Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

কার্যালয়ে ঢুকে হুমকি টানাহ্যাঁচড়া, পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কার্যালয়ে ঢুকে হুমকি টানাহ্যাঁচড়া, পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য

ছবি: সংগৃহীত

Advertisement

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে তার কার্যালয়ে অবরুদ্ধ করে পদত্যাগে বাধ্য করেছে একদল বিক্ষোভকারী। তারা কক্ষে ঢুকে হুমকি দিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেয়। এ সময় উপাচার্যকে টানাহ্যাঁচড়া ও তার ব্যক্তিগত কর্মকর্তাকে মারধরও করে তারা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল ১৫ থেকে ২০ জনের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা উপাচার্যের দপ্তরে ঢুকে হুমকি ও চাপ সৃষ্টি করে। একপর্যায়ে আগেই প্রস্তুত করা একটি পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। যাওয়ার সময় তারা সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক ও সরঞ্জাম খুলে নিয়ে গেছে।

ঘটনার পর থেকে ভয় ও আতঙ্কে রামেবির অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী দ্রুত দপ্তর ত্যাগ করেন। উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থানকারীদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক রামেবির একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, ‘বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।’ আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা,’ আওয়ামী লীগের ঠিকানা রামেবিতে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দিতে দলটি উপাচার্য কার্যালয়ে ঢুকে পড়ে। এ সময় উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল হোসাইনকে মারধর করে দপ্তর থেকে বের করে দেওয়া হয়। পরে অবরুদ্ধ করা হয় উপাচার্যকে।

কর্মকর্তারা জানান, ডা. জাওয়াদুল হককে অকথ্য ভাষায় গালি দিয়ে জীবনের মায়া থাকলে তাৎক্ষণিক পদত্যাগ করে চলে যাওয়ার জন্য হুমকি দিতে থাকে হামলাকারীরা। কয়েকজন তার চেয়ার ধরে ধাক্কাধাক্কি করে। একপর্যায়ে তৈরি করে নিয়ে যাওয়া একটি পদত্যাগপত্রে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। পরে উপাচার্যকে টেনে দপ্তরের বাইরে আনা হয়। এ সময় এক কর্মকর্তার মোটরসাইকেলের পেছনে উঠে তিনি রামেবি কার্যালয় ত্যাগ করেন। এ সময় তাকে ভীত-সন্ত্রস্ত দেখাচ্ছিল। হামলাকারীরা পরে ভিসির ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল হোসাইনকেও পদত্যাগে বাধ্য করে।

ওই ঘটনার কিছুক্ষণ পরই রামেবি কার্যালয়ের সামনে আসে কয়েকজন পুলিশ। তবে পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। তারা ঘটনার বিষয়ে কাউকে কিছু জিজ্ঞাসাও করেনি।

এদিকে ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ‘ঘটনার পর থেকে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আমাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। সিসিটিভিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নিরাপত্তাসংক্রান্ত তথ্য তাদের হাতে চলে গেছে।’

তিনি জানান, ‘এ ঘটনায় এখনো (রাত সোয়া ৮টার সময়) কোনো মামলা বা আইনগত সহায়তা চাওয়া হয়নি রামেবির পক্ষ থেকে। ঘটনার পর বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। কোনো নির্দেশনা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

কী লেখা ছিল পদত্যাগপত্রে : স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে লেখা পদত্যাগপত্রে অধ্যাপক ডা. জাওয়াদুল হক লেখেন, ‘২০২৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে আমি রামেবির উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে পারিবারিক ও ব্যক্তিগত কারণে আমার পক্ষে দায়িত্ব পালন করা আর সম্ভব হচ্ছে না-বিধায় অদ্য ৬ অক্টোবর ২০২৬ তারিখে আমি পদত্যাগ করলাম। আপনি পদত্যাগপত্রটি গ্রহণ করে বাধিত করিবেন।’

ঘটনার বিষয়ে অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক বলেন, ‘এরা আগেও কয়েকবার তারা আমাকে পদত্যাগ করাতে চেয়েছিল। ওই সময় সেটা করতে পারেনি। এবার নিজেরাই একটা পদত্যাগপত্র তৈরি করে এনেছিল। তাতে কী লেখা ছিল সেটা আমি পড়ার সময় ও সাহস পাইনি। জোর করে স্বাক্ষর নিয়েছে তারা। বিষয়টি আমি তাৎক্ষণিক স্বাস্থ্যমন্ত্রী ও সচিবকে জানিয়েছি।’

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জাওয়াদুল হককে চার বছরের জন্য রামেবির উপাচার্য নিয়োগ করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্নভাবে তাকে পদত্যাগের জন্য চাপ দিয়ে আসছিল সরকার সমর্থক চিকিৎসকদের একাধিক গ্রুপ। দলের নেতাকর্মীরাও বিভিন্ন সময় দপ্তরে গিয়ে পদত্যাগের হুমকি দিচ্ছিল। গত আগস্টে এক দফা উপাচার্যকে অবরুদ্ধ করে পদত্যাগের চেষ্টা করা হলেও তা বিফল হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র দালালচক্রের ফাঁদ বিপদে প্রবাসীরা

দালালচক্রের ফাঁদ বিপদে প্রবাসীরা

লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি যুগান্তরে প্রকাশিত রিপোর্টের প্রশংসা করলেন আইনমন্ত্রী

যুগান্তরে প্রকাশিত রিপোর্টের প্রশংসা করলেন আইনমন্ত্রী

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্যালয়ে ঢুকে হুমকি টানাহ্যাঁচড়া, পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য

কার্যালয়ে ঢুকে হুমকি টানাহ্যাঁচড়া, পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য

‘ভূতুড়ে কণা’ নিউট্রিনো নিয়ে গবেষণায় পদার্থে নোবেল

‘ভূতুড়ে কণা’ নিউট্রিনো নিয়ে গবেষণায় পদার্থে নোবেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম