Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

আবারও উত্তপ্ত আশুলিয়া অর্ধশত কারখানায় ছুটি

শ্রমিকদের সড়ক অবরোধ, সংঘর্ষ, বিক্ষোভ হয়েছে গাজীপুরেও

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবারও উত্তপ্ত আশুলিয়া অর্ধশত কারখানায় ছুটি

ফাইল ছবি

Advertisement

মজুরি বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে শ্রমিক অসন্তোষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় কর্মবিরতি ঘোষণা দিয়ে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ, পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষ। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ৪১ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিন গাজীপুর শিল্পাঞ্চলেও শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভের চেষ্টা করেন। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। বিশৃঙ্খল পরিবেশ এড়াতে সেখানে ১১ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকালে আশুলিয়া ও গাজীপুরের বেশির ভাগ কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। পরে আশুলিয়ার জামগড়া, সরকার মার্কেট, জিরাবো, কাঠগড়া, পুকুরপাড় ও বিশমাইল এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়।

সূত্র জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দিলেও দি-রোজ, এনভয়, স্টারলিং স্টাইল ও নেক্সট কালেকশনসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় ডেকো অ্যাপারেলসসহ বিভিন্ন এলাকার প্রায় ৪১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে নিউএইজ গ্রুপের আশুলিয়ার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে জামগড়ায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত স্টারলিং স্টাইল কারখানার শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগমকে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়।

ওই হাসপাতালে ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় দুই পোশাকশ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ বলেন, মঙ্গলবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকদের বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া যুগান্তরকে বলেন, নিশ্চিন্তপুরে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। একজনের চোখের ওপরে আঘাত লেগেছে।

এদিন গাজীপুরের বেশির ভাগ কারখানায় কর্মীরা কাজে যোগ দিলেও সকাল ১০টার দিকে সদর উপজেলা ও ভোগড়া এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে পরিস্থিতি সামাল দিতে ১১ কারখানায় ছুটি দেওয়া হয়। এরপর শ্রমিকরা বের হয়ে সড়কে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

শিল্প পুলিশ জানায়, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সড়কে শ্রমিকদের অবরোধের কোনো ঘটনা ঘটেনি। সকাল থেকে তারা কাজে যোগ দিয়েছেন। কয়েকটি কারখানার ভেতরে অসন্তোষ দেখা দিলে ছুটি দিয়ে দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হওয়ায় জেলার ১১ কারখানা মঙ্গলবারের জন্য ছুটি দেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ ৯ দাবিতে গত মাসের শেষ দিকে ঢাকার মিরপুর, সাভারের আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। সড়ক অবরোধ, বিক্ষোভ ও সংঘর্ষের মধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করে এবং বেতন বৃদ্ধির কার্যক্রম শুরু করে। এতে কয়েকদিনের অচলাবস্থা স্বাভাবিক হতে শুরু করে। গত রোববার থেকে বেশির ভাগ কারখানায় কাজ শুরু হয়েছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা]

Advertisement

Advertisement

আরও পড়ুন

৪১ হাজার কোটি টাকার কর্মসূচি নতুন কাঠামোয় সাজছে প্রাথমিক শিক্ষাব্যবস্থা

নতুন কাঠামোয় সাজছে প্রাথমিক শিক্ষাব্যবস্থা

নোবিপ্রবির গবেষকদলের আবিষ্কার নতুন ব্যাকটেরিয়ায় বিবর্ণ ধান

নতুন ব্যাকটেরিয়ায় বিবর্ণ ধান

আবারও উত্তপ্ত আশুলিয়া অর্ধশত কারখানায় ছুটি

আবারও উত্তপ্ত আশুলিয়া অর্ধশত কারখানায় ছুটি

পোস্ট-অ্যাপোক্যালিপটিক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ সবচেয়ে বেশি বয়সে বুকার জিতলেন জন হ্যারিসন

সবচেয়ে বেশি বয়সে বুকার জিতলেন জন হ্যারিসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম