Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

‘গ্রিন এয়ারপোর্টে’ রূপ নিচ্ছে শাহজালাল

টার্মিনালের ছাদে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

সাইফ আহমাদ

সাইফ আহমাদ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টার্মিনালের ছাদে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

Advertisement

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিনটি টার্মিনালের প্রায় ২ লাখ ১০ হাজার বর্গফুট ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। আর এখান থেকে উৎপাদন হবে ২ হাজার ১০০ কিলোওয়াট-পিক (কেডব্লিউপি) বিদ্যুৎ। সরকারি অর্থ ছাড়াই প্রকল্পটি বাস্তবায়ন হবে। বিনিয়োগ থেকে শুরু করে স্থাপন, পরিচালনা, রক্ষণাবেক্ষণ-সব ব্যয় বহন করবে বেসরকারি প্রতিষ্ঠান। ডেসকোর তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডার অথবা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে ওপেক্স মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। বেবিচকের ৩২১তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবন্দরের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগকে ইতিবাচক হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম যুগান্তরকে বলেন, ‘বিমানবন্দরের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগটি ইতিবাচক। এতে অব্যবহৃত জায়গার কার্যকর ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে। তবে প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল নির্ভর করবে চুক্তির শর্তের ওপর। বিদ্যুতের মূল্য, বিনিয়োগকারীর সঙ্গে বিদ্যুৎ ভাগাভাগি, চুক্তির মেয়াদ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বচ্ছভাবে নির্ধারণ করতে হবে। পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও স্থাপনার ওপর প্যানেলের প্রভাবও যাচাই করা জরুরি।’

সূত্র জানায়, ১০ নভেম্বর বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সভাপতিত্বে ৩২১তম বোর্ড সভায় সংস্থাটির প্রধান প্রকৌশলী প্রকল্পের প্রস্তাব উপস্থাপন করেন। পরে আলোচনার ভিত্তিতে তা বাস্তবায়নে সম্মতি দেওয়া হয়।

যুগান্তরের হাতে আসা বোর্ড সভার কার্যবিবরণী পর্যালোচনা করে দেখা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবন-১ ও ২ এবং ডমেস্টিক টার্মিনাল ভবনের বিভিন্ন অংশের ছাদে সোলার সিস্টেম স্থাপনের উপযোগী জায়গা চিহ্নিত করা হয়েছে। তিন ছাদের মোট ব্যবহারযোগ্য আয়তন প্রায় ২ লাখ ১০ হাজার বর্গফুট। সরকারের প্রণীত রুফটপ সোলার ক্যালকুলেটরের হিসাব অনুযায়ী, এই জায়গায় সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্য সক্ষমতা প্রায় ২১০০ কিলোওয়াট-পিক। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব। তবে এটি সম্ভাব্য উৎপাদন ক্ষমতার হিসাব। প্রকৃত উৎপাদন নির্ভর করবে স্থাপিত প্যানেলের সংখ্যা, প্রযুক্তি, সূর্যালোকের প্রাপ্যতা ও কারিগরি ব্যবস্থাপনার ওপর।

বিনিয়োগ করবে বেসরকারি প্রতিষ্ঠান : প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থায়ন পদ্ধতি। বেবিচক নিজস্ব অর্থায়নে সোলার প্যানেল স্থাপন না করে ওপেক্স মডেল অনুসরণ করতে চায়। এ ব্যবস্থায় নির্বাচিত সার্ভিস প্রোভাইডার নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে। পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে ওই প্রতিষ্ঠান। বেবিচকের বোর্ড সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, উৎপাদিত বিদ্যুতের অংশ বা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী পারস্পরিকভাবে সমন্বয় করা যাবে। ফলে সোলার সিস্টেম স্থাপনে বেবিচকের নিজস্ব অর্থায়নের প্রয়োজন হবে না। তবে প্রকল্পে সরকারের প্রাথমিক বিনিয়োগ না থাকলেও দীর্ঘ মেয়াদে বিদ্যুৎ ব্যবহারের মূল্য বা সমন্বয়ের শর্ত কী হবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। এখনো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম, বিনিয়োগের পরিমাণ, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য কিংবা চুক্তির মেয়াদ বোর্ড সভার আলোচ্য প্রস্তাবে উল্লেখ করা হয়নি।

অধ্যাদেশের আওতায় বাস্তবায়ন : বোর্ড সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, ১৯ অক্টোবর ২০২৬ সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনসংক্রান্ত ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ জারি করেছে। অধ্যাদেশের বিধান অনুযায়ী সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনসহ বিভিন্ন উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে। এ ব্যবস্থায় সর্বোচ্চ ৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যাবে। অগ্রাধিকার দেওয়া হয়েছে ওপেক্স মডেলকে।

অধ্যাদেশের ধারা ৫ অনুযায়ী, ডেসকো কর্তৃক তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে অথবা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের দ্বারা সোলার সিস্টেম স্থাপনের প্রস্তাব বোর্ড সভায় উপস্থাপন করেন বেবিচকের প্রধান প্রকৌশলী। আলোচনা শেষে এ পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়ার বিষয়ে বোর্ড সম্মতি দেয়।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহ : বোর্ড সভায় উত্থাপিত তথ্যে বলা হয়েছে, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী সরকারি, বেসরকারি, আবাসিক ও শিল্প খাতের ভবন ও স্থাপনার উপযোগী ছাদ ব্যবহার করে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি সংস্থাকে নিজস্ব ভবনে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়েছে। বোর্ড সভায় উত্থাপিত তথ্যে আরও বলা হয়, বর্তমানে দেশের মোট উৎপাদিত বিদ্যুতের মাত্র ৫ দশমিক ৬ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে আসছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি বিনিয়োগের পরিবর্তে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে।

কমবে বিদ্যুৎ ব্যয় : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী ও ফ্লাইট পরিচালিত হয়। টার্মিনালের আলো, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ব্যাগেজ হ্যান্ডলিং, নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য পরিচালন কার্যক্রমে সার্বক্ষণিক বিদ্যুতের প্রয়োজন হয়। এ অবস্থায় ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা চালু হলে বিমানবন্দরের প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। পাশাপাশি সরকারি অবকাঠামোয় বেসরকারি বিনিয়োগের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদনের নতুন দৃষ্টান্ত তৈরি হবে। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, তিনটি টার্মিনালের ছাদে প্রাথমিক হিসাবে প্রায় ২ হাজার ১০০ কিলোওয়াট-পিক ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন সম্ভব। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানবন্দরের অবকাঠামো ব্যবহার করেই নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা যাবে। প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত সার্ভিস প্রোভাইডার নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করা হবে। নির্বাচিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ও আর্থিক বিষয়গুলো চূড়ান্ত করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘গ্রিন এয়ারপোর্টে’ রূপ নিচ্ছে শাহজালাল টার্মিনালের ছাদে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

টার্মিনালের ছাদে উৎপাদন হবে সৌরবিদ্যুৎ

দখল-দূষণে হারাচ্ছে প্রাণবৈচিত্র্য সংকটে কাপ্তাই হ্রদ

সংকটে কাপ্তাই হ্রদ

রাতের আঁধারে নাশকতার চেষ্টা খুলনা নগর ভবনে বোমা নাটোরে গুলি

খুলনা নগর ভবনে বোমা নাটোরে গুলি

আমলাতান্ত্রিকতায় থমকে শিশু অধিদপ্তর গঠন

আমলাতান্ত্রিকতায় থমকে শিশু অধিদপ্তর গঠন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম