ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে: প্রেসিডেন্ট ট্রাম্প
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিগগিরই একটি শান্তিচুক্তিতে দ্রুত অগ্রগতি না হলে তেহরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের বিরুদ্ধে আবার কোনো হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি। তিনি বলেছেন, আমেরিকার যে কোনো বোকামির পুনরাবৃত্তির ফল হবে আগের চেয়েও কঠোর। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকির পুনরাবৃত্তি ও অবাস্তব বক্তব্য প্রসঙ্গে তিনি একথা বলেন। খবর পার্স টুডে, এএফপির।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিগগিরই একটি শান্তিচুক্তিতে দ্রুত অগ্রগতি না হলে তেহরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। তিনি বলেন, তেহরানের জন্য এখন সমঝোতায় পৌঁছানোই সবচেয়ে ভালো পথ। একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাদেরও স্বার্থ জড়িত রয়েছে।
এদিকে শেকারচি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভ্রান্ত প্রেসিডেন্টের ইরানবিরোধী হুমকির পুনরাবৃত্তি এবং ভিত্তিহীন বক্তব্যের জবাবে বলতে চাই, যুক্তরাষ্ট্র যদি তাদের অপমান মুছতে আবারও কোনো বোকামি করে, তাহলে তারা আরও কঠোর ও বিধ্বংসী জবাব পাবে।
তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অসহায় প্রেসিডেন্টের জানা উচিত, যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো হুমকি বাস্তবে রূপ নেয় বা আগ্রাসন চালানো হয়, তাহলে সেই দেশের সম্পদ ও দুর্বল হয়ে পড়া সেনাবাহিনী নতুন, আক্রমণাত্মক, আকস্মিক ও ঝটিকা অভিযানের মুখোমুখি হবে। এমনকি তারা নিজেদের তৈরি করা জলাবদ্ধতায় ডুবে যাবে, যা তাদের প্রেসিডেন্টের দুঃসাহসিক নীতিরই ফল।
তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে যাওয়া শান্তি আলোচনা পুনরায় সচল করতে শনিবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে দুপক্ষের আলোচনা যখন প্রায় ভেস্তে যাওয়ার মুখে, ঠিক তখনই মধ্যস্থতাকারী হিসাবে পুনরায় এই তৎপরতা শুরু করেছে পাকিস্তান। তাসনিম নিউজ জানিয়েছে, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং মার্কিন-ইরান শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার অংশ হিসাবে দুই দিনের সফরে শনিবার ইরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
