আমলাতান্ত্রিকতায় থমকে শিশু অধিদপ্তর গঠন
|
ফলো করুন |
|
|---|---|
শিশু অধিদপ্তর গঠনে বাংলাদেশ শিশু একাডেমিকে অন্তর্ভুক্ত করা নিয়ে আবারও পুরোনো জটিলতা তৈরি হয়েছে। সম্পূর্ণ নতুন সাংগঠনিক ও জনবল কাঠামো তৈরির নির্দেশ দিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এতে একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের নতুন অধিদপ্তরে স্থায়ীভাবে অন্তর্ভুক্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। মন্ত্রণালয়ের এই নির্দেশনায় ক্ষুব্ধ তারা। তাদের অভিযোগ, প্রশাসনিক জটিলতার অজুহাতে শিশু একাডেমিকে অধিদপ্তরে অন্তর্ভুক্তি না করে পুরোনো পথেই হাঁটছে মন্ত্রণালয়।
অনুসন্ধানে জানা গেছে, গত ১২ নভেম্বর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের শিশু সুরক্ষা শাখা থেকে শিশু একাডেমির মহাপরিচালককে চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, একাডেমির বিদ্যমান সাংগঠনিক ও জনবল কাঠামোর ভিত্তিতে অধিদপ্তরের প্রস্তাব তৈরি করা যাবে না। বরং সম্পূর্ণ নতুন ও স্বতন্ত্র সাংগঠনিক এবং জনবল কাঠামো তৈরি করে প্রস্তাব পাঠাতে হবে।
চিঠিতে বলা হয়, একাডেমির বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নতুন অধিদপ্তরের স্থায়ী জনবল কাঠামোয় স্থানান্তর বা অন্তর্ভুক্ত করা যাবে না। তাদের স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করতে হলে শিশু একাডেমি বিলুপ্ত করতে হবে, যা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
আগেও ভেস্তে যায় উদ্যোগ : বিভিন্ন সময়ে বাংলাদেশ শিশু একাডেমিকেই শিশু অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নিয়েছিল মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। ২০০১ সালের ২৮ জুন শিশু একাডেমিকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে সম্মতি পেয়েছিল মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় বিধিবিধানও তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
এরপর ২০১৭ সালের অক্টোবরে শিশু অধিদপ্তর গঠনের লক্ষ্যে ২০ সদস্যের একটি কোর কমিটি গঠন করা হয়। ওই কমিটি অধিদপ্তরের সাংগঠনিক ও জনবল কাঠামো, বেতন কাঠামো এবং দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়। এছাড়া ২০২৪ সালের মে ও জুনে এ বিষয়ে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অতীতে শিশু অধিদপ্তর গঠন নিয়ে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগের বিষয় তুলে ধরা হয়।
এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় শিশু অধিদপ্তর গঠনের লক্ষ্যে শিশুদের নিয়ে কাজ করেন-এমন ব্যক্তিদের অংশগ্রহণে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত হয়। সর্বশেষ গত ৯ জুলাই মন্ত্রণালয়ের অধীনে শিশু অধিদপ্তর গঠনের বিষয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়।
একীভূতকরণে বাধা কোথায় : পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের চিঠিতে নতুন কাঠামো তৈরির নির্দেশনা আসায় আগের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের দাবি, মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, একাডেমিকে অধিদপ্তরে রূপান্তর করা মন্ত্রণালয়ের শৃঙ্খলাপরিপন্থি। তবে অতীতে বিভিন্ন প্রতিষ্ঠান একীভূত করে নতুন অধিদপ্তর বা কর্তৃপক্ষ গঠনের নজির রয়েছে। তাহলে শিশু একাডেমির ক্ষেত্রে তা সম্ভব হবে না কেন?
এর আগে ১৯৮৩ সালে তিনটি প্রতিষ্ঠান একীভূত করে মহিলাবিষয়ক পরিদপ্তর গঠন এবং পরবর্তী সময়ে সেটিকে অধিদপ্তরে উন্নীত করার কথা উল্লেখ করেন। এছাড়া ২০১৬ সালে বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গঠন করা হয়। ২০২৬ সালে বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠনের উদাহরণও তুলে ধরেন তারা। সর্বশেষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ‘বাংলাদেশ পানি উন্নয়ন অধিদপ্তর’ নামে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে।
একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের আশঙ্কা, তাদের নতুন অধিদপ্তরের স্থায়ী জনবল কাঠামোর বাইরে রাখা হলে চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা, পদোন্নতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা অনিশ্চয়তাতেই থেকে যাবে।
শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মতে, অধিদপ্তর গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রী, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর মধ্যে সমন্বিত অবস্থান থাকা প্রয়োজন। একাধিক কর্মকর্তার ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির বিকাশের পথ প্রশাসনিক জটিলতায় বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।
এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সেলিমা রহমানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, অধিদপ্তর ও একাডেমিকে আলাদা রাখার প্রস্তাব বিষয়ে তিনি অবগত নন বলে জানান। বিষয়টি শুনে তিনি বলেন, ‘এমনটা হওয়া উচিত নয়, আমি খোঁজ নেব।’ শিশু একাডেমির মহাপরিচালক আরজু আরা বেগম জানান, এসব বিষয় এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগমের সঙ্গে একাধিকবার সরাসরি ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

