Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

দখল-দূষণে হারাচ্ছে প্রাণবৈচিত্র্য

সংকটে কাপ্তাই হ্রদ

Icon

সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সংকটে কাপ্তাই হ্রদ

রাঙামাটির কাপ্তাই হ্রদের তীর ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। ছবিটি সদর উপজেলার চেঙ্গীমুখ রিজার্ভবাজার এলাকা থেকে তোলা -যুগান্তর

Advertisement

পাহাড়, বন আর নীল জলরাশির অপূর্ব সৌন্দর্যের প্রতীক রাঙামাটির কাপ্তাই হ্রদ। অথচ দখল, দূষণ ও পলি জমে একসময়ের প্রাণবৈচিত্র্যে ভরপুর এই হ্রদ এখন অস্তিত্ব সংকটে। কমছে বড় প্রজাতির মাছ, নষ্ট হচ্ছে প্রজননক্ষেত্র, শুষ্ক মৌসুমে ব্যাহত হচ্ছে নৌচলাচল। হ্রদের পানি দূষিত হচ্ছে গৃহস্থালি বর্জ্য ও নর্দমার পানিতে। এমন পরিস্থিতিতে হ্রদের প্রকৃত সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদারদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট।

সীমানা নির্ধারণে হাইকোর্টের নির্দেশ : চলতি বছরের ১৬ আগস্ট বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চার মাসের মধ্যে কাপ্তাই হ্রদের মূল নকশা অনুযায়ী যৌথ জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রাঙামাটির জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেওয়া হয়। আগামী বছর ৬ জানুয়ারি প্রতিবেদন দাখিল ও পরবর্তী আদেশের দিন ধার্য রয়েছে। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ আসে। এর আগে ২০২২ সালের ১৭ অক্টোবর অবৈধ দখল উচ্ছেদ ও জরিপসংক্রান্ত বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

কমছে বড় প্রজাতির মাছ : কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১৯৫৬ সালে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু হয়। ১৯৬০-৬২ সালের মধ্যে প্রকল্পটি চালু ও সম্পন্ন হলে সৃষ্টি হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ। তবে এ প্রকল্পের কারণে প্রায় ৫৪ হাজার একর কৃষিজমি, বিপুল বনভূমি ও বসতভিটা পানিতে তলিয়ে যায়। বাস্তুচ্যুত হন প্রায় ১৮ হাজার পরিবারের এক লাখ মানুষ।

বর্তমানে হ্রদটির বুক ও তীর দখল করে ভবন, দোকানসহ নানা স্থাপনা গড়ে উঠেছে। পাশাপাশি গৃহস্থালি বর্জ্য ও নর্দমার পানি মিশছে হ্রদে। ২০১৮ সালের একটি গবেষণায়ও দখল ও অবকাঠামো নির্মাণের কারণে মাছের আবাসস্থল এবং জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উঠে আসে।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০১-০২ অর্থবছরে কাপ্তাই হ্রদে দেশীয় বড় কার্পজাতীয় মাছের আহরণ ছিল ৪২২ টন। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২২ টনে। একই সময়ে মোট মাছ উৎপাদন বাড়লেও ছোট মাছের আধিক্য এবং বড় মাছের ঘাটতি দেখা দিয়েছে। প্রজননক্ষেত্রের অবক্ষয়, অতিরিক্ত মাছ আহরণ ও পরিবেশগত চাপকে এ সংকটের কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) রাঙামাটি উপকেন্দ্রের প্রধান ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইশতিয়াক হায়দার বলেন, অতিরিক্ত মাছ আহরণ, পলি জমে প্রজননক্ষেত্র নষ্ট হওয়া, পানিদূষণ এবং সাকার ফিশের মতো আগ্রাসী প্রজাতির বিস্তারের কারণে কার্পজাতীয় মাছ কমে গেছে।

তিনি জানান, হ্রদ সৃষ্টির শুরুতে কার্পজাতীয় মাছের পরিমাণ ছিল ৮১ শতাংশ। বর্তমানে তা কমে মাত্র ৫ শতাংশে নেমেছে। অন্যদিকে চাপিলা ও কাচকির মতো ছোট মাছ হ্রদের ৯০ থেকে ৯৫ শতাংশ দখল করে নিয়েছে। মহাশোল, পিপলা শোল, বাঘাআইড় ও নান্দিনা মাছ ইতোমধ্যে স্থানীয়ভাবে বিলুপ্ত হয়েছে। আরও ১৮টি দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

নাব্য সংকটে বিচ্ছিন্ন ছয় উপজেলা : পলি জমে নাব্য কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে হ্রদে নৌযান চলাচল ব্যাহত হয়। এতে লংগদু, বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি ও নানিয়ারচর উপজেলার সঙ্গে জেলা সদরের নৌ-যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্গম এলাকার মানুষের যাতায়াত, পণ্য পরিবহণ ও জরুরি সেবা গ্রহণও কঠিন হয়ে যায়।

রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম বলেন, প্রতিবছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে হ্রদের পানি শুকাতে শুরু করে। জুন-জুলাইয়ে বৃষ্টি হলে আবার পানি বাড়ে। শুষ্ক মৌসুমে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিক ও পরিবহণ সংকট তৈরি হয়। বিপাকে পড়েন নৌযান শ্রমিকসহ অসংখ্য মানুষ। হ্রদ রক্ষা ও নৌ-যোগাযোগ স্বাভাবিক রাখতে দ্রুত খননের দাবি জানান তিনি।

৬৮৭ কোটি টাকার প্রকল্প : সংশ্লিষ্ট সূত্র জানায়, ছয় দশকের বেশি সময় পলি জমায় হ্রদে নাব্য সংকট তীব্র হয়েছে। বড় ধরনের ক্যাপিটাল ড্রেজিং ব্যয়বহুল হলেও কাপ্তাই হ্রদ খননে ৬৮৭ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে কাচালং, মাইনী, বড়হরিণা, সুবলং, চেঙ্গী ও রাইংক্ষ্যং চ্যানেলের নৌপথ খননের পরিকল্পনা রয়েছে।

রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কান্তি ত্রিপুরা বলেন, হ্রদ খননের দাবি দীর্ঘদিনের। এরই মধ্যে ৬৮৭ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আশা করছি, আগামী অর্থবছর থেকে কাজ শুরু করা যাবে। প্রকল্প বাস্তবায়িত হলে রাঙামাটিবাসী উপকৃত হবেন।

তালিকা হচ্ছে অবৈধ স্থাপনার : রাঙামাটি জেলা প্রশাসন জানিয়েছে, হ্রদের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত কাজ চলছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, মূল নকশার ভিত্তিতে সীমানা নির্ধারণ ও দখলদারদের চিহ্নিত করার কাজ করছে জেলা প্রশাসন ও জরিপ অধিদপ্তর।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা যাবে। কাপ্তাই হ্রদ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এটি রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। হ্রদ এলাকায় থাকা অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হবে।

রাঙামাটির সংসদ-সদস্য দীপেন দেওয়ান বলেন, কাপ্তাই হ্রদ বাংলাদেশের সম্পদ। এখান থেকে উৎপাদিত মাছ স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করছে। হ্রদের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ, দূষণের উৎস বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা, মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং নৌপথের নাব্য ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘গ্রিন এয়ারপোর্টে’ রূপ নিচ্ছে শাহজালাল টার্মিনালের ছাদে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

টার্মিনালের ছাদে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

দখল-দূষণে হারাচ্ছে প্রাণবৈচিত্র্য সংকটে কাপ্তাই হ্রদ

সংকটে কাপ্তাই হ্রদ

রাতের আঁধারে নাশকতার চেষ্টা খুলনা নগর ভবনে বোমা নাটোরে গুলি

খুলনা নগর ভবনে বোমা নাটোরে গুলি

আমলাতান্ত্রিকতায় থমকে শিশু অধিদপ্তর গঠন

আমলাতান্ত্রিকতায় থমকে শিশু অধিদপ্তর গঠন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম