রাতের আঁধারে নাশকতার চেষ্টা
খুলনা নগর ভবনে বোমা নাটোরে গুলি
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা হয়েছে। এর মধ্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ ও নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি করেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে পেট্রোলবোমা হামলার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ শহরে দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করে। রোববার রাতে এসব ঘটনা ঘটে। এদিকে ডিসেম্বর ঘিরে পলাতক আসামি এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের প্রস্তুতির অভিযোগে সিলেটের সারদা স্মৃতি হলে তালা ঝুলিয়েছেন জেলা ও মহানগর জাসাস নেতারা। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
খুলনা : কেসিসি নগর ভবনের সামনের সড়ক থেকে রোববার রাত সাড়ে ১২টার দিকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি ছোড়া হয়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে আসা দুই যুবক ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। কিছুক্ষণ পর আগুন নিভে যায়। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, পেট্রোলবোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর বিস্ফোরিত হয়। সিঁড়িতে সামান্য কালচে দাগ পড়েছে। মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নাটোর : নাটোর শহরতলীর দত্তপাড়া এলাকায় রোববার রাত সাড়ে ১০টার দিকে একটি সাদা মাইক্রোবাসে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি করে দুর্বৃত্তরা। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা জানান, মাইক্রোবাসটি বাজারের মধ্যে থেমে কয়েকজনকে নামিয়ে দিয়ে সামনের ব্রিজের দিকে চলে যায়। মাইক্রোবাস থেকে নামা লোকজন একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি করতে করতে ব্রিজের দিকে চলে যায়। তারা মাইক্রোবাসে করে ঢাকার দিকে চলে যায়। এ সময় আনুমানিক ২০-২৫ রাউন্ড গুলি ছোড়া হয়। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, মাইক্রোবাসটি শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : বারবাজার রেলওয়ে স্টেশনে রোববার রাত ৩টার দিকে পেট্রোলবোমা হামলা হয়। একদল দুর্বৃত্ত স্টেশন লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে, যার ফলে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুর : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। একই সঙ্গে সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিসি ক্যামেরা, থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সীমান্তের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া দিনাজপুর জেলার সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে সার্চলাইট, বাড়িয়েছে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার। বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিল্লুর রহমান বলেন, কোনো ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে গ্রেফতার করা হবে।
সিলেট : সিলেটের সারদা স্মৃতি হলে সোমবার দুপুরে তালা ঝুলানো হয়। জাসাস নেতারা গণমাধ্যমকে জানান, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সংগঠনটির দুই নেতা শামসুল আলম সেলিম এবং রজতকান্তি গুপ্ত সংগঠনটিকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনে পরিণত করেছিলেন। দীর্ঘদিন ধরে তারা সারদা হলে জড়ো হয়ে সভা করছেন। হলের চাবি সিসিক প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান হোসেন রায়হান।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের গাবতলী এলাকায় রোববার রাত সোয়া ২টার দিকে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
বিভিন্ন স্থানে গ্রেফতার-আটক ১৫ : সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধিরা জানান, রাজধানীর মিরপুরের রূপনগরে সোমবার মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ক ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক সাবেক সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর তুরাগে কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন। সিলেট নগরীতে রোববার ছাত্রলীগের সাতজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ফরিদপুরের মধুখালীতে থানা ভাঙচুর মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।
