নোবিপ্রবির গবেষকদলের আবিষ্কার
নতুন ব্যাকটেরিয়ায় বিবর্ণ ধান
নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নতুন ব্যাকটেরিয়ায় কালচে হয়ে যাওয়া ধান, যা আবিষ্কার করেছেন গবেষকরা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ধানের ‘গ্রেইন ডিসকালারেশন’ বা দানা বিবর্ণ হওয়ার রোগ সৃষ্টিকারী সম্পূর্ণ নতুন প্রজাতির একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের একদল গবেষক। বাংলাদেশের নামানুসারে ব্যাকটেরিয়াটির নাম দেওয়া হয়েছে Pantoea bangladeshensis sp. nov. NSTU24। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ পোর্টফোলিওর জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ প্রকাশের জন্য গৃহীত হয়েছে। একই জার্নালে ধানের এ রোগের প্রতিকার ও ব্যবস্থাপনা নিয়ে গবেষকদলের আরেকটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে। মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের অধ্যাপক ও গবেষকদলের প্রধান ড. মেহেদী হাসান রুবেল।
গবেষকদের মতে, এই আবিষ্কার দেশের উদ্ভিদ রোগতত্ত্ব ও জিনোম গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পাশাপাশি ধানের রোগ শনাক্তকরণ, ব্যবস্থাপনা ও রোগপ্রতিরোধী জাত উদ্ভাবনে ভবিষ্যৎ গবেষণায় গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখবে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে এ গবেষণা শুরু হয়। সে সময় কৃষি বিভাগের শিক্ষার্থী অর্ণব গোস্বামী সম্মান শেষ বর্ষের থিসিসের বিষয় খুঁজছিলেন। তখন শিক্ষক মেহেদী হাসানের পরামর্শে কালচে হয়ে যাওয়া ধানের শীষ ও দানার নমুনা সংগ্রহ করে গবেষণা শুরু করেন অর্ণব। এতে তার সঙ্গে যুক্ত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ড. পীযূষ কান্তি ঝাঁ।
প্রথমে গবেষকদের ধারণা ছিল Burkholderia গণের কোনো ব্যাকটেরিয়ার কারণে এ রোগ হচ্ছে। নমুনা থেকে ব্যাকটেরিয়া পৃথকীকরণ করে সাতটি সন্দেহভাজন কলোনি শনাক্ত করা হয়। পরে প্যাথোজেনিসিটি পরীক্ষা চালিয়ে দুটি ব্যাকটেরিয়া শনাক্ত করেন গবেষকরা, যেগুলো মাঠের আক্রান্ত ধানের মতো একই ধরনের রোগ সৃষ্টি করতে সক্ষম। তবে আংশিক জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফলে দেখা যায়, ব্যাকটেরিয়াগুলো Burkholderia নয়; বরং Pantoea গণের অন্তর্ভুক্ত। এ পর্যায়ে অর্ণবকে সহযোগিতা করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক অংকন দত্ত।
অনার্স শেষেও গবেষণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন অর্ণব। ড. মেহেদী হাসানের উৎসাহে গবেষণার পরের ধাপ শুরু হয়। এ পর্যায়ে গবেষণায় যুক্ত হন ডিএনএ সলিউশন লিমিটেডের মাকসুদুর রহমান নায়েম ও নোবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের এ বি জেড নাইমুর রহমান। তাদের দিকনির্দেশনায় ব্যাকটেরিয়াটির সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিং (ডব্লিউজিএস) সম্পন্ন করা হয়। বিশ্লেষণে এটি সম্পূর্ণ নতুন প্রজাতি হিসাবে শনাক্ত হয়। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের (আইবিজিই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তোফাজ্জল ইসলামের জিনোমিক দিকনির্দেশনায় গবেষণাটি পূর্ণতা পায়। গবেষণাপত্র তৈরিতে সহযোগিতা করেন নোবিপ্রবির অণুজীববিজ্ঞানের শিক্ষার্থী মাহমুদুল হাসান শান্ত।
নতুন প্রজাতি হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য গবেষকরা শুরুতে কয়েকটি আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। পর্যালোচকদের পরামর্শে আন্তর্জাতিক ব্যাকটেরিওলজিক্যাল নামকরণ বিধিমালা (আইসিএনপি) অনুযায়ী নতুন প্রজাতির ব্যাকটেরিয়াটিকে বিশ্বের অন্তত দুটি স্বনামধন্য কালচার কালেকশন সেন্টারে ‘টাইপ স্ট্রেইন’ হিসাবে সংরক্ষণের উদ্যোগ নেন গবেষকরা।
দীর্ঘ প্রক্রিয়া শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং উপসচিব আমিরুল কায়সারের সহযোগিতায় প্রয়োজনীয় সরকারি অনুমতিপত্র সংগ্রহ করেন গবেষকরা। পরে নিউজিল্যান্ডের আইসিএমপি ও বেলজিয়ামের বিসিসিএম/এলএমজি কালচার কালেকশনে ব্যাকটেরিয়াটিকে টাইপ ট্রেইন হিসাবে সংরক্ষণ করা হয়।
এ বিষয়ে গবেষকদলের প্রধান অধ্যাপক মেহেদী হাসান বলেন, সবচেয়ে বড় প্রাপ্তি-এই গবেষণার মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশ এবং আমাদের বিশ্ববিদ্যালয় পরিচিতি পাচ্ছে। পেপার সাইটেশনের মাধ্যমে যখন গবেষক বা শিক্ষার্থীরা আমাদের কাজ পড়বেন, তখন তারা আমাদের চিনবেন। গবেষণাটির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) দুবার অর্থায়নের প্রস্তাব জমা দিলেও বরাদ্দ পাওয়া যায়নি বলে জানান ড. মেহেদী হাসান। তিনি বলেন, পুরো গবেষণাপত্রটি দাঁড় করাতে ব্যক্তিগতভাবে তিন লাখ টাকার বেশি ব্যয় করতে হয়েছে। জিন সিকোয়েন্সিং ও ডিএইচএল পরিবহণের উচ্চ খরচও নিজেদের অর্থায়নে বহন করতে হয়েছে।
গবেষণায় যুক্ত শিক্ষার্থী অর্ণব বলেন, ‘এই আবিষ্কারটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং একই সঙ্গে একটি বড় বৈজ্ঞানিক মাইলফলক। জিনোমিক অ্যানালাইসিসের মাধ্যমে যখন আমরা নিশ্চিত হই, এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি এবং বৈশ্বিক ডেটাবেজে এর কোনো পূর্ববর্তী রেকর্ড নেই, সেই মুহূর্তটি ছিল অভাবনীয়।’ তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের নামানুসারে Pantoea bangladeshensis প্রজাতিটিকে পরিচয় করিয়ে দিতে পারাটা আমার জন্য অনেক বড় গর্বের।’
গবেষকরা জানান, ল্যাবরেটরিতে গবেষণার সফলতার পর এবার বিষয়টিকে মাঠপর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন ও সরকারি সহযোগিতা। ব্যাকটেরিয়াজনিত এ রোগের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ধানের উৎপাদন ও গুণগত মান রক্ষার পাশাপাশি কৃষকদের আর্থিক ক্ষতি কমানো সম্ভব হবে।
