভব নয়। তিনি এটাও বুঝেছিলেন সাদুল্লাহ আর বরদলুইয়ের ফারাক কেবল টুপি আর টিকির। বরদলুইয়ের পতনে [আর] সাদুল্লাহর পুনরুত্থানে লাইন প্রথা আইনের প্রয়োগের কড়াকড়ি হ্রাস পেতে পারে মাত্র’ (ইসলাম ২০০৩: ২১)।

আসামে ১৯৩৭ হইতে ১৯৪৭ সালের মধ্যে কমপক্ষে ছয়টি সরকার গঠিত হইয়াছিল। ইহার মধ্যে একদফা গভর্নরের শাসনও জারি করা হইয়াছিল। মুসলিম লীগের সৈয়দ সাদুল্লাহ আর কংগ্রেস পক্ষের গোপীনাথ বরদলুই পর্যায়ক্রমে সরকার গঠন করিতে লাগিলেন। বরদলুই সরকারের তো প্রশ্নই আসে না, বারবার সরকার গঠন করিয়াও সৈয়দ সাদুল্লাহ সরকার লাইন প্রথা বাতিল করিতে সাহস করে নাই। গোপীনাথ বরদলুই সরকার আরও কঠোরহস্তে আন্দোলন দমন করিতে তৎপর হইয়াছিলেন। এই সময়টার মধ্যেই ‘বাঙাল খেদা’ উগ্র রণধ্বনিটা ব্যাপক হইতে ব্যাপকতর উচ্ছেদ অভিযানের ভিত্তি রচনা করিল।

এদিকে মওলানা ভাসানী পরিষদের ভিতরে যেমন, তেমনই বাহিরেও (সম্মেলন আর সভা-সমিতির মধ্যস্থতায়) লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলন জারি রাখিয়াছিলেন। মওলানার সহিত সাদুল্লাহ সাহেবের মতবিরোধ আর গোপন রহিল না। ভাসানীর নেতৃত্বে কৃষকদের আন্দোলনকে নিখিল ভারত মুসলিম লীগ মুখে মুখে সমর্থন দিলেন কিন্তু অন্তরে সায় দিয়াছিলেন এমন মনে হয় না। একটা উদাহরণ দিলেই ঘটনার ঘনঘটা বোঝা সহজ হইবে। মওলানা ভাসানী গোয়ালপাড়ার ঘাঘমারীতে ১৯৪২ সালের ফেব্রুয়ারিতে দুইদিনব্যাপী (৮ ও ৯ তারিখে) দ্বিতীয় বারের মতন আসাম-বাংলা যৌথ প্রজা সম্মেলনের ডাক দিলেন। তিনি সম্মেলনের সভাপতি মনোনীত করিলেন প্রখ্যাত স্বাধীনতাসংগ্রামী মওলানা আজাদ সোবহানী সাহেবকে। সম্মেলনে প্রস্তাব পাশ হইল ১৯৪২ সনের ৩রা মার্চের মধ্যে লাইন প্রথা বাতিল আর বাঙাল খেদা বন্ধ না হইলে তিনি জমিদারি উচ্ছেদের প্রস্তাব পাশ করিবেন আর বয়কট শুরু করিবেন। এই ঘোষণার পর ব্রিটিশ সরকার আর কংগ্রেসের তো কথাই নাই, মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃত্বও ভাসানীকে সমর্থন করিলেন না।

১৯৪৪ সালের ৭ ও ৮ এপ্রিল আসামের বরপেটা জেলায় অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে মওলানা ভাসানী পুনশ্চ সভাপতি নির্বাচিত হইলেন। লাইন প্রথা বাতিলের প্রস্তাব আরেকবার পাশ হইল। সাদুল্লাহ সরকার তারপরও লাইন প্রথা বাতিল করিলেন না। এই সময় লাইন প্রথা বাতিলের আন্দোলনকে ব্রিটিশ সরকার আর কংগ্রেস নেতারা আসামে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির রণনীতি বলিয়া প্রচার করিতে লাগিলেন। লাইন প্রথা বজায় রাখার চেষ্টা নতুন করিয়া জোরদার হইল।

১৯৪৪ সালের ফেব্রুয়ারি হম্মেলনের পর সাদুল্লাহ মন্ত্রিসভা সিদ্ধান্ত করিয়াছিলেন নওগাঁ, কামরূপ, দারাং প্রভৃতি জেলায় সংরক্ষিত চারণভূমিতে মহিষপ্রতি ৫ বিঘা আর তিনটি গরুপ্রতি ৫ বিঘা ভূমি হাতে রাখিয়া বাদবাকি জমি ভূমিহীনদের মধ্যে বাঁটিয়া দেওয়া হইবে। কোনো কোনো এলাকায় লাইন প্রথা আইনের আওতায় ব্রিটিশ আমলাদের টানা লাইন শিথিল কিংবা উঠাইয়া দেওয়া হইল। ইহার ফলে আসামের ভাটি এলাকায় বাঙালি মুসলমান জনসংখ্যা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হইল। এই আশঙ্কাজনক পরিস্থিতির সুযোগে কংগ্রেস নেতৃত্ব খানিকটা দুর্বল হইয়া পড়া লাইন প্রথা কঠোরভাবে প্রয়োগ করিবার পক্ষে নতুন করিয়া আওয়াজ তুলিলেন।

১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর তারিখে গোপীনাথ বরদলুই এবং সৈয়দ সাদুল্লাহর উদ্যোগে ভূমি-ব্যবস্থাপনার বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে একটা সর্বদলীয় সম্মেলন ডাকা হয়। সম্মেলনে অন্যান্য সিদ্ধান্তের মধ্যে এই সিদ্ধান্তটাও পাশ হয় : যাহারা ১৯৩৮ সালের পয়লা জানুয়ারির আগে অর্থাৎ ১৯৩৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাহির হইতে আসামে হাজির আসিয়াছিলেন কেবল তাহারাই ভূমি বন্দোবস্ত পাইবার যোগ্য বিবেচিত হইবেন।

মওলানা ভাসানী এবং তাঁহার সমর্থকগণ এই প্রস্তাবের সঙ্গে একমত হইতে পারেন নাই। তাঁহারা দাবি করিলেন, ১৯৪০ সাল পর্যন্ত যাহারা আসামে পৌঁছিয়াছেন তাহাদের মধ্যে ভূমি বাঁটিয়া দিতে হইবে। পর্যায়ক্রমে অভিশপ্ত লাইন প্রথাটা সম্পূর্ণ উঠাইয়া দিতে হইবে।

কংগ্রেস নেতারাও সর্বদলীয় সম্মেলনের অনেক প্রস্তাবের সঙ্গে একমত হইতে পারেন নাই। তাঁহারা বলিলেন, সম্মেলন নিম্নবর্ণের হিন্দু, পাহাড়ি বা ‘উপজাতি’, অহমিয়া গো-মহিষ-পালক ও ঘাস-কাটুরিয়াদের স্বার্থরক্ষা করে নাই।

কংগ্রেসের এই আপত্তির পরিপ্রক্ষিতে ১৯৪৫ সালের মার্চ মাসে সাদুল্লাহ সরকার কংগ্রেস ও অন্যান্য পরিষদ সদস্যদের সঙ্গে একটা আপস নিষ্পত্তির চেষ্টা করিলেন। এই চেষ্টারই ফসল ১৩ জুলাই তারিখে গৃহীত ত্রিদলীয় চুক্তি। এই চুক্তির শর্তানুযায়ী ১৯৩৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের পরে আগত বাঙালি কৃষক মাত্রেই ‘অনুপ্রবেশকারী’ বলিয়া চিহ্নিত এবং উৎখাত পদ্ধতির শিকার হইলেন।

বলা বাহুল্য, মওলানা ভাসানী এই চুক্তি মানিলেন না। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিলেন আর ১৯৪৬ সালের মে মাস নাগাদ লাইন প্রথা বাতিল, বাঙাল খেদা বন্ধ, আর বাঙালি কৃষকদের উচ্ছেদ করার অভিযান বন্ধের দাবিতে অনশন শুরু করেন। তিনি এই অনশন ভাঙিয়াছিলেন গোটা ৬১ দিন পর।

১৯৪৬ সালের ২৬ জুন মঙ্গলদৈয়ে আরেকটা প্রজা সম্মেলন অনুষ্ঠানের পর মওলানা সর্বশেষ জনসভা ডাকিলেন দারং জেলার তেজপুর শহরে। সভার তারিখ ১০ মার্চ ১৯৪৭। মওলানা ছদ্মবেশে সভায় পৌঁছিলেন। জনসভার পর পরই তাঁহাকে গ্রেফতার করা হইল।

তাঁহার এই গ্রেফতার থাকা অবস্থায় বিভক্ত ভারত স্বাধীন হইল। ১৯৪৭ সনের নভেম্বর মাসের আগে তিনি মুক্তিলাভ করেন নাই। তখনও তিনি আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি এবং পরিষদ সদস্য। কারামুক্ত হওয়ার পর পরই তাঁহাকে পূর্ববঙ্গ অর্থাৎ পাকিস্তান পাঠাইবার ব্যবস্থা সম্পন্ন হয় আর উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে।

৪.

লাইন প্রথা বাতিলের আন্দোলন কেন ব্যর্থ হইল? সাইফুল ইসলাম মনে করেন লাইন প্রথাবিরোধী আন্দোলন পাকিস্তান অর্জনের ‘সাম্প্রদায়িক’ স্লোগানের সঙ্গে একাত্ম করিয়া ফেলাও ইহার ব্যর্থতার অন্যতম কারণ। তাঁহার কথা এখানে পুরোটাই উদ্ধার করিতেছি : ‘এত ব্যাপকতা ও প্রচণ্ডতা সত্ত্বেও লাইন প্রথা বাতিল ও বাঙাল খেদা [অবদমনের] আন্দোলন বারো আনা ব্যর্থ হলো কেন খতিয়ে দেখলে দেখা যায়, আন্দোলনের অন্তর্নিহিত দুর্বলতা, শ্রেণীগত ও দেশগত অবস্থান, ভাসানী-সাদুল্লাহর আন্দোলন সম্পর্কে মূল্যায়ন ও অংশগ্রহণের বিভিন্নতা, তহবিলের অভাব, লীগ হাই কমান্ডের সঠিক সহযোগিতার অভাব, লাইন প্রথাবিরোধী আন্দোলন পাকিস্তান অর্জনের সাম্প্রদায়িক শ্লোগানের সাথে একাত্ম করে ফেলা, ভাসানীর গ্রেফতারবরণ, আন্দোলন দমনে মিলিটারি নিয়োগ, সাম্প্রদায়িকতার ভিত্তিতে দেশভাগ ও লীগ কংগ্রেস কর্তৃক দেশভাগের টোপ গিলে ফেলার কারণে বহুলাংশে সফলতার দ্বারপ্রান্তে এসেও আন্দোলন মার খায়’ (ইসলাম ২০০৩: ৪৮)।

সাইফুল ইসলামের সহিত বিবাদ করার মতন বিদ্যা আমার পুথিতে নাই, তবে তাহার দেওয়া খুঙ্গিতে একটা ইঙ্গিত দেখিলাম।

একটা প্রশ্ন তো জিজ্ঞাসা করিতেই হয়। লাইন প্রথা বাতিলের আন্দোলনে ভারতের কমিউনিস্ট পার্টি কোন ভূমিকা পালন করিয়াছিল? এই পার্টিও বাঙালি বর্ণহিন্দুর অভিমতটাই প্রচার করিয়াছিলেন। কথাটা তাহাধমদের প্রস্তাব দ্বারাই সমর্থিত হয়। এই সমস্যার সমাধানে পার্টির বক্তব্য ছিল : ‘বাঙালিদের বুঝিতে হইবে যে আসামে চাষযোগ্য জমির একটা সীমা আছে, তদুপরি বাংলাদেশে জমিজমার যে অভাব তাহা আসামের জমি দিয়া পূরণ করা যাইবে না’ (ইসলাম ২০০৩: ৪৬-৪৭)।

শ্যাম না রাখিয়া তাঁহারা রাখিয়াছিলেন কুল। কুলরক্ষার স্বার্থে কমিউনিস্ট পার্টির দ্বিতীয় প্রস্তাব ছিল আরও চিত্তরঞ্জন : ‘অভিজ্ঞতার আলোকে বলিতে হয় শুদ্ধমাত্র বহিরাগতদের উৎখাত করিলেই সংরক্ষিত জমি জোরপূর্বক দখলের বিপদমুক্ত হওয়া যাইবে না’ (ইসলাম ২০০৩: ৪৭)।

কমিউনিস্ট পার্টির সমাধানটা ছিল আরো চমৎকার: ‘উৎখাত অভিযান এবং অবৈধ, জবরদস্তি জমিজিরাত দখল করা এক্ষুণি বন্ধ করিতে হইবে।’ এতদিনে আমরা আর কি যোগ করিব! বলি আলহামদুলিল্লাহ!

এতক্ষণে লাইন প্রথা বাতিলের আন্দোলন কেন ব্যর্থ হইল তাহার একটি সদুত্তর কমিউনিস্ট পার্টির এই সরল অবস্থানেই পাওয়া যাইতেছে। এই অবস্থানের গুণগ্রাহী সোৎসাহ সাইফুল ইসলাম লিখিতেছেন : ‘১৯৪৭ সনের ৩রা মে বঙ্গীয় প্রাদেশিক আইন পরিষদের অধিবেশনে নূর আহম্মদ লাইন প্রথা বাতিল ও বাঙাল খেদা অভিযান বন্ধের দাবিতে কেন্দ্রীয় সরকারকে তাগিদ দিয়ে একটি বেসরকারী মোশন উত্থাপন করেন। ঐ মোশন নিয়ে সংসদে [পরিষদে] সরকার ও বিপক্ষ দলের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। লীগ-কংগ্রেসের বাকবিতণ্ডার ফাঁকে কমিউনিস্ট পার্টি সদস্য খবরের জ্যোতি বসু অভিমত ব্যক্ত করে বলেন যে, বাংলাদেশ তার নিজ সন্তানের আহারের ব্যবস্থা না করিয়া তাদের অন্যত্র, অন্য প্রদেশে ঠেলে দিচ্ছে এটা নিতান্ত লজ্জার বিষয়। সমস্যা সৃষ্টির উৎস বাংলাদেশের ভূমি-ব্যবস্থা। এর রক্ষক ও স্রষ্টা জমিদার, মহাজন ও ব্রিটিশ বিতাড়িত সম্মিলিত লড়াইয়ের সফলতার মধ্য দিয়ে ভূমি-ব্যবস্থা ও বন্টনের পরিবর্তন সাধন করে এ সমস্যার সমাধান করা উচিত’ (ইসলাম ২০০৩: ৪৭-৪৮)।

লাইন প্রথা বাতিলের আন্দোলনে অন্যান্যের কথা ছাড়িয়া দিন, খোদ ভারতের কমিউনিস্ট পার্টির সমর্থন পর্যন্ত মেলে নাই।

সলিমুল্লাহ খান : অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইতিহাসের আলোয় আসামের ভাসানী

ইতিহাসের আলোয় আসামের ভাসানী

আগুনের সিম্ফনী

আগুনের সিম্ফনী

মানুষের হৃদয়ে জ্বলজ্বল করছেন যিনি

মানুষের হৃদয়ে জ্বলজ্বল করছেন যিনি

ধনীদের নিরাময়কেন্দ্রে কষ্টের গল্প শত শত মেধাবী মুখ অন্ধকারে বন্দি

শত শত মেধাবী মুখ অন্ধকারে বন্দি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম