মাদকসেবন দেখে ফেলায় শিশুকে বীভৎস নির্যাতন
Advertisement
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোপনে মাদকসেবনের দৃশ্য দেখে ফেলায় চাঁদপুরের ফরিদগঞ্জে ১২ বছরের এক শিশুর ওপর পৈশাচিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। শিশুটিকে তুলে নিয়ে একটি মসজিদের ছাদে আটকে পায়ুপথে প্লাস্টিকের ব্রাশের হাতল ঢুকিয়ে দেওয়া হয়। এতে জ্ঞান হারালে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মঙ্গলবার রাতে মূল অভিযুক্ত আবদুল খালেককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ পাড়াগাব্দেরগাঁওয়ের আবদুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিল শিশুটি। পথে মাদকচক্রের সদস্যরা তাকে জাপটে ধরে টেনেহিঁচড়ে পাশের একটি মসজিদের ছাদে নিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে তার পায়ুপথে ব্রাশের হাতল ঢুকিয়ে নির্যাতন করা হয়।
রক্তক্ষরণ শুরু হলে কান্নাকাটি করতে করতে একপর্যায়ে জ্ঞান হারায় শিশুটি। খবর পেয়ে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগীর বাবা মো. বাবুল মিয়া বলেন, মাদকসেবনের দৃশ্য দেখে ফেলায় তার ছেলেকে এভাবে নির্যাতন করা হয়েছে। তিনি অভিযুক্তদের বিচার দাবি করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, লিখিত অভিযোগ পেয়ে আবদুল খালেককে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিচারে সোপর্দ করা হয়েছে। তদন্তে আর কারও নাম এলে ছাড় দেওয়া হবে না।
