মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে পিটুনি আসামি ছিনতাই
যশোর ব্যুরো ও কেশবপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিন পুলিশ সদস্যকে পিটিয়ে আসামি ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। বুধবার রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
তবে বৃহস্পতিবার বেলা ১১টায় বিশেষ অভিযানে আসামি জাহাঙ্গীর হোসেনকে ডুমুরিয়া উপজেলার একটি গ্রাম থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীর ওই গ্রামের আলিমুদ্দিনের ছেলে।
গণপিটুনিতে আহত পুলিশ সদস্যরা হলেন-কেশবপুর থানার উপ-পরিদর্শক আসমত আলী, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল হাবিবুল্লাহ। পুলিশ জানায়, জাহাঙ্গীরকে গ্রেফতার করতে গেলে তার ভাই আলামিন ও লিটন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি প্রচার করেন পুলিশের টিম তার ভাইকে গ্রেফতার করে হত্যা করেছে।
এমন ঘোষণার পর এলাকার ৫০-৬০ জন জড়ো হয়ে পুলিশ সদস্যদের পিটিয়ে আসামি ছিনিয়ে নেয়। কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর দুটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। একটি মাদকের ও অপরটি পারিবারিক মামলা। দুই মামলায় তাকে ২ বছর ৩ মাসের সাজা প্রদানের নির্দেশ রয়েছে।
