সাধারণ প্রাণী খাদ্যের চেয়ে দ্বিগুণ প্রোটিন সমৃদ্ধ
ডুমুরিয়ায় ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে সাফল্য
নূর ইসলাম রকি, খুলনা
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
খুলনার ডুমুরিয়া উপজেলায় রংপুর ইউনিয়নে নিজ খামারে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষি প্রকৃতি বিশ্বাস। সম্প্রতি তোলা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
করোনাকালের স্থবির সময়ে শখের বশে শুরু করা একটি ক্ষুদ্র উদ্যোগ আজ খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া ধারণা ও নিজের প্রবল ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ বা কালো সৈনিক পোকার লার্ভা চাষ শুরু করে আজ স্বাবলম্বী খুলনার কৃষক প্রকৃতি বিশ্বাস। সাধারণ ফিডের চেয়ে দ্বিগুণ প্রোটিন সমৃদ্ধ এই মাছির লার্ভা মাছ ও মুরগির খাদ্য হিসাবে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে এই খামার থেকে তার মাসিক নিট আয় প্রায় ৫০ হাজার টাকা।
প্রকৃতি বিশ্বাসের এই অভাবনীয় সাফল্য এখন আর শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ আর বেকারত্ব দূরীকরণে তিনি এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের খামার পরিচালনার পাশাপাশি তিনি এখন পর্যন্ত সারা দেশে প্রায় ৩ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করেছেন, যারা তার কাছ থেকে প্রশিক্ষণ ও পরামর্শ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগের খ্যাতি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পর্যায়েও। ভারতের গুজরাটসহ দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীরা নিয়মিত তার খামার পরিদর্শন করছেন।
স্থানীয় কয়েকজন উদ্যোক্তা যুগান্তরকে জানান, বর্তমান বাজারে মাছ ও পোলট্রি ফিডের যে ঊর্ধ্বগতি, সেখানে এই লার্ভা এক আশীর্বাদ হয়ে এসেছে। মাছের ঘেরে স্বল্পমূল্যে এই লার্ভা খুবই কার্যকর ভূমিকা রাখছে। এমনকি স্থানীয় গৃহিণীরাও বাড়ির আঙিনায় এই লার্ভা চাষ করে হাঁস-মুরগির খাবারের জোগান মেটাচ্ছেন। এতে করে গ্রামীণ জনপদে অর্থনৈতিক সচ্ছলতা আসছে। লার্ভা ও মাদার (প্রজননক্ষম পোকা) বিক্রি করে ঘরে বসেই বাড়তি আয়ের নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে।
প্রকৃতি বিশ্বাস যুগান্তরকে বলেন, ‘গত পাঁচ বছরে আমি এর চাষ করে যেমন নিজে লাভবান হয়েছি, তেমনি হাজারো মানুষের কর্মসংস্থানের পথ দেখিয়েছি। আশপাশের ঘের ও পুকুরে মাছের খাবারের জন্য এখন লার্ভার ব্যাপক চাহিদা। প্রতিদিন কৃষকরা আমার খামার থেকে ১৫ থেকে ২০ কেজি লার্ভা নিয়ে যাচ্ছেন। খাবার হিসাবে ব্যবহারের জন্য লার্ভা ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে আর প্রজননক্ষম ‘মাদার’ পোকা বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। প্রতি মাসে গড়ে ১৫০ থেকে ২০০ কেজি মাদার পোকা বিক্রি করেই আমার প্রায় ৫০ হাজার টাকা আয় থাকছে।’ তিনি আরও বলেন, দেশের বড় বড় ফিড কোম্পানি এবং বিভিন্ন এনজিও এখন তার কাছ থেকে মাদার পোকা নিয়ে বাণিজ্যিক চাষের পরিকল্পনা করছে। কৃষি ব্যবস্থার আধুনিকায়নে এটি বড় ভূমিকা রাখতে পারে।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী আলম বলেন, কালো সৈনিক পোকা বা ব্ল্যাক সোলজার ফ্লাই এক ধরনের বিশেষ মাছি। এই মাছির ডিম থেকে উৎপাদিত লার্ভা আমাদের দেশের মৎস্য ও পোলট্রি খাতের জন্য বিপ্লব ঘটাতে পারে। এটি প্রোটিনের একটি অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাকৃতিক উৎস। বাণিজ্যিকভাবে তৈরি ফিডের তুলনায় এটি অনেক বেশি সাশ্রয়ী। বাংলাদেশে এর চাষ এখনো সেভাবে প্রাতিষ্ঠানিক রূপ না পেলেও ভবিষ্যতে এটি পোলট্রি ও মৎস্য শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আনতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
