পাখির কোলাহলে মুখর চলনবিল
অতিথি পাখির মিলনমেলা
Advertisement
সাইফুল ইসলাম, সিংড়া (নাটোর)
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নাটোরের সিংড়ায় চলনবিলে সাদা বক, পানকৌড়ি, শামুকখোলসহ অতিথি পাখির ওড়াউড়ি যেন পরিণত হয়েছে এক প্রাকৃতিক মিলনমেলায়। মঙ্গলবার সকালের ছবি -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শীতের আগমনী বার্তা নিয়ে চলনবিলে আগমন ঘটেছে লাখ লাখ অতিথি পাখির। কাকডাকা ভোর থেকেই তাদের ওড়াউড়ি আর কোলাহলে মুখর থাকছে এই বিল। সাদাবক, গাংচিল, বালিহাঁস, পানকৌড়ি, ডাহুক আর নাম না জানা হাজারো শীতের অতিথি পাখির নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো, ঋষি বকের ধ্যানমগ্ন চিত্র-যে কোনো মানুষের মনে আনন্দ দেয়। বিলের অল্প পানিতে ডুব দিয়ে পুঁটি, পাতাসি, মলা ধরে খাওয়ার দৃশ্যপট যেন এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করছে। এতে পুরো চলনবিল পাখিদের মিলনমেলায় পরিণত হয়েছে।
মৎস্য ও শস্যভান্ডারখ্যাত চলনবিলের বিস্তৃতি নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলাজুড়ে। বর্তমানে নাটোর-বগুড়া মহাসড়কের দুপাশে, সিংড়া-বারুহাস-তাড়াশ সড়কের আশপাশের চলনবিলে সাদাবক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাঁসসহ অসংখ্য অতিথি পাখির ওড়াউড়ি, কোলাহল চোখে পড়ে। এ বিলের হাঁটুপানিতে মাছ শিকারে ঝাঁকে ঝাঁকে পাখি আসে। সারা দিনই অতিথি পাখিদের এমন বিচরণ যে কাউকেই মুগ্ধ করবে।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি ও বিল হালতী ত্রিমোহনী কলেজের সহকারী অধ্যাপক আখতারুজ্জামান জানান, প্রতিবছর এ সময় চলনবিলে আহার জোগাতে বক, বালিহাস, পানকৌড়ি, শামুকখোলসহ নানা প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে। প্রকৃতির মাঝে পাখির বিচরণ ও ডানা মেলে ওড়ে বেড়ানো এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। এরই মাঝে কিছু লোভী শিকারি ফাঁদ পেতে সেই পাখি শিকারও করে থাকেন। এই বিলের পাখি রক্ষায় তারা ২০১২ সাল থেকে বিলের দুর্গম এলাকায় ছুটে যাচ্ছেন। পাখি শিকারের বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করছেন এবং বিলে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
নাটোরের সিংড়ার ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিল জীববৈচিত্র্যে ভরপুর একটি বিল। এ সময়ে বিলে অসংখ্য পাখির আগমন ঘটেছে। বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় কাকডাকা ভোর থেকে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা নিয়োজিত থাকেন। ইতোমধ্যে তাদের সহযোগিতায় কিছু অসাধু পাখি শিকারিকে জেল-জরিমানা করা হয়েছে। ফলে পাখির নিরাপদ আশ্রয় তৈরি হয়েছে। বিল সবুজ প্রকৃতিতে পাখির বিচরণে প্রাণ ফিরে পেয়েছে।
স্থানীয় সংসদ-সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চলনবিলকে একটি পর্যটন শিল্প হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। এই বিলের পাখি ও পরিবেশ রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
