৪১ হাজার কোটি টাকার কর্মসূচি
নতুন কাঠামোয় সাজছে প্রাথমিক শিক্ষাব্যবস্থা
|
ফলো করুন |
|
|---|---|
দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকার পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনামূল্যে স্কুলের পোশাক, ব্যাগ, জুতা ও মোজা পাবে। প্রত্যেক শিক্ষককে দেওয়া হবে একটি করে ট্যাব। পাশাপাশি বিদ্যালয়ে বিনামূল্যে তারবিহীন ইন্টারনেট, আধুনিক প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, পুষ্টিকর খাবার সরবরাহ এবং ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১-এর জুন পর্যন্ত কর্মসূচিটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। এতে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি ২৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা সাত হাজার ৮৮৭ কোটি ২৫ লাখ টাকা। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) উন্নয়ন সহযোগীরা অর্থায়ন ও কারিগরি সহায়তা দেবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তৈরি কর্মসূচির সারসংক্ষেপে এসব তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, আগের চারটি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অভিজ্ঞতার ভিত্তিতে পঞ্চম কর্মসূচি সাজানো হয়েছে। তবে এবার অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষার্থীদের শিখনফল, শিক্ষকদের দক্ষতা, প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে কর্মসূচির অন্যতম আকর্ষণ শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ সরবরাহ। পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক শিক্ষার্থী বছরে এক সেট স্কুলের পোশাক, একটি ব্যাগ, এক জোড়া জুতা ও মোজা পাবে। এ জন্য শিক্ষার্থীপ্রতি সর্বোচ্চ এক হাজার ৯৫০ টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে পোশাকের জন্য ৬০০, ব্যাগে ৬০০, জুতায় ৭০০ এবং মোজায় ৫০ টাকা। তবে দরপত্রের মাধ্যমে প্রকৃত ব্যয় আরও কমানোর চেষ্টা করবে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগান্তরকে বলেন, নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের পোশাক, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এক কোটির বেশি শিক্ষার্থীর জন্য মাপ, মান ও সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে সময় প্রয়োজন। তিনি বলেন, পোশাকের মান, রং, কাপড় এবং বয়স ও শ্রেণি অনুযায়ী মাপ নির্ধারণে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএসহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি করা হয়েছে। পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় দুই লাখ ইউনিফর্ম দিয়েছে। বাটা ও অ্যাপেক্সসহ বড় জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান দিয়েছে প্রায় ৫০ হাজার জুতা। এসব উপকরণের মান ও উৎপাদন ব্যয় বিবেচনায় বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকার বড় বিনিয়োগ করছে।
৬৫ হাজার বিদ্যালয়ে দেওয়া হবে পরিচ্ছন্নতাকর্মী : দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী রাখার পরিকল্পনা রয়েছে। একজন কর্মীর মাসিক সর্বোচ্চ বেতন ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। পাঁচ বছরে এ খাতে ব্যয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়ের শৌচাগার ও পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে পরিচ্ছন্নতাকর্মী প্রয়োজন।
১৫ হাজার শ্রেণিকক্ষ ও ১০ হাজার সীমানাপ্রাচীর : বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে। এর আওতায় ১৫ হাজার ৬৪১টি নতুন শ্রেণিকক্ষ, এক হাজার ৫০০টি শৌচাগার ব্লক, ১০ হাজার সীমানাপ্রাচীর এবং চার হাজার খেলার মাঠ উন্নয়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষা অফিস ও প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ, বিদ্যমান অবকাঠামোর সংস্কার এবং নিরাপদ পানি ও কিশোরীবান্ধব শৌচাগার নিশ্চিত করা হবে।
প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে বিদ্যালয়, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ও শিক্ষা অফিসে বিনামূল্যে তারবিহীন ইন্টারনেট চালুর উদ্যোগ রয়েছে। ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল স্থাপনের মাধ্যমে শ্রেণিকক্ষকে আধুনিক ও মাল্টিমিডিয়াভিত্তিক করা হবে। ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে এ কার্যক্রমে বড় অগ্রগতির লক্ষ্য থাকলেও পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।
শিখন ঘাটতি দূর করতে বিশেষ উদ্যোগ : পিইডিপি-৫-এর অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের মৌলিক পঠন, লিখন ও গণিতের দক্ষতা নিশ্চিত করা। শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ, উপদলীয় প্রশিক্ষণ এবং ধারাবাহিক পেশাগত উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও জীবনদক্ষতা বিকাশে বিতর্ক, অলিম্পিয়াড, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষামেলার আয়োজন করা হবে। ঝরে পড়া এবং বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে ‘আবার বিদ্যালয়ে’ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। পরিবেশ সংরক্ষণে ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে।
মিড-ডে মিল সম্প্রসারণ : শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলছে। দেশব্যাপী চালুর আগে রান্না করা খাবার এবং কুপনের মাধ্যমে খাবার সরবরাহ-দুটি পদ্ধতি পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে।
পিইডিপি-৫ কর্মসূচি বাস্তবায়নে বিশ্বব্যাংক ৩০০ মিলিয়ন এবং এশীয় উন্নয়ন ব্যাংক ৩২০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রস্তাব করেছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ইউনিসেফ, ইউনেস্কো ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউপিটিআইওএম অনুদান ও কারিগরি সহায়তা দেবে।

