Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণা

বিভিন্ন স্থানে পদবঞ্চিতদের বিক্ষোভ, কান্না

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছাত্রদলের ৪৫ কমিটি ঘোষণা

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে রোববার আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ -যুগান্তর

Advertisement

এবার একযোগে ৪৫টি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং জেলা ও মহানগরে এসব কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়। তবে এসব কমিটিতে জায়গা হয়নি অনেক ত্যাগী নেতাকর্মীর। এতে কেন্দ্র থেকে তৃণমূলের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। নয়াপল্টনসহ কয়েকটি স্থানে বিক্ষোভ করেছেন বঞ্চিতরা।

ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম-এ চারটি গুরুত্বপূর্ণ ইউনিটেরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ ও কুমিল্লা মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর এবং নেত্রকোনা, মানিকগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলায় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর, বরিশাল মহানগর, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, নোয়াখালী, কক্সবাজার, যশোর, চাঁদপুর, লক্ষ্মীপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, পাবনা, ঝালকাঠি, জয়পুরহাট, নওগাঁ ও কুমিল্লা দক্ষিণ জেলার আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হয়েছে। এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি এবং বরিশাল, রবীন্দ্র, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কমিটি দেওয়া হয়েছে। পাশাপাশি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। কলেজগুলোর মধ্যে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। ঢাকা কলেজে নতুন করে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।

পদবঞ্চিতদের বিক্ষোভ : সদ্য ঘোষিত কমিটিতে পদবঞ্চিত হয়েছেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতাকর্মী। এ নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের অনুসারীরা। রোববার দুপুরে পদবঞ্চিত বেশ কয়েকজন নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এছাড়া রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিতদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

কমিটি ঘোষণার পর রোববার দুপুরে এর প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জেলা ছাত্রদলের একাংশ। ময়মনসিংহে কান্নায় ভেঙে পড়েন পদ না পাওয়া নেতা। তার কান্নার ভিডিও ভাইরাল হয়েছে। কক্সবাজারে ক্ষোভ প্রকাশ করেছেন পদবঞ্চিতরা। পদত্যাগ করেছেন জামালপুরের মাদারগঞ্জের এক নেতা। ফেসবুকে লাইভে এসে অঝোরে কেঁদেছেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. জাহিদ। তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ৯ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটিতে কমিটিতে পদ না পাওয়ায় ক্ষোভ ঝাড়তে দেখা যায় তাকে। এছাড়া বেশ কয়েকজন কেন্দ্রীয় ছাত্রদল নেতার অভিযোগ, ঢাকা মহানগর কমিটিতে ‘মাইম্যান’কে গুরুত্ব দেওয়া হয়েছে। ত্যাগী ও যোগ্য নেতাদের ব্যক্তিগত আক্রোশের কারণে নতুন কমিটিতে জায়গা দেওয়া হয়নি। যদিও এসব বিষয় নিয়ে কথা বলতে চাননি দায়িত্বশীল নেতারা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙামাটিতে সড়ক অবরোধ : জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির আরেকটি গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। রোববার বেলা ১১টার দিকে জেলা বিএনপি অফিসের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়। এ সময় সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। এর আগে শনিবার কেন্দ্রীয় ছাত্রদল রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কক্সবাজারে পদবঞ্চিতদের ক্ষোভ : দীর্ঘ দুই বছর পর কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে ফাহিমুর রহমানকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সাঈদ আনোয়ার। কমিটি ঘোষণার পরপরই সংগঠনের ভেতরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। অভিযোগ উঠেছে, কমিটি গঠনের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখা একাংশকে উপেক্ষা করা হয়েছে। বিশেষ করে কাজলপন্থি নেতাকর্মীরা নিজেদের ‘সাইডলাইন’ করার অভিযোগ তুলেছেন। পদবঞ্চিত হয়ে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সাইফুর রহমান নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

ময়মনসিংহে পদ না পেয়ে কান্না : দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যের নবগঠিত কমিটিতে পদ না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে আহসান উল্লাহ নয়ন ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বিরসহ একাধিক নেতাকর্মী। নিজেদের ফেসবুক পেজে লাইভে এসে ক্রন্দররত অবস্থায় নিজের আবেগ-আহাজারির কথা জানিয়ে ভাইরাল হয়েছেন কেউ কেউ। পদবঞ্চিত হওয়ায় নয়নের মতো পদবঞ্চিত অনেকেই এভাবেই আবেগ দিয়ে কথা বলছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। শনিবার কমিটি ঘোষণার পর আবেগ-আপ্লুত কণ্ঠে নয়ন বলেন, ‘আমরা নৈরাশ ছিলাম, এখনো নৈরাশই রইলাম। ৫ আগস্টের পরের লোক আইনা আপনারা কমিটিতে বসাইছেন, আর আমরা এতদিন পর্যন্ত আন্দোলন, সংগ্রাম, হরতাল পালন কইরাও কমিটিতে আসতে পারলাম না।’ একইভাবে ফেসবুকে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি প্রসঙ্গে গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ আকন্দ সাব্বির।

বরিশালে আনন্দ মিছিল : বরিশাল জেলা ও মহানগরের নতুন কমিটির সদস্যরা নগরীতে আনন্দ মিছিল করেছেন। রোববার বিকালে নগরীর সদর রোডে পৃথক পৃথক দুটি মিছিল করেন বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটির সদস্যরা। ২০১৮ সালের পর শনিবার রাতে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। নতুন কমিটির সদস্যরা হলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক এনামুল হাসান তাসনিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তানজিল। সদস্য সচিব করা হয়েছে মো. নাবিব রহমান খান তুষারকে। বরিশাল জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আসিফ আল মামুনকে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত কমিটিতে ববি ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন (নির্বাচিত) ও সাধারণ সম্পাদক শান্ত ইসলাম আরিফ (নির্বাচিত) এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (নির্বাচিত)। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আশিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইত্তেসাফ-আর-রাফিসহ ১২৭ সদস্য রয়েছেন।

মাদারগঞ্জে ছাত্রদল নেতার পদত্যাগ : জামালপুরের মাদারগঞ্জে সাদ বাবু নামে এক ছাত্রদল নেতা ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন। সাদ বাবু জামালপুর জেলার ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। রোববার এক ফেসবুক পোস্টে সাদ বাবু নিজের ক্যারিয়ার গড়ার স্বার্থে রাজনৈতিক কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানান।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি : ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহসভাপতি সোলেমান মুন্সী, সহসভাপতি এমদাদুল হক ধীমান, সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল ও সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকির নাম ঘোষণা করা হয়েছে।

দিনাজপুরে এক গ্রুপের আনন্দ মিছিল, অপর গ্রুপের বিক্ষোভ : দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ছাত্রদলের বিভক্ত দুটি গ্রুপে বিক্ষোভ ও আনন্দ মিছিল হয়েছে। এ নিয়ে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। বিক্ষোভ মিছিলকারীদের দাবি চাঁদাবাজ ও আওয়ামী পরিবারের সদস্যদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে আনন্দ মিছিলকারীদের দাবি প্রকৃত ছাত্র ও নিষ্ঠাবান ছাত্রদের নিয়েই গঠন করা হয়েছে এ কমিটি। রোববার বিকাল ৪টায় দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের একটি গ্রুপ। অপরদিকে নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল করেছে ছাত্রদল। বিকাল ৫টায় দিনাজপুর শহরের জেল রোডে জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যাংকে গ্রাহকের সঞ্চয় মূল্যস্ফীতির পেটে মুনাফা

মূল্যস্ফীতির পেটে মুনাফা

ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’

ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’

সবজির দামে আগুন শিম ২০০ টাকা

সবজির দামে আগুন শিম ২০০ টাকা

রাজশাহীতে বাদীর বাড়িতে ওসিসহ দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা মামলা না তুললে মেরে গুম করে ফেলব

মামলা না তুললে মেরে গুম করে ফেলব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম