Logo
Logo
×
   

শেষ পাতা

মনিরামপুরের ১৭ ইউনিয়ন

প্রার্থিতা চান বিএনপির অর্ধশতাধিক নেতা জামায়াতের একক

গ্রামে-গঞ্জে নির্বাচনি হাওয়া

Icon

মোতাহার হোসেন, মনিরামপুর (যশোর)

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রার্থিতা চান বিএনপির অর্ধশতাধিক নেতা জামায়াতের একক

আসন্ন ইউপি নির্বাচন ঘিরে যশোরের মনিরামপুরের ১৭ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি তৎপরতা শুরু হয়েছে। অনেকেই সামাজিক কর্মকাণ্ড ও ইউনিয়নের সার্বিক উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রচারপত্র বিলি করছেন। জামায়াত চারটি ছাড়া বাকিগুলোতে একক প্রার্থীর নাম ঘোষণা করলেও বিএনপির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অর্ধশতাধিক। জাতীয় নাগরিক পার্টির কোনো তৎপরতা চোখে পড়ছে না। এখন পর্যন্ত প্রায় ৬১ জনের নাম শোনা যাচ্ছে। শিগগিরই একক প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে উপজেলা বিএনপি। ইতোমধ্যে উপজেলা ও পৌরসভার শীর্ষ নেতারা ইউনিয়ন পর্যায়ে কর্মিসভা শুরু করেছেন। এসব সভায় দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীকে কাজ করতে শপথ করানো হচ্ছে। তাছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতারা প্রার্থিতা জানান দিচ্ছেন। প্রায় সাড়ে পাঁচ লাখ জনসংখ্যা অধ্যুষিত বিশাল উপজেলা মনিরামপুর। এখানে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে।

প্রার্থী হতে মাঠে-ময়দানে ছুটছেন যারা : রোহিতা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম ও আতিয়ার রহমান। এখানে জামায়াতের ঘোষিত একক প্রার্থী দেলোয়ার হোসেন। কাশিমনগর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী তাজউদ্দীন আহম্মেদ। আর বিএনপির আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলী, ইয়াকুব হোসেন ও কামাল হোসেনের নাম শোনা যাচ্ছে। ভোজগাতি ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী মো. শামীম হোসেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠে আছেন ওলিয়ার রহমান, সাত্তার দফাদার, ফিরোজ আহম্মেদ লাল্টু ও আব্দুল মান্নান। ঢাকুরিয়া ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা হয়নি। বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মিজানুর রহমান, মাস্টার মতিয়ার রহমান ও মফিজুর রহমান। হরিদাসকাটি ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে মাঠে আছেন সিরাজুল ইসলাম, নবীরুজ্জামান আজাদ, হারুন অর রশিদ ও আলমগীর হোসেন। জামায়াতের প্রার্থী ঘোষণা হয়নি। মনিরামপুর সদর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী অধ্যাপক আহসান হাবীব লিটন। এখানে বিএপির একক প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান নিস্তার ফারুক। খেদাপাড়ার ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী গোলাম আজম। বিএনপির সম্ভাব্য প্রার্থী শামসুজ্জামান শান্ত, আজিবর রহমান ও আসাদুজ্জামান আসাদ।

হরিহরনগর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী আব্দুল ফাত্তাহ। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে তৎপরতা চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিশ্বাস, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার ও রবিউল ইসলাম। ঝাঁপা ইউনিয়নে জামায়াতের ঘোষিত একক প্রার্থী হলেন সেলিম রেজা রাজু। এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আলা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, হুমায়ুন কবীর ও আহসান হাবিব রিপন।

মশ্মিমনগর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী সেলিম জাহাঙ্গীর। বিএনপির সম্ভাব্য প্রার্থী আব্দুল খালেক মোড়ল, আসাদুজ্জামান আসাদ ও সেলিম রেজা। চালুয়াহাটি ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা হয়নি। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রয়াত বিএনপি নেতা মো. মুছার ছেলে মইনুল ইসলাম ও বিএনপি নেতা রবিউল ইসলামের নাম শোনা যাচ্ছে।

শ্যামকুড় ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী ডা. মনিরুজ্জামান মনি। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম শোনা যাচ্ছে মোমিন হোসেন, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, বুলবুল হোসেন, হাফিজুর রহমান ও আনিছুর রহমান লিটন। খানপুর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী রবিউল ইসলাম। বিএনপির প্রার্থী হতে চান আইয়ুব হোসেন, মাহবুবুর রহমান, আব্দুস সালাম, বিল্লাল হোসেন, খান শফিয়ার রহমান ও আব্দুল মান্নান মনা।

দূর্বাডাঙ্গা ইউনিয়ন জামায়াতের ঘোষিত একক প্রার্থী হলেন আজিজুর রহমান। বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. আলতাফ হোসেন, নাজমুল হক লিটন, হারুন অর রশীদ ও আব্দুল মান্নান। কুলটিয়া ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী নাজমুল হক লিটন, হামিদুল ইসলাম, আব্দুল মজিদও মিজানুর রহমান মিজান। জামায়াতের প্রার্থী ঘোষণা হয়নি। নেহালপুর ইউনিয়নে জামায়াতের একক প্রার্থী আবু তালহা। বিএনপি থেকে প্রার্থী হতে কাজ করছেন শফিকুল ইসলাম শফি, আফজাল হোসেন ও হরিচাঁদ মল্লিক। মনোহরপুর ইউনিয়নে জামায়াতের ঘোষিত একক প্রার্থী আবু সাইদ শাহীন। বিএনপির সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু ও আসাদুজ্জামান আসাদ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, প্রতি ইউনিয়নে কর্মিসভা করে একক প্রার্থীর পক্ষে কাজ করতে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা হচ্ছে। জামায়াত ইসলামীর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি এইচএম শামীম হোসেন জানান, দলীয় সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম চারটি ছাড়া বাকি ইউনিয়নে একক প্রার্থী ঘোষণা করেছে। এনসিপির জেলা সমন্বয়ক মো. আহাদ হুসাইন জানান, ইউপি নির্বাচনের বিষয়ে দলীয় সিদ্ধান্ত এখনো হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .