Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

চাটমোহরে কৃত্রিম সংকট

গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার নিল কৃষক

মিরসরাইয়ে আটক তিন, ডামুড্যায় ১৫ বস্তা জব্দ * গোদাগাড়ীতে অবরোধ, চকরিয়ায় নিয়োগে স্থগিতাদেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার নিল কৃষক

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে সোমবার ডিলার প্রদীপ কুমারের গুদাম ভেঙে সার নিয়ে গেছেন কৃষকরা -যুগান্তর

Advertisement

ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করায় পাবনার চাটমোহরে গোডাউন ভেঙে ৬০০ বস্তা সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকরা। চট্টগ্রামের মিরসরাইয়ে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের ৩ নেতা আটক হয়েছেন। শরীয়তপুরের ডামুড্যায় পাচারের অভিযোগে ১৫ বস্তা সরকারি সার জব্দ হয়েছে। কক্সবাজারের চকরিয়ায় অনিয়ম হওয়ায় ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্থাগিতাদেশ দিয়েছেন আদালত। রাজশাহীর গোদাগাড়ীতে সার না পেয়ে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। প্রতিনিধিদের পাঠানো খবর-

চাটমোহর (পাবনা) : চাটমোহরে সার বিতরণের সময় ডিলার পয়েন্ট থেকে ৬০০ বস্তা সার নিয়ে গেছেন কৃষকরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ছাইকোলা বাজারে ডিলার প্রদীপ কুমারের গোডাউনে এ ঘটনা ঘটে। এর আগে কৃষকরা সারের জন্য ভোর থেকে লাইন ধরেন। ইউরিয়া, এমওপি ও ডিএপিসহ ১ হাজার ১৮১ বস্তা সার ছিল পয়েন্টে। বিতরণের লক্ষ্যে এরই মধ্যে ১৭১টি মেমো কাটা হয়। অন্যদিকে একই এলাকায় বিএডিসি ডিলার হবিবুর রহমান ও রহমত আলী নামের অপর দুই ডিলারের পয়েন্টে সার শেষ হয়ে গেলে হাজারো কৃষক প্রদীপ কুমারের ডিলার পয়েন্টে চলে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে কৃষকরা বিক্ষুব্ধ হয়ে উঠলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ওই ডিলার পয়েন্টে থাকা প্রায় ৬০০ বস্তা সার যে যার মতো নিয়ে যান। এ সময় পুলিশ ও ডিলারের লোকজন বাধা দিতে গেলে বিক্ষুব্ধরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে অনেক বস্তা সার রক্ষা পায়। উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ যুগান্তরকে জানান, ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে আনুমানিক ৬০০ বস্তা সার নিয়ে গেছেন বিক্ষুব্ধরা। সারের কোনো সংকট নেই। চাটমোহর থানার ওসি ওলিউর রহমান যুগান্তরকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান বলেন, কোথাও কোনো সার সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলার উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারে জড়িত থাকার অভিযোগে ৩ বিএনপি ও ছাত্রদল নেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদের ধরা হয়। আটককৃতরা হলেন-ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট, তার ছেলে আজাহার উদ্দিন মাহিন ও একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন। সম্প্রতি মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছে একটি অসাধু চক্র। ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের অপেক্ষায় থাকা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ।

ডামুড্যা (শরীয়তপুর) : শরীয়তপুরের ডামুড্যায় পাচারকালে সরকারি ১৫ বস্তা ডিএপি সারসহ একটি অটোভ্যান আটক করেছেন স্থানীয় বিক্ষুব্ধ কৃষকরা। গতকাল উপজেলার ধানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সুতলকাঠি এলাকার ব্যবসায়ী ইসমাইল মাদবর গোপনে অটোভ্যানে করে সরকারি সার পাশের জেলা মাদারীপুরের সূর্যমণি এলাকায় পাঠাচ্ছিলেন। এ সময় ধানকাঠি এলাকার কৃষকদের সন্দেহ হলে তারা অটোভ্যানটি আটকে দেন। পরে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে জানানো হলে তারা ১৫ বস্তা সার জব্দ করে। এ সময় ব্যবসায়ী ইসমাইল মাদবরকে আটক করা হয়।

চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। একই পরিবারের দুই ভাইয়ের সার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন বঞ্চিত আবেদনকারীরা। তাদের অভিযোগ, ২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ না করেই মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনায় করা রিটের পরিপ্রেক্ষিতে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ৩ নভেম্বর হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। হাইকোর্টে রিট করেন উত্তর হারবাং ইউনিয়নের করমমুহুরী পাড়ার বাসিন্দা সাজ্জাদ হোসেন। তিনি মেসার্স কাসেম পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। তার অভিযোগ, ২০২৬ সালের সমন্বিত সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ করে আবেদন করলেও তাকে নিয়োগ দেওয়া হয়নি। অথচ মেসার্স নজির আহমদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নেজাম উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

রাজশাহী : গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন চার শতাধিক কৃষক। গতকাল বিকালে উপজেলার হাতনাবাদ এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেন কৃষকরা। ইউএনও ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ ও গোদাগাড়ী থানার ওসি সুজন মিঞা কৃষকদের সঙ্গে কথা বলেন। চাহিদা অনুযায়ী সার সরবরাহের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্র্যাডিশনাল-আধুনিক চিকিৎসার সমন্বয় আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

আকৃষ্ট করছে চীনের হাসপাতাল

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

রমনা ট্রেন যেন শিশুদের কাছে চলন্ত খেলনা

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে থাকবে বিমান জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

জাপানি শর্তের সিদ্ধান্ত আজ

কপ-৩১ সম্মেলন তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম