Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

২০ হাজার যাত্রীর ভোগান্তি

ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট স্থগিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট স্থগিত

Advertisement

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বুধবার পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এ রুটে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট পুনরায় চালু এবং সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বুধবারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। এতে বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রীদের ভ্রমণসূচি ব্যাহত হয়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন সৌদি আরবগামী, সেখান থেকে ফেরার অপেক্ষায় থাকা এবং ট্রানজিট যাত্রীরা।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২২টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগোর ২৮টি ফ্লাইট রয়েছে। এছাড়া এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে অনেক যাত্রীকে নতুন সময়সূচির জন্য অপেক্ষা করতে হচ্ছে। পাশাপাশি বিকল্প ফ্লাইট, টিকিট পরিবর্তন এবং আসনপ্রাপ্যতা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু : এদিকে সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি বিবেচনায় ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল ফের শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটেও একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। পাশাপাশি জেদ্দা ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বুধবার থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ।

অন্যদিকে ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদ রুটের পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

রিয়াদগামী যাত্রীদের মধ্যে যাদের টিকিট রয়েছে, তারা চাইলে বিমানের নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগ করে টিকিট পরিবর্তনের মাধ্যমে দাম্মাম হয়ে সৌদি আরব যেতে পারবেন। তবে এ সুবিধা আসনপ্রাপ্যতা ও টিকিট পরিবর্তনের শর্তের ওপর নির্ভর করবে।

২২ অক্টোবর জেদ্দায় বাড়তি ফ্লাইট : জেদ্দা রুটে যাত্রী পরিবহণ বাড়াতে ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। এছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

মদিনা রুটে ফ্লাইট চলাচলও স্বাভাবিক রয়েছে। ১৮ অক্টোবর থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান। বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালিত হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

সৌদি আরবের বিভিন্ন রুটে ফ্লাইট পুনরায় চালু এবং ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ফলে যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। তবে বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।

টিকিট পরিবর্তন, আসনপ্রাপ্যতা ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

যেন হাজারো লাল-বুক টিয়ার বাড়ি

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মৃত্যুর মিছিল এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

এক যুগেও বাস্তবায়ন হয়নি সুপারিশ

পানাম ইনস্টিটিউটের বিশ্লেষণ অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

অর্থনৈতিক জরুরি অবস্থায় বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম