Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

পোস্ট-অ্যাপোক্যালিপটিক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’

সবচেয়ে বেশি বয়সে বুকার জিতলেন জন হ্যারিসন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সবচেয়ে বেশি বয়সে বুকার জিতলেন জন হ্যারিসন

Advertisement

নন্দিত ব্রিটিশ ঔপন্যাসিক এম জন হ্যারিসন বুকার পুরস্কার বিজয়ী হয়েছেন। একই সঙ্গে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার জয়ের রেকর্ডও গড়েছেন তিনি। পোস্ট-অ্যাপোক্যালিপটিক (মহাবিপর্যয়-পরবর্তী) উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য তিনি এ মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার অর্জন করেন। সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে ৮১ বছর বয়সি হ্যারিসনকে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের এ পুরস্কার বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়। ৬০ বছরের সাহিত্যজীবনে পাঠকদের একটি বিশেষ অংশের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন।

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসটির পটভূমি এমন একসময়ের, যখন একটি রহস্যময় বিপর্যয়ের ফলে ব্রিটিশ সমাজব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। গ্রন্থটি পাঠকের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে; একজন সমালোচক এটিকে বর্ণনা করেছেন ‘বিষণ্ন অথচ চমৎকার’ এবং ‘স্বপ্নবৎ ও বিভ্রান্তিকর’ হিসাবে।

বুকার পুরস্কারের বিচারক প্যানেলের প্রধান ডেম মেরি বিয়ার্ড বলেন, ‘এটি পড়ার সময় বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়; তবে সেরা কিছু কথাসাহিত্য এমনই চ্যালেঞ্জিং হয়ে থাকে।’ তিনি বলেন, ‘এটি এমন একটি গ্রন্থ, যা আপনার চিন্তাজগৎকে উলটেপালটে দেবে, মুখে এক চিলতে বাঁকা হাসি ফোটাবে এবং বিষয়বস্তুর কথা বিবেচনা করলে-এটি পড়া শেষে মনে এক টুকরো আশাবাদও জেগে ওঠে।’

হ্যারিসন বিংশ শতাব্দীর ষাটের দশকে লেখালেখি শুরু করেন। এ পর্যন্ত তার ১৩টি উপন্যাস, পাঁচটি ছোটগল্প সংকলন এবং একটি ‘অ্যান্টি-মেমোয়র’ (প্রথাগত স্মৃতিকথার বিপরীত ঘরানার রচনা) প্রকাশিত হয়েছে। তিনি এখন মার্গারেট অ্যাটউডকে ছাড়িয়ে বুকার পুরস্কার বিজয়ী বয়োজ্যেষ্ঠ লেখক হিসাবে রেকর্ড গড়েছেন। যদিও তিনি নিজে ‘সায়েন্স ফিকশন’ বা ‘ফ্যান্টাসি’র মতো তকমাগুলো পছন্দ করেন না, তবুও তাকে প্রায়ই ‘সাহিত্যিক সায়েন্স ফিকশনের দিকপাল’ হিসাবে অভিহিত করা হয়।

বুকার পুরস্কারের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, হ্যারিসনই হলেন ‘প্রথম বুকার বিজয়ী, যিনি সরাসরি সায়েন্স ফিকশন বা এসএফ জগৎ থেকে উঠে এসেছেন।’ উড বলেন, ‘তিনি সত্যিই একজন মৌলিক চিন্তাবিদ, এমন একজন লেখক, যিনি প্রথাগত ধারার গণ্ডি মানেন না এবং প্রতিটি ধারণাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।’

‘দ্য এন্ড অব এভরিথিং’ গন্থটি বেশ অস্বস্তিকর মনে হতে পারে। তবে আসলে এটি কোনো অদ্ভুত গ্রন্থ নয়। এটি একটি অদ্ভুত পৃথিবীর বাস্তববাদী চিত্রায়ণ-যেখানে বাস করে দিশেহারা, শিকড়হীন কিছু মানুষ।’ গল্পটি একজন ব্যক্তি ও তার খালাকে নিয়ে, যারা দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের উপকূলে এক অজানা বিপর্যয় এবং রহস্যময় ভিনগ্রহের প্রাণীদের আগমনের পরবর্তী পরিস্থিতিতে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

লেখক জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবেই ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে যতটা সম্ভব কম ব্যাখ্যা দিয়েছেন, যাতে পাঠকও চরিত্রগুলোর মতোই এক ধরনের বিভ্রান্তি ও দিশেহারা বোধ করেন। তিনি বলেন, ‘দ্য এন্ড অব এভরিথিং’ হলো এমনভাবে বেঁচে থাকার চেষ্টা, যেন কিছুই ঘটেনি। এটি এমন এক বিপর্যয়ের গল্প, যেখানে মূল বিপর্যয়টি হলো-পরিস্থিতিটি বুঝে উঠতে না পারার অক্ষমতা। তিনি যোগ করেন, ‘ভিনগ্রহের প্রাণীর উপস্থিতিতে ভবিষ্যতের মুখোমুখি হওয়া চরিত্রগুলোর যে বিভ্রান্তি ও ধাঁধা, তার কিছুটা আমি পাঠকদের মধ্যেও ছড়িয়ে দিতে চেয়েছি।’

এ দৃষ্টিভঙ্গিটি মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। দ্য গার্ডিয়ান গ্রন্থটির প্রশংসা করলেও মন্তব্য করে-‘এটি সবার জন্য নয়।’ অন্যদিকে, দ্য নিউইয়র্ক টাইমস লেখেছে, ‘এই উপন্যাসের বিধ্বস্ত পৃথিবীর পরিস্থিতি সম্পর্কে আমরা যত জানতে পারি, ততই তা বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে।’ দ্য লিটারারি রিভিউ গ্রন্থটিকে বর্ণনা করেছে ‘এক অদ্ভুত সুন্দর সৃষ্টি হিসেবে, যা একই সঙ্গে কোমল ও ভীতিকর।’ আর দ্য টেলিগ্রাফের মতে, ‘গ্রন্থটি পড়ার সময় মনে হবে আপনি পড়ছেন না, বরং স্বপ্ন দেখছেন।’

বুকার পুরস্কার হলো ইংরেজি ভাষায় লেখা এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত সেরা উপন্যাসের জন্য প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। এটি ১৯৬৯ সালে প্রবর্তিত হয়।

এ বছর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া অন্যান্য গ্রন্থগুলো হলো-মারলন জেমসের ‘দ্য ডিসঅ্যাপিয়ারারস’; লুক কেনার্ডের ‘ব্ল্যাক ব্যাগ’; রেবেকা পেরির ‘মে উই ফিড দ্য কিং’; এলিজাবেথ স্ট্রাউটের ‘দ্য থিংস উই নেভার সে’; ডগলাস স্টুয়ার্টের ‘জন অফ জন’।

Advertisement

Advertisement

আরও পড়ুন

৪১ হাজার কোটি টাকার কর্মসূচি নতুন কাঠামোয় সাজছে প্রাথমিক শিক্ষাব্যবস্থা

নতুন কাঠামোয় সাজছে প্রাথমিক শিক্ষাব্যবস্থা

নোবিপ্রবির গবেষকদলের আবিষ্কার নতুন ব্যাকটেরিয়ায় বিবর্ণ ধান

নতুন ব্যাকটেরিয়ায় বিবর্ণ ধান

আবারও উত্তপ্ত আশুলিয়া অর্ধশত কারখানায় ছুটি

আবারও উত্তপ্ত আশুলিয়া অর্ধশত কারখানায় ছুটি

পোস্ট-অ্যাপোক্যালিপটিক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’ সবচেয়ে বেশি বয়সে বুকার জিতলেন জন হ্যারিসন

সবচেয়ে বেশি বয়সে বুকার জিতলেন জন হ্যারিসন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম