চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের রাউজানে এক প্রবাসীর বাড়িতে হামলার পর লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় গুরুতর আহত হয়েছেন প্রবাসী ইলিয়াস আলী ও তার সঙ্গে থাকা রুহুল আমিন। রোববার রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাদের চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবাসী ইলিয়াস অভিযোগ করেন, তার পরিবারের কাছে দুই মাস আগে থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন সারোয়ার নামে এক যুবদল নেতা। সেই টাকা না দেওয়ায় সারোয়ারের নেতৃত্বে এই হামলা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা বাড়িতে লুটপাট চালিয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে রাউজান থানায় মামলা করা হয়েছে। এতে সারোয়ারসহ ছয়জনের নাম উল্লেখ করে ১৮ জনকে আসামি করা হয়েছে। সারোয়ার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক বলে জানিয়েছেন রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসম্পাদক এন এ বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, রোববার রাত ৯টার দিকে সারোয়ারের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেলে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল উত্তরপাড়ায় প্রবাসী ইলিয়াস আলীর বাড়িতে প্রবেশ করে। সেখানে ইলিয়াস ও রুহুল আমিনের ওপর হামলা চালায় তারা। বিদেশে থাকা এক সন্ত্রাসীকে ভিডিওকলে রেখে এ হামলা চালানো হয়। এ সময় ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাদের জখম করে সন্ত্রাসীরা। তাদের বাঁচাতে এগিয়ে এলে ইলিয়াসের স্ত্রী ও পুত্রবধূসহ পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় তারা। আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে স্বর্ণালংকার ও চারটি মোবাইল ফোনসহ মূল্যমান মালামাল নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ইলিয়াস অভিযোগ করেন-৪৭ বছর প্রবাসে থেকে দেশে আসার পর গত দুই মাস ধরে সারোয়ারের সন্ত্রাসী বাহিনী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলা চালানো হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছেন সারোয়ার। অভিযোগের বিষয়ে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বরিশালে চাঁদাবাজি মামলায় বিএনপির তিন নেতা কারাগারে : বরিশালের বাবুগঞ্জে ঠিকাদারের কাছ থেকে চাঁদা না পেয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বিমানবন্দর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এর আগে ওই দিন ঠিকাদার রুস্তম হাওলাদার থানায় চাঁদাবাজির মামলা করেন। গ্রেফতারকৃতরা হলেন-বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, বিএনপি নেতা সাকিব হাওলাদার ও মুবিন মোল্লা।
মামলা সূত্রে জানা গেছে, বাইপাস-হাদিবাসকাঠী সড়কের দুই হাজার ৬০০ মিটার পিচঢালাইয়ের কাজে সাব-ঠিকাদার হিসাবে দায়িত্ব পালন করছিলেন রুস্তম হাওলাদার। শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠ এলাকায় পৌঁছালে মাহবুব মোল্লাসহ অন্যরা তার পথরোধ করেন। এ সময় তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালাগাল ও হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান অভিযুক্তরা।
তবে গ্রেফতারের আগে মাহবুব দাবি করেন, রুস্তমের কাছে তার টাকা পাওনা রয়েছে। ওই সড়কের নির্মাণকাজেও তিনি অংশীদার। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, তিন লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
